অধ্যক্ষ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী২০১০ সালের সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি রইল দোয়া ও শুভেচ্ছা। তোমাদের পরীক্ষা শুরু হবে ১ এপ্রিল থেকে। পরীক্ষার সময়সূচি নিশ্চয় পেয়েছ। এবারের সময়সূচি ভালো হয়েছে। তোমাদের জন্য আমার পক্ষ থেকে রইল কিছু পরামর্শ—১। পরীক্ষার জন্য যা প্রস্তুতি নিয়েছ, শুধু সেগুলো পরীক্ষার আগে রিভিশন দেবে। নতুন করে কোনো প্রশ্ন মুখস্থ করবে না। সব বিষয়কে সমান গুরুত্ব দেবে।২। পরীক্ষার আগের দিন অধিক রাত জাগবে না। বিছানায় গিয়ে চোখ বন্ধ করে কী কী পড়েছ, তা মনে করার চেষ্টা করবে। যেগুলোর উত্তর সঠিকভাবে মনে করতে পারছ না, সেগুলো সকালে উঠে একটু দেখে নেবে।৩। পরীক্ষার হলে যা যা নিতে হবে (যেমন—প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেনসিল, জ্যামিতি বক্স ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র) সেগুলো আগের দিন রাতেই গুছিয়ে একত্রে করে রাখবে। অপ্রয়োজনীয় কোনো কাগজপত্র সঙ্গে আনবে না। ৪। পরীক্ষার হলে প্রবেশের আগে অন্য বন্ধু এই প্রশ্ন পড়েছে কিন্তু আমি পড়িনি এই মর্মে হতাশ হওয়া চলবে না। ৫। প্রতিটি পরীক্ষায় কতটি প্রশ্নের উত্তর দিতে হবে, তা ঠিক করে প্রতিটি প্রশ্নের জন্য সময় নির্ধারণ করে নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর করার জন্য টেকনিক্যাল প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে। ৬। পরীক্ষার হলে প্রবেশ করার পর নির্ধারিত আসনে অপেক্ষা করবে। খাতা পাওয়ার পর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করবে। প্রশ্ন পাওয়ার আগে খাতায় মার্জিন দেবে। রেজিস্ট্রেশন নম্বরের ঘরে অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বরের ঘরে অবশ্যই রোল নম্বর লিখতে হবে।৭। প্রশ্ন হাতে পাওয়ার পর তা মনোযোগসহকারে পড়বে এবং যে প্রশ্নটি বেশি ভালোভাবে লিখতে পারবে, ওই প্রশ্নের নম্বর দিয়ে তা লিখবে। একটি প্রশ্ন লেখা শেষ হলে এক বা দুই ইঞ্চি জায়গা ফাঁকা রেখে পরবর্তী প্রশ্ন লেখা শুরু করবে। ৮। অযথা খাতায় কাটাকাটি করবে না। অতিরিক্ত প্রশ্ন লিখে ফেললে ক্রসচিহ্ন দ্বারা কেটে দেবে। কোনো রকম ঘষামাজা করবে না। ৯। সব প্রশ্নের উত্তর লেখা শেষ হলে রিভিশন দেবে। অতিরিক্ত খাতার ক্রমিক নম্বর আগে লিখে রাখবে এবং ক্রমিক নম্বর অনুযায়ী মূল খাতার সঙ্গে সংযুক্ত করবে। অতিরিক্ত খাতার ঘরে বৃত্ত পূরণ অবশ্যই করবে।১০। কোনো কিছু সন্দেহ হলে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে পরিদর্শককে জিজ্ঞাসা করবে। খুব বেশি প্রয়োজনীয় না হলে পরীক্ষার হল থেকে বের হবে না। এতে অযথা সময় নষ্ট হয়।