এইচএসসি পরীক্ষা-২০১০: দরকারি প্রস্তুতি-৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ এপ্রিল শুরু হতে যাচ্ছে ২০১০ সালের এইচএসসি পরীক্ষা। পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম# আর কয়েক দিন পর শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এ মুহূর্তে শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন হওয়া দরকার? শাহান আরা বেগম: পরীক্ষার আগের কয়েক দিনের প্রস্তুতি দিয়ে যদিও পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যায় না, তবুও পরীক্ষার আগের সময়টুকুর সদ্ব্যবহার নিশ্চিত করতে পারলে ফলাফলে অনেক পরিবর্তন আনা যায়। প্রস্তুতির এই মুহূর্তে নতুন কিছু পড়ার বা শেখার সময় নেই। এখন শুধু প্রয়োজন রিভিশন। নিয়মিত পড়াশোনা করে পরীক্ষার্থীরা যা শিখেছে, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ্য বিষয়ের ওপর যা কিছু আয়ত্ত করেছে, আত্মবিশ্বাসের সঙ্গে সেসব পুনরালোচনা করবে। যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয়, অধ্যায় বা অংশবিশেষ এখনো কারও কাছে জটিল কিংবা অস্পষ্ট মনে হয়ে থাকে, তবে সেগুলো বারবার পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রয়োজনে বিষয়-শিক্ষক বা সহপাঠীদের সাহায্য নিয়ে বিষয়গুলো স্পষ্ট করে নিতে হবে।# কীভাবে একজন পরীক্ষার্থী ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে?শাহান আরা বেগম: ভালো ফলাফল করার পূর্ব শর্ত হলো আত্মবিশ্বাস। নিজের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও বুদ্ধিমত্তার ওপর যার যত বেশি আস্থা আছে, সে তত বেশি সাফল্য প্রত্যাশা করতে পারে। # জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে কী রকম সতর্কতা প্রয়োজন? শাহান আরা বেগম: জিপিএ-৫ মানে সব বিষয়ে ৮০% নম্বর পাওয়া। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে দুটি পত্র থাকে। এই দুটি পত্র মিলে ১৬০ নম্বর পেলেই একজন পরীক্ষার্থী এ+ পেতে পারে। আলাদা করে প্রতি পত্রে ৮০% নম্বর পাওয়ার দরকার পড়ে না। একটি কিংবা দুটি বিষয়ে এ+ না পেয়ে যদি কেউ এ পায়, তবে চতুর্থ বিষয়ের জিপিএ পয়েন্ট যদি এ কিংবা এ+ পেয়ে তার গড় ফলাফল এ+ চলে আসে, তবে চতুর্থ বিষয় ছাড়া যেসব পরীক্ষার্থী ৮০% নম্বর পাবে, তাদের ফলাফলের গুরুত্ব স্বাভাবিকভাবেই বেশি থাকবে। কাজেই সব বিষয়ে ভালো করার মধ্যেই রয়েছে জিপিএ-৫। আর সব বিষয় ভালো করতে হলে প্রতিটি বিষয়ের প্রতি সমান গুরুত্ব দিতে হবে। এ কথাও মনে রাখতে হবে, কেবল ৮০% নম্বরের প্রস্তুতি নিয়ে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, তবে তার পক্ষে জিপিএ-৫ পাওয়া কঠিন ব্যাপারই হবে। লক্ষ অবশ্যই ৯০%-এর ওপর থাকতে হবে। # বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের প্রস্তুতি কেমন হওয়া দরকার?শাহান আরা বেগম: বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের তো বিজ্ঞানের বিষয়গুলোতে অবশ্যই ভালো করতে হবে। তবে বিজ্ঞানের বিষয়গুলোতে ভালো করার চেষ্টার সঙ্গে সঙ্গে বাংলা আর ইংরেজি প্রভৃতি বিষয় যেন অবহেলিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ গ্রেডিং পদ্ধতিতে কোনো একটি বিষয় খারাপ হলে পুরো ফলাফলের ওপর এর প্রভাব পড়বে। # বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের বিজ্ঞানের বিষয়গুলোর অনুশীলন কেমন হওয়া দরকার? শাহান আরা বেগম: বিজ্ঞানের বিষয়গুলোতে এ+ পেতে হলে অবশ্যই নিয়মিত অনুশীলন প্রয়োজন। অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখলে গণিত বিষয়ে এ+ পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। তবে ‘আমি সব পারি’ এই মানসিকতা পরিহার করতে হবে। কারণ যথার্থ অনুশীলন না হলে পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। পরীক্ষার আগে যতটা সম্ভব প্রতিটি পদ্ধতির অন্তত একটি করে অনুশীলন করা দরকার। কারণ গণিত বিষয়ে অনেক পদ্ধতির অঙ্ক করতে হয়। পদার্থবিজ্ঞানের অঙ্ক ও গাণিতিক ব্যাখ্যায় পূর্ণ নম্বর অর্জন করা খুবই সহজ। তবে এগুলো সঠিকভাবে চর্চার মাধ্যমে আয়ত্তে রাখতে হবে। চিত্র সম্পর্কে সচেতন হতে হবে। উত্তর-সংশ্লিষ্ট চিত্র যেন যথার্থ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।# রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের প্রস্তুতি অনুশীলন কীভাবে ভালো করা যায়? শাহান আরা বেগম: রসায়ন বিষয়ে এ+ পেতে হলে পরীক্ষার্থীকে একটু বেশিই খাটতে হবে। সতর্কতার সঙ্গে আত্মস্থ করতে হবে সমীকরণগুলো। বারবার লিখে সমীকরণের যথার্থতা নিশ্চিত করতে হবে। পাঠ্যসূচি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আর জীববিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তর যথার্থ উপস্থাপনের পাশাপাশি চিত্র আঁকতে হবে নির্ভুল। আর সজাগ থাকতে হবে, বৈজ্ঞানিক নামগুলোর বানানের ব্যাপারে। # পরীক্ষার আগের রাতে কতটা সময় পর্যন্ত জেগে থাকা দরকার? শাহান আরা বেগম: পরীক্ষার আগের রাত খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে বেশিক্ষণ জেগে থাকা ঠিক হবে না। টেনশনমুক্ত থেকে এই রাতে প্রত্যেক পরীক্ষার্থীর কমপক্ষে ছয় ঘণ্টা ঘুম নিশ্চিত করা দরকার। মনে রাখতে হবে, যথার্থ ঘুম স্মৃতিশক্তি সতেজ করে মনে প্রশান্তি এনে দেয়। একটা কথা, পরীক্ষার প্রস্তুতিপর্বে নিয়মিত খাওয়া-দাওয়া, হালকা বিনোদন ও বিশ্রাম নেওয়াও প্রয়োজন। # পরীক্ষার হলে কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? শাহান আরা বেগম: একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষার হলের পুরো সময়টাই গুরুত্বপূর্ণ। তবে প্রথম গুরুত্বপূর্ণ কাজটি হলো, উত্তরপত্রের কভার পৃষ্ঠায় সঠিক তথ্য লেখা। নির্দেশিত সব তথ্য অবশ্যই পূরণ করতে হবে, একটি তথ্যও যদি ভুল করে বাদ পড়ে যায়, তবে পুরো উত্তরপত্রটিই বাতিল হয়ে যাবে। পরবর্তী কাজ হলো, খাতায় বা উত্তরপত্রে মার্জিন দেওয়া। প্রশ্নপত্র হাতে আসার আগেই উত্তরপত্রে যথার্থ মার্জিন নিশ্চিত করে নিতে হবে। # ভালো ফলাফলের ক্ষেত্রে হাতের লেখার গুরুত্ব কতটুকু? শাহান আরা বেগম: ভালো ফলাফলের ক্ষেত্রে ও ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে হাতের লেখার যথেষ্ট প্রভাব রয়েছে। যে পরীক্ষার্থীর হাতের লেখা স্পষ্ট, নির্ভুল তার খাতা স্বাভাবিকভাবেই পরীক্ষকের মনকে প্রভাবিত করবে। কাজেই হাতের লেখা যেন স্পষ্ট হয়, বানান যেন নির্ভুল হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। # খাতার পাতায় ভিন্ন কালির কলম ব্যবহার কতটা ঠিক? শাহান আরা বেগম: পরীক্ষার সময় উত্তরপত্রে লেখার কলমের কালি কালো অথবা নীল হওয়াই ভালো। যদি কারও কালো কালিতে লিখে অভ্যাস হয়ে থাকে তবে নীল কালি দিয়ে প্রশ্নের নম্বর আন্ডার লাইন করা ভালো। সাইন পেন কিংবা অন্য কোনো কালির কলম ব্যবহার না করাই ভালো। কারণ অনেক সময় মোটা কালির দাগ অপর পৃষ্ঠায় ছাপ ফেলতে পারে। এতে লেখার অসুবিধা হতে পারে।# এই মুহূর্তে পরীক্ষার্থীদের জন্য আপনার সর্বশেষ পরামর্শ কী? শাহান আরা বেগম: সবার আগে সুস্থতা। কাজেই পরীক্ষার্থীদের জন্য আমার শেষ পরামর্শ হলো—শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা। এই মুহূর্তে কোনোভাবেই অসুস্থতাকে কাছে আসার সুযোগ দেওয়া যাবে না। প্রচণ্ড গরমের এই সময় চারদিকে ডায়রিয়া, হাম, চিকেন পক্স ইত্যাদি রোগ থেকে সতর্ক থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, ফুটানো বিশুদ্ধ পানি পান করবে। টাটকা খাবার খাবে। কোনো বাসি বা খোলা খাবার খাবে না। সুস্থ দেহ আর সুস্থ মন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আশা করি এতে আশানুরূপ সাফল্য আসবে। # সাক্ষাত্কার নিয়েছেন দীদার চৌধুরী