প্রশ্ন: সাধু ভাষা ও চলিত ভাষা বলতে কী বুঝ? উদাহরণসহ আলোচনা করো।উত্তর: পৃথিবীর প্রায় সব ভাষারই লেখ্য ও কথ্যরূপ আছে। বাংলা ভাষার লেখ্যরীতি হিসেবে সাধু এবং কথ্যরীতি হিসেবে চলিতরীতির উদ্ভব হয়েছে।সাধু ভাষা: বাংলা ভাষায় সংস্কৃত শব্দ সম্পদ, ক্রিয়া ও সর্বনামের পূর্ণরূপ এবং কিছু ব্যাকরণসিদ্ধ উপাদান ব্যবহার করে ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালির অনুকরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাকে সাধু ভাষা বলে।ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় সাধুরীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ‘সাধারণত গদ্য সাহিত্যে ব্যবহূত বাঙলা ভাষাকে সাধু ভাষা বলে।’উদাহরণ: জন্মিলে মরিতে হয়, আকাশে প্রস্তর নিক্ষেপ করিলে তাহাকে ভূমিতে পড়িতে হয়, খুন করিলে ফাঁসিতে যাইতে হয়, চুরি করিলে কারাগারে যাইতে হয়, তেমনি ভালোবাসিলেই কাঁদিতে হয়। অপরাপরের মতো ইহাও জগতের একটি নিয়ম।চলিত ভাষা: তদ্ভব শব্দ, ক্রিয়া ও সর্বনামের সংক্ষিপ্ত রূপ এবং লেখকের মনোভাব অনুযায়ী পদবিন্যাস প্রণালির ব্যবহারসহ যে স্বচ্ছন্দ, চটুল ও সর্বজনীন সাহিত্যিক গদ্যরীতি মুখের ভাষার আদলে গড়ে উঠেছে, তার নাম চলিত ভাষা। বাংলাদেশের উত্তরাংশসহ কলকাতা ও ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের শিক্ষিত জনগণের মুখের ভাষার আদলে যে শক্তিশালী সাহিত্যিক গদ্য প্রবর্তিত হয়, তাই চলিত ভাষা বা চলিত গদ্য বলে খ্যাত। প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, হাসান আজিজুল হক প্রমুখ চলিত গদ্যের সার্থক রূপকার।উদাহরণ: মেয়ের বয়স অবৈধ রকমের বেড়ে গিয়েছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে সে জন্যই তাড়া।প্রশ্ন: সাধুরীতি থেকে চলিতরীতিতে পরিবর্তনের নিয়মগুলো লেখো।অথবা, সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরের নিয়মগুলো লেখো এবং তা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দাও।উত্তর: সাধুরীতি থেকে চলিতরীতিতে পরিবর্তনের নিয়ম: নিম্নে উল্লিখিত নিয়মগুলো অনুসরণ করে সাধু ভাষাকে চলিত ভাষায় রূপান্তরিত করা যায়:১। ই-স্বরধ্বনির লোপ: ক্রিয়াপদের মধ্যে ই-স্বরধ্বনি থাকলে চলিত রীতিতে ই-স্বরধ্বনি লোপ পায়। যেমন—খাইব>খাব, আসিবে>আসবে।২। উ-স্বরধ্বনির লোপ: চলিত রীতিতে উ-স্বরধ্বনি লোপ পায়।যেমন: হউক>হোক, থাউক>থাক।৩। হ-কারের লোপ: চলিত ভাষায় রূপান্তরের সময় পদের মধ্যে হ-কারের লোপ হয়। যেমন: তাহা>তা, যাহা>যা।৪। উ-ধ্বনির পরিবর্তন: পদের শেষে অ-আ স্বরধ্বনি থাকলে চলিতরীতিতে পূর্ববর্তী উ-স্বরধ্বনি ও-ধ্বনিতে পরিবর্তিত হয়। যেমন—শুন>শোন উঠে>ওঠে।৫। আ-ধ্বনির পরিবর্তন: পূর্ববর্তী ই-ধ্বনির প্রভাবে পরবর্তী অক্ষরের আ-ধ্বনি এ-ধ্বনিতে পরিবর্তিত হয়। যেমন—গিয়া>গিয়ে মিঠা>মিঠে।৬। অপিনিহিত, অভিশ্রুতি ও স্বরসংগতির প্রভাবে পরিবর্তন: অপিনিহিত, অভিশ্রুতি ও স্বরসংগতির প্রভাবে সাধুরীতির পরিবর্তন ঘটে। যেমন: করিয়া>করে, ছুটিয়া>ছুটে।উদাহরণ: সাধুরীতি: দেখিলাম, এই সতেরো বছরের মেয়েটির ওপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে, কিন্তু এখনো কৈশোরের কোল হইতে সে জাগিয়া উঠে নাই। ঠিক যেন শৈলচূড়ার বরফের উপর সকালের আলো ঠিকরিয়া পড়িয়াছে, কিন্তু বরফ এখনো গলিল না। আমি জানি, কী অকলঙ্ক শুভ্র সে, কী নিবিড় পবিত্র!চলিতরীতি: দেখলাম, এ সতেরো বছরের মেয়েটির ওপরে যৌবনের সমস্ত আলো এসে পড়েছে, কিন্তু এখনো কৈশোরের কোল থেকে সে জেগে ওঠেনি। ঠিক যেন শৈলচূড়ার বরফের ওপর সকালের আলো ঠিকরে পড়েছে, কিন্তু বরফ এখনো গলল না। আমি জানি, কী অকলঙ্ক শুভ্র সে, কী নিবিড় পবিত্র!প্রশ্ন: সাধু ও চলিত ভাষার পার্থক্য আলোচনা করো।অথবা, সাধু ও চলিত ভাষারীতির মৌলিক পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো।উত্তর: সাধু ও চলিত ভাষার পার্থক্য: বাংলা ভাষার দুটি রূপ—সাধু ভাষা ও চলিত ভাষা। দুটি রূপের মধ্যে যেমন প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে, তেমনি পার্থক্যও রয়েছে। নিচে এ দুয়ের পার্থক্য আলোচনা করা হলো।