এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ব্যাকরণ কাকে বলে?উত্তর: ব্যাকরণ: ব্যাকরণের যথার্থ পরিচয় প্রকাশের জন্য ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞাটিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়। তাঁর মতে, ‘যে শাস্ত্রে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগরীতি বুঝিয়ে দেওয়া হয়, সে শাস্ত্রকে বলে সে ভাষার ব্যাকরণ’। অন্যভাবে বলা যায়, যে শাস্ত্রে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগরীতি নির্ণয় করা হয় এবং তার সাহায্যে শুদ্ধাশুদ্ধি নির্ধারণ করে ভাষাকে শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, তাকে ব্যাকরণ বলে।ডক্টর মুহম্মদ এনামুল হকের মতে, ‘যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিবিধ অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় এবং ভাষা রচনাকালে আবশ্যকমতো সেই নির্ণীত তত্ত্ব ও তথ্য প্রয়োগ সম্ভবপর হয়ে ওঠে, তার নাম ব্যাকরণ’।ডক্টর মুনীর চৌধুরীর মতে, ‘যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে’। প্রশ্ন: ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। উত্তর: সংজ্ঞা: ‘ব্যাকরণ’ (বি+আ+কৃ+অন) শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ। ভাষা বিশ্লেষণ করাই ব্যাকরণের কাজ। সুতরাং যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ‘যে শাস্ত্রে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগরীতি বুঝিয়ে দেওয়া হয়, সে শাস্ত্রকে বলে সে ভাষার ব্যাকরণ’। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা: পৃথিবীর প্রতিটি ভাষা একটি শৃঙ্খলা ও নিয়মবিধির দ্বারা নিয়ন্ত্রিত। ভাষার এ নিয়মবিধি জানার জন্যই ব্যাকরণ পাঠ অপরিহার্য। একটা ভাষা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান লাভ করার জন্যই সে ভাষার ব্যাকরণ জানতে হবে। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং সেগুলোর সুষ্ঠু ও সঠিক ব্যবহার বা প্রয়োগবিধি সম্বন্ধে জ্ঞানলাভ করা যায়। এ ছাড়া ব্যাকরণ জানা থাকলে লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজতর হয়। বাগধারা, ছন্দ ও অলংকার প্রকরণও ব্যাকরণের অন্তর্ভুক্ত বিষয়। কাজেই ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রশ্ন: বাংলা ব্যাকরণ কাকে বলে? উত্তর: বাংলা ব্যাকরণ: যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সবদিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয়, তাকে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ বলে।ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, ‘যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, তার নাম বাংলা ব্যাকরণ’।ডক্টর সুকুমার সেনের মতে, ‘যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতির বিচার ও বিশ্লেষণ আছে এবং যে শাস্ত্রে জ্ঞান থাকলে বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে ও শিখতে পারা যায়, তাকে বাংলা ভাষার ব্যাকরণ বলে’।বৈশিষ্ট্য: ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। শব্দটি গঠিত হয়েছে এভাবে: বি+আ+কৃ বা কর+অন অর্থাৎ বিশেষ এবং সম্যকরূপে বিশ্লেষণ করা। প্রশ্ন: ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ—আলোচনা করো।উত্তর: উক্তিটির ব্যাখ্যা: ব্যাকরণের মধ্যে ভাষার বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটে। ভাষার গতি-প্রকৃতি, তার স্বরূপ ধরন-ধারণ ব্যাকরণে রূপ লাভ করে। ভাষার বিভিন্ন দিক সম্পর্কে ব্যাকরণ থেকে ধারণা লাভ করা যায়। ভাষার দীর্ঘদিন ব্যবহারে যেসব রীতিনীতি প্রচলিত হয়েছে, তার বিশ্লেষণই ব্যাকরণের বিষয়বস্তু। ভাষা সৃষ্টি হয়েছে আগে। ভাষার পথ ধরে, ভাষা ব্যবহারের ফলে যখন বিশেষ কিছু নিয়ম দাঁড়িয়ে গেছে, তখন তা হয়ে উঠেছে ব্যাকরণের নিয়ম। ব্যাকরণের নিয়মকানুন ভাষাকে বিশুদ্ধ রাখতে সহায়তা করে। সে জন্য ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। তবে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে কিন্তু ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না। ভাষার বিশুদ্ধতার জন্য ব্যাকরণের সহায়তা প্রয়োজন। কিন্তু ভাষা নিজের গতিতে চলে বলে কখনো কখনো ব্যাকরণের বিধি-বিধান অতিক্রম করে যায়। আর তখন সে ব্যতিক্রমকে ব্যাকরণ স্বীকার করে নেয়। ভাষায় এমন কিছু প্রয়োগ আছে, যা ব্যাকরণগত দিক থেকে ভুল। কিন্তু ভাষায় ব্যবহারে গ্রহণযোগ্যতার জন্য সে ভুলও শুদ্ধ বলে বিবেচিত হয়। মূলত ভাষার অভ্যন্তরীণ নিয়মশৃঙ্খলার আলোচনাই ব্যাকরণ। ব্যাকরণের সাহায্যে ভাষার বিশুদ্ধ রূপ বজায় রাখার চেষ্টা করা হয়। তাই বলে ব্যাকরণ ভাষাকে শাসন করে না, বরং ভাষাই ব্যাকরণকে শাসন করে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল