এইচএসসি ও সমমানে পাসের হার ৭৮ দশমিক ৩৩
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৩৩। এই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন শিক্ষার্থী।
আজ বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।
তবে আনুষ্ঠানিকভাবে বেলা একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল পাওয়া যাবে বেলা দেড়টায়। একই সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও নির্ধারিত পদ্ধতিতে এসএমএস করে মোবাইলে ফল জানা যাবে।
গত ৩ এপ্রিল এ পরীক্ষা শুরু হয়। মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। মোট দুই হাজার ৩৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের লিখিত পরীক্ষা শেষ হয় ৮ জুন।
এবারের এ পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিতের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পায় এ ব্যাপারে গঠিত সরকারের তদন্ত কমিটি।
প্রশ্নপত্র ফাঁসের কারণে ঢাকা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করে নতুন করে নেওয়া হয়েছিল। এই প্রশ্নপত্র ফাঁসের কারণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং শিক্ষাবিদ, শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা আন্দোলন করেন।
এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী নয় লাখ ২৪ হাজার ১৭১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে এক লাখ সাত হাজার ৫৫৭ জন, কারিগরি বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম) এক লাখ চার হাজার ৬৬৯ জন এবং ঢাকা বোর্ডের অধীন ডিআইবিএসে পরীক্ষার্থী চার হাজার ৯৭৭ জন।
বিদেশের পাঁচটি কেন্দ্রে ২০২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।