এইচএসসি পরীক্ষা-২০১০: দরকারি প্রস্তুতি-৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিএ-৫, এইচএসসি পরীক্ষা-২০০৯ প্রথম বর্ষ, কেমিকৌশল বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকাএইচএসসি পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নাও। তোমাদের পরীক্ষা শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। শেষ মুহূর্তে তোমাদের জন্য প্রতিটি বিষয়েই কিছু পরামর্শ দেবো। আশা করছি, এ পরামর্শগুলো তোমাদের প্রস্তুতিকে আরও ভালো করে তুলবে। ইংরেজি: ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় কমপ্রিহেনশন দুটি অন্তত দুবার পড়ে নেওয়া উচিত। কমপ্রিহেনশন ভালোভাবে পড়লে ৪০ নম্বরের মধ্যে ৩৬-৩৭ অনায়াসেই পাওয়া যাবে। তবে উত্তর লেখার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন, ৪ নম্বর প্রশ্নটি বুঝে উত্তর করতে হবে। যদি প্রশ্নে ৫টি পয়েন্ট চাওয়া হয়, তাহলে খাতায় পাঁচটি পয়েন্ট লিখতে হবে এবং এ ক্ষেত্রে কোনো পূর্ণ বাক্য গ্রহণযোগ্য হবে না। এখানে যতটা সংক্ষিপ্ত কিন্তু যথার্থ আকারে লিখবে, নম্বর ততটাই বেড়ে যাবে। তবে প্রশ্নে যদি পাঁচটি বাক্য লিখতে বলা হয় (যেমনটা এসেছে কুমিল্লা বোর্ড-২০০৯-এর প্রশ্নে) তাহলে খাতায় পাঁচটি বাক্য লিখবে। অনেক শিক্ষার্থী সামারি এক-দেড় পৃষ্ঠা লিখে থাকে, এটা করা যাবে না। মূল কমপ্রিহেনশনের এক-তৃতীয়াংশের মধ্যে সামারি লিখতে হবে। ফ্লো চার্টে সংক্ষিপ্ত ও ধারাবাহিক পয়েন্ট লিখতে হবে, এখানে কোনো পূর্ণ বাক্য লিখবে না। ৯ ও ১০ নম্বর প্রশ্নের শূন্যস্থান সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। কাঙ্ক্ষিত নম্বর অর্জনে এ দুটি প্রশ্নের ২০টি নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেবিল থেকে বাক্য তৈরির সময় বাক্যের প্রতি গুরুত্ব দিতে হবে। স্ট্রাকচার ভুল হলে কোনো নম্বর পাওয়া যাবে না। রি-অ্যারেঞ্জের উত্তর অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, তবে তার ওপর একটি বক্স করে সঠিক উত্তরের ক্রমটি লিখে দেওয়া উচিত। কারণ, এতে পরীক্ষক সহজেই বুঝতে পারবেন রি-অ্যারেঞ্জটি ঠিক হয়েছে কি না। ১৩ নম্বর প্রশ্নের উত্তরে অবশ্যই প্যারাগ্রাফের একটি যথাযথ শিরোনাম দিতে হবে। আর প্যারাগ্রাফে যেন সব প্রশ্নের উত্তর থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের যথাযথ প্রস্তুতি নিলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। ব্যাকরণ অংশের ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তরে অবশ্যই পূর্ণ বাক্য লিখে (অর্থা প্রশ্নটিও লিখতে হবে) উত্তর করতে হবে। কম্পোজিশন অংশে বানানের প্রতি সতর্ক হতে হবে। স্টোরিতে একটি সংক্ষিপ্ত ও যথাযথ শিরোনাম দিতে হবে। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে বেশ কয়েকটি প্যারা করা উচিত। প্যারাগ্রাফ ও কম্পেজিশন লেখার সময় বাক্য শুদ্ধভাবে লিখতে হবে। ডায়ালগের প্রতিটি উক্তি প্রাসঙ্গিক হতে হবে। এখানে অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখার সুযোগ নেই। বাংলা: বাংলা বিষয়ে শুরুতেই যেটি বলা দরকার, তা হচ্ছে—প্রতিটি প্রশ্নের উত্তরে অবশ্যই গল্প, প্রবন্ধ, কবিতার নাম ও লেখকের নাম উল্লেখ করতে হবে। লেখকের নামের বানান ভুল করলে ১ নম্বর কাটা যাবে। লেখকের নামের পাশে জন্ম-মৃত্যু সাল লেখা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে ভুল লিখলে ১ নম্বর কাটা যাবে। ব্যাখ্যার উৎস অবশ্যই শুদ্ধ হতে হবে, নতুবা ১০০% নম্বর কাটা যাবে। গল্প, কবিতা, প্রবন্ধ ও উপন্যাসের বড় প্রশ্নগুলোয় যথার্থ ও সংক্ষিপ্ত উপসংহার দিতে হবে এবং কোনো কাব্যাংশ দিয়ে উপসংহারটি শেষ করা যাবে না। উক্তি দিয়ে শুরু হওয়া সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শুরু হবে বক্তার পরিচয় দিয়ে। যুক্তিবহ প্রশ্নের (যেমন চরিত্র আলোচনা) উত্তরে মূল বই থেকে উদ্ধৃতি ব্যবহার করা উচিত। নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন ও ব্যাখ্যার উত্তরে উক্তিটি কোন অঙ্কের কোন দৃশ্য থেকে নেওয়া হয়েছে তা উল্লেখ করতে হবে। প্রথম পত্রে ১০ নম্বর ও দ্বিতীয় পত্রে ৩০ নম্বর থাকে ব্যাকরণভিত্তিক প্রশ্ন। এই ৪০ নম্বরের জন্য গুরুত্ব সহকারে প্রস্তুতি নিতে হবে। বাংলা সম্পর্কে অনেক শিক্ষার্থীর ধারণা হচ্ছে, উত্তর বড় লিখলেই বেশি নম্বর পাওয়া যায়। এ ধারণা মোটেও ঠিক নয়। উত্তর সংক্ষিপ্ত হলেও যদি তা প্রাসঙ্গিক, নির্ভুল ও যথাযথ হয়, তাহলে আশানুরূপ নম্বর পাওয়া যায়। ব্যাকরণ অংশে পূর্ণ নম্বর পেলে বাংলায় অনায়াসেই এ+ পাওয়া সম্ভব। পদার্থবিজ্ঞান: পদার্থ বিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় উভয় পত্রেই কিছু দীর্ঘ প্রতিপাদন-সংক্রান্ত প্রশ্ন থাকে। অনেক শিক্ষার্থীই পরীক্ষার হলে এ প্রতিপাদনগুলো মাঝপথে এসে আটকে যায়। এ ক্ষেত্রে আমার পরামর্শ হলো, তোমরা সমীকরণ প্রতিপাদনের ক্যালকুলেশনের লাইনগুলো খাতায় লিখে অনুশীলন করবে। তাহলে আর পরীক্ষার হলে এগুলো গোলমেলে মনে হবে না। সংজ্ঞার সঙ্গে চিত্র ও উদাহরণ দেওয়া উচিত। বিভিন্ন রাশির (যেমন ত্বরণ, বল) সংজ্ঞায় ওই রাশির একক ও মাত্রা উল্লেখ করা যেতে পারে। সমীকরণ প্রতিপাদনের সময় সবকিছু ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রথম ও দ্বিতীয় পত্রের প্রতিটি প্রশ্নেই একটি করে গাণিতিক সমস্যা থাকে। পদার্থ বিজ্ঞানে এ+ পেতে হলে এ গাণিতিক সমস্যাগুলোতে পূর্ণ নম্বর পেতে হবে। গাণিতিক সমস্যা সমাধানের জন্য খাতার ওই পৃষ্ঠাটিকে দুই ভাগ করে ডান অংশের প্রশ্নে প্রদত্ত সব ডাটা তুলতে হবে এবং ওই সব রাশির এককসহ পরিচয় লিখতে হবে। বাঁ অংশের শুরুতে প্রয়োজনীয় সূত্রটি লিখবে এবং ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন শেষে উত্তরটি বসানোর সময় অবশ্যই একক উল্লেখ করতে হবে। এখানে উল্লেখ করা জরুরি, গাণিতিক সমস্যাবলিতে বিভিন্ন অংশের (যেমন খাতায় ডাটা তোলা, সঠিক সূত্রটি লেখা, ক্যালকুলেশন ঠিকভাবে করা) জন্য আলাদাভাবে নম্বর বণ্টন করা থাকে। পূর্ণ নম্বর পেতে হলে তোমাকে অবশ্যই সবকটি ধাপ লিখে অঙ্কটি করতে হবে। দ্বিতীয় পত্রে আলো-সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্পষ্ট রশ্মি চিত্র দিতে হবে এবং অবশ্যই আলোর দিক তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। যেহেতু পরীক্ষা শুরু হতে খুব বেশি সময় বাকি নেই, সেহেতু আগে লিখে রাখা সমীকরণ প্রতিপাদনগুলো এখন গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে আগে বোর্ড পরীক্ষায় এসেছে এমন সব সমীকরণ প্রতিপাদন প্র্যাকটিস করা উচিত। পরীক্ষণসংক্রান্ত প্রশ্নগুলোতে (যেমন সরল দোলকের সাহায্যে g-এর মান নির্ণয়) তত্ত্ব, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কার্যপদ্ধতি, হিসাব, সতর্কতা—এগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে। শেষ মুহূর্তে নতুন কোনো থিওরি না লিখে বরং বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। # গণিত ও রসায়নের ওপর পরামর্শ ছাপা হবে আগামী শনিবার