এইচএসসি পরীক্ষার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, কম্পিউটার শিক্ষা বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা।প্রিয় শিক্ষার্থীরা, সবার জন্য রইল শুভকামনা। উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা বিষয়ে তত্ত্বীয় অংশে ৬০ নম্বর এবং ব্যবহারিক অংশে ৪০ নম্বর। তাই অধিক নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা ছাড়া কম্পিউটার শিক্ষা বিষয়টি বিজ্ঞানভিত্তিক বলে সঠিক উত্তরের ক্ষেত্রে পূর্ণ নম্বর পাওয়া যায়। ব্যবহারিক পরীক্ষার দিন ব্যবহারিক খাতা এবং প্রজেক্ট খাতা সঙ্গে আনতে হবে।কম্পিউটার শিক্ষা প্রথম পত্রে গাণিতিক অধ্যায় যেমন—সংখ্যা পদ্ধতি, ডিজিটাল লজিক, ফ্লোচার্ট-অ্যালগরিদম, প্রোগ্রামিং ইত্যাদি প্রশ্নের উত্তর করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যায়। সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে রূপান্তরিত ফলাফল লিখতে হবে এবং বেস উল্লেখ করতে হবে। প্রথম পত্রে যেসব বিষয়ে চিত্র আছে, সেগুলোতে সঠিক স্থানে স্পষ্ট করে পেনসিল দিয়ে চিত্র অঙ্কন করবে এবং চিত্রের নাম নিচে উল্লেখ করবে। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে অপারেটিং সিস্টেমের প্রকারভেদের ক্ষেত্রে বর্ণনার সঙ্গে চিত্র অঙ্কন করতে হবে। তা ছাড়া সিপিইউ ও মেমোরি, কম্পিউটার আর্কিটেকচার অধ্যায়ের ক্ষেত্রেও যেসব প্রশ্নে চিত্র রয়েছে, তা সঠিকভাবে অঙ্কন করতে হবে। প্রোগ্রাম ডিজাইন অধ্যায়ে ফ্লোচার্ট অঙ্কনের ক্ষেত্রে পেনসিল ব্যবহার করতে হবে। কিউবেসিক প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় নির্দেশ ব্যবহার না করাই ভালো।কম্পিউটার দ্বিতীয় পত্রে, ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম অধ্যায়ে বিভিন্ন ধরনের সর্টিং পদ্ধতি ব্যবহার করে উপাত্ত সাজাতে বলা হলে অ্যালগরিদম ব্যবহার করার প্রয়োজন নেই, তবে সর্টিং পদ্ধতি আলোচনা করতে বললে অ্যালগরিদম লিখতে হবে। ফাইল ও ফাইল প্রসেসিং, ডেটাবেস, কম্পিউটার নেটওয়ার্কিং ইত্যাদি প্রায় সব অধ্যায় থেকে সঠিক উত্তরের ক্ষেত্রে পূর্ণ নম্বর পাওয়া যায়। যেকোনো অধ্যায়ের পার্থক্যগুলো ছকে উপন্থাপন করাই ভালো। পার্থক্যের বিষয়ে ৫ নম্বরের জন্য ৫-৬টি পার্থক্য উল্লেখ করাই যথেষ্ট।প্রশ্ন উত্তরের ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে প্রশ্নের উত্তর বড় না করাই ভালো। ছোট প্রশ্নগুলো অল্প কথায় ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। কারণ মনে রাখতে হবে কম্পিউটার শিক্ষা বিষয়ের পরীক্ষায় ৬০ নম্বরের জন্য সময় পাওয়া যায় ৩ ঘণ্টা, অর্থাৎ প্রতি নম্বরের জন্য সর্বোচ্চ ৩ মিনিট সময় পাবে। বিষয়বস্তু উপস্থাপনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় যেন উল্লেখ না করা হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। উত্তর পত্রে অবশ্যই মার্জিন দিয়ে স্পষ্ট করে লিখবে। এ ক্ষেত্রে কাটাকাটি না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।