এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, ঢাকা পদার্থবিজ্ঞানপ্রিয় ২০১০ এইচএসসি পরীক্ষার্থী শুভেচ্ছা নিয়ো। তোমরা ইতিমধ্যে তোমাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছ। তুমি তোমার সাধ্যমতো প্রস্তুতি নিয়েছ—এই আত্মবিশ্বাস নিয়ে বাকি কয়েকটি দিনে নিজেকে আরেকবার ঝালাই করে নিতে পার। পদার্থবিজ্ঞানের খুঁটিনাটি বিষয় যেগুলোর প্রতি মনোযোগ দিলে আরও ভালো নম্বর পেতে পার সেই সম্পর্কে যত্নবান হবে। তোমরা জান পদার্থবিজ্ঞান একটি গাণিতিক ও তত্ত্বীয় সম্পূরক বিষয়। একটি তাত্ত্বিক উপস্থাপনকে গাণিতিক সমীকরণ দ্বারা প্রকাশ করতে হয়। এখানে প্রতিটি উত্তরের তত্ত্বগত প্রাসঙ্গিকতা প্রয়োজন রয়েছে। গাণিতিক সমস্যাসংবলিত প্রশ্নের উত্তর দিলে বেশি নম্বর পাওয়া যায়। যেসব প্রশ্নের উত্তর চিত্রের সাহায্যে প্রমাণ করতে হয় সেগুলো সঠিক ও চিহ্নিত চিত্র ছাড়া শুধু উত্তর লিখলে ভালো নম্বর পাওয়া যায় না। সংজ্ঞার ক্ষেত্রে রাশিটির মান, দিক, একক ও মাত্রা সংক্ষেপে লিখলে সহজেই পরীক্ষকের সুনজরে আসতে পার। সেহেতু বিষয়টি তত্ত্বীয় ও গাণিতিক তাই বারবার অনুশীলনের মাধ্যমে তোমার পারদর্শিতা অর্জন করতে হবে। মনে রাখবে একটি বিষয় সম্পর্কে জানা হওয়া যত না সহজ, সেটি পরীক্ষার খাতায় উপস্থাপন করা তত কঠিন। এই জন্য এই সময়ে তুমি তোমার প্রাত্যহিক রুটিনে প্রতিটি প্রশ্নের উত্তর বুঝে মুখস্থ করার পাশাপাশি খাতায় লেখার অভ্যাস করবে। বড় প্রশ্নগুলো লেখার সময় অবশ্যই সময় সম্পর্কে সজাগ থাকতে হবে। উত্তর অতিরিক্ত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। অনেক সময় চিত্রের কথা উল্লেখ না থাকলেও প্রাসঙ্গিক চিত্র থাকলে তা অবশ্যই তোমার উত্তরপত্রে সর্বাধিক নম্বর পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। খাতায় উত্তর লেখার ক্ষেত্রে তত্ত্ব, নীতি, সূত্র ইত্যাদির মতো মৌলিক বিষয় নিজের মনগড়া বা অনুমাননির্ভর লিখবে না। এ ক্ষেত্রে আংশিক ভুল হলে কোনো নম্বর পাওয়া যায় না। গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে মৌলিক সূত্রটি না লিখলে বা ভুল করলে কোনো নম্বর পাবে না। এ ক্ষেত্রে সমাধানের জন্য ব্যবহূত রাশিগুলোর একক সম্পর্কে সজাগ থাকবে এবং উত্তরে একক না লিখলে নির্ধারিত নম্বর কাটা যাবে। কোনো প্রশ্নের উত্তরের গাণিতিক যুক্তিগুলো মনে রাখার জন্য প্রশ্নটির মৌলিক বিষয় মাথায় রেখে শুধু গাণিতিক অংশটুকু খাতায় খুব অল্প সময়ে হিসাব করে দেখবে পার কি না। রাখবে উত্তরপত্রের পরিষ্কার পরিচ্ছন্নতা অধিক নম্বর পাওয়ার জন্য সহায়ক। পার্থক্যের ক্ষেত্রে প্রতিটি পার্থক্যের জন্য আলাদা নম্বর থাকে। বৈদ্যুতিক বর্তনী, আলোকীয় চিত্র, ভেক্টর রাশি প্রভৃতির ক্ষেত্রে প্রয়োজনীয় দিক না দেখালে নম্বর কাটা যাবে। এসব বিষয় সম্পর্কে সজাগ থাকলে তুমি আসন্ন পরীক্ষায় বেশি নম্বর পাবে বলে আমার বিশ্বাস।