প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব। উপসর্গ প্রশ্ন: উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো।উত্তর: উপসর্গ: যেসব সুনির্দিষ্ট বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের পূর্বে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদেরকে বলা হয় উপসর্গ। যেমন: প্র, পরা, পরি, নির ইত্যাদি।উপসর্গের প্রয়োজনীয়তা: ১। শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়: উপসর্গের মাধ্যমে যেহেতু নতুন নতুন শব্দ সৃষ্টি হয়। ফলে ভাষার শব্দসংখ্যা বৃদ্ধি পেয়ে ভাষার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়। ২। ব্যঞ্জনা বাড়ে; উপসর্গের ব্যবহারে শব্দের ভাব-ব্যঞ্জনা অনেক গুণ বেড়ে যায়। যেমন: ‘জয়’ বললে শব্দটির যতটা ভাব প্রকাশিত হয়, পক্ষান্তরে ‘বিজয়’ বললে শব্দটির আবেদন অনেকটাই বেড়ে যায়। ৩। প্রকাশ ক্ষমতা বাড়ে: উপসর্গের ব্যবহারে ভাষার প্রকাশ ক্ষমতা বেড়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত এ কারণেই উপসর্গের তুলনা করেছেন মাছের পাখনার সঙ্গে। কারণ, পাখনার সাহায্যে মাছ যেমন ডান-বাঁয়ে বা সামনে-পেছনে চলার জন্য বিশেষ গতি লাভ করে, ঠিক তেমনি উপসর্গের মাধ্যমে শব্দ তার ব্যবহারিক ক্ষেত্রের বিস্তৃতি ঘটিয়ে থাকে। ৪। অর্থের পূর্ণতা আসে: উপসর্গের ব্যবহারে অনেক সময় শব্দের অর্থের পূর্ণতা আসে। যেমন—পুষ্টি শব্দের পূর্বে যদি ‘পরি’ উপসর্গ যোগ করা হয়, তাহলে মূল শব্দটির অর্থ প্রকাশের ক্ষেত্রে পূর্ণতাপ্রাপ্তি ঘটে। ৫। অর্থের সম্প্রসারণ ঘটে: নির্দিষ্ট কোনো শব্দের পূর্বে উপসর্গ যোগ করলে অনেক সময় সংশ্লিষ্ট শব্দটির অর্থের সম্প্রসারণ ঘটে। ফলে শব্দটির প্রচলিত অর্থের আবেদনে যোগ হয় ভিন্ন মাত্রা। যেমন—‘তাপ’ থেকে হয় ‘প্রতাপ’ কিংবা পরিতাপ ইত্যাদি। ৬। পরিভাষা সৃষ্টিতে: অনেক সময় উপসর্গের মাধ্যমে পরিভাষাও প্রণয়ন করা হয়। যেমন: Conductor-পরিবাহী, Requisiton-অধিগ্রহণ ইত্যাদি উপসর্গের উপযুক্ত গুণাবলি বিবেচনা করে অনেক বৈয়াকরণিক মনে করেন যে, ‘উপসর্গ কেবল প্রয়োজনীয় নয়, ভাষার পক্ষে অপরিহার্য।’প্রশ্ন: অর্থ অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী? আলোচনা করো।অথবা, অর্থানুসারে বাক্যের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো।অথবা, বাক্যের অন্তর্গত শ্রেণিবিভাগ দেখাও। প্রত্যেক শ্রেণীর সংজ্ঞা ও উদাহরণ দাও।উত্তর: অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ: অর্থ অনুসারে বাক্যকে আট ভাগে ভাগ করা হয়েছে। যেমন:১। নির্দেশবাচক বাক্য: কোনো ঘটনা ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে তাকে বলা হয় নির্দেশবাচক বাক্য। এই নির্দেশবাচক, নির্দেশমূলক বাক্য, নির্দেশসূচক বাক্য, নির্দেশাত্মক বাক্য, শুদ্ধ বর্ণনাত্মক বাক্য, বিবৃতিমূলক বাক্য প্রভৃতিও বলা হয়। যেমন: সে একটি গল্পের বই পড়ছে।২। প্রশ্নবোধক বাক্য: কোনো ঘটনা, ভাব বা বক্তব্য সম্পর্কে যে বাক্যে কোনো প্রশ্ন থাকে তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। এর অন্য নাম প্রশ্নমূলক বাক্য। প্রশ্নাত্মক বাক্য, জিজ্ঞাসাত্মক বাক্য প্রখৃতি। যেমন: তুই দাঁড় টানতে পারিস?৩। অনুজ্ঞাসূচক বাক্য: আজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ ইত্যাদি যে বাক্যে প্রকাশ পায় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। এর অন্য নাম আজ্ঞাসূচক বাক্য, আজ্ঞা বাচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাবোধক বাক্য, আদেশসূচক বাক্য প্রভৃতি। যেমন: তোমার ঘোমটা খুলে দাও। তোমার নয়ন তুলে চাও।৪। প্রার্থনাসূচক বাক্য: যে বাক্যের মাধ্যমে কোনো প্রার্থনা প্রকাশ পায় তাকে বলা হয় প্রার্থনাসূচক বাক্য। এর অন্য নাম প্রার্থনামূলক বাক্য। যেমন: অন্ধজনে দেহ আলো।৫। কার্যকারণাত্মক বাক্য: কারণ, নিয়ম, শর্ত স্বীকৃতি সংকেত প্রভৃতি যে বাক্যে দ্যোতিত হয় তাকে বলা হয় কার্যকারণাত্মক বাক্য। এ ধরনের বাক্যের অন্য নাম শর্তসূচক বাক্য। শর্তসাপেক্ষ বাক্য প্রভৃতি। যেমন: মন দিয়ে না পড়লে পাস করা যায় না।৬। সন্দেহবোধক বাক্য: নির্দেশবাচক বাক্যে বক্তব্য বিষয় সম্পর্কে সন্দেহ, সংশয়, সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা ইত্যাদির ভাব থাকলে তাকে বলা হয় সন্দেহবোধক বাক্য। এর অন্য নাম সন্দেহাত্মক বাক্য। সন্দেহ প্রকাশক বাক্য, সন্দেহদ্যোতক বাক্য, সংশয়সূচক বাক্য প্রভৃতি। যেমন: হয়তো সে চাকরিটি পাবে।৭। বিস্ময়সূচক বাক্য: হর্ষ, বিস্ময়, দুঃখ, শোক, কাতরতা, করুণা, প্রশংসা ইত্যাদির মনোভাব আবেগ বা উচ্ছ্বাসের আকস্মিকতা নিয়ে যে বাক্যে প্রকাশ পায় তাকে বলা হয় বিস্ময়সূচক বাক্যে। এর অন্য নাম বিস্ময়বোধক বাক্য, বিস্ময়াদিবোধক বাক্য, আবেগবোধক বাক্য, আবেগসূচক বাক্য, উচ্ছ্বাসাত্মক বাক্য প্রভৃতি। যেমন: কুয়াকাটার সমুদ্র দৃশ্য কী আশ্চর্য সুন্দর!৮। ইচ্ছাবোধক বাক্য: যে বাক্যে মনের কোনো ইচ্ছা প্রকাশিত হয় তাকে ইচ্ছাবোধক বাক্য বলে। এর অন্য নাম ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছামূলক বাক্য, বাসনা-কামসূচক বাক্য প্রভৃতি। যেমন: সে যেন আসে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল