হার্ডওয়্যার, সফটওয়্যার ও ফার্মওয়্যারপ্রিয় শিক্ষার্থীরা, আজ কম্পিউটার শিক্ষা বিষয় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। কম্পিউটার শিক্ষার মৌলিক বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ব করবে। প্রশ্ন: হার্ডওয়্যার, সফটওয়্যার ও ফার্মওয়্যার বলতে কী বোঝো?উত্তর: হার্ডওয়্যার: হার্ডওয়্যার শব্দের আভিধানিক অর্থ হচ্ছে লোহালক্কড়। কম্পিউটারের সব ধরনের যন্ত্র ও যন্ত্রাংশকেই হার্ডওয়্যার বলা হয়। কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশ যেমন গ্রহণমুখ অংশ, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, নির্গমনমুখ অংশ ইত্যাদিকে একত্রে হার্ডওয়্যার বলে। এক কথায় কম্পিউটারের যেসব অংশ হাতে ধরা যায় ও চোখে দেখা যায়, তাকেই কম্পিউটার হার্ডওয়্যার বলা হয়। কোনো হার্ডওয়্যারই এককভাবে বা বিচ্ছিন্নভাবে সম্পূূর্ণ কাজ সম্পন্ন করতে পারে না। হার্ডওয়্যারগুলোর পারস্পরিক অন্তঃসংযোগের মাধ্যমে একটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হয়। ইনপুট যন্ত্রাদির সাহায্যে প্রয়োজনীয় উপাত্ত কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রেরণ করতে হয়। উপাত্ত ছাড়া কম্পিউটারের কাজ করার কিছুই থাকে না। কম্পিউটারের উপাত্ত প্রেরণের জন্য তাই ইনপুট যন্ত্রাদি ছাড়া চলে না। একই রকমভাবে আউটপুট যন্ত্রাদি ছাড়াও আবার কম্পিউটারের সাহায্যে সম্পাদিত কাজের ফল পাওয়া যায় না। কাজেই কম্পিউটারের হার্ডওয়্যারগুলো পরস্পর নির্ভরশীল। নিচে কম্পিউটারে ব্যবহূত কতকগুলো হার্ডওয়্যারের নাম দেওয়া হলো:Keyboard, Mouse, Scanner, OMR, Printer, Monitor, Plotter ইত্যাদি।সফটওয়্যার: কোনো সুনির্দিষ্ট কাজের জন্য ফাইল বা প্রোগ্রামগুলোকে একত্রে সফটওয়্যার বলা হয়। আর সফটওয়্যার হলো হার্ডওয়্যারের প্রাণশক্তি। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার মূল্যহীন। হার্ডওয়্যারের কার্যক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সফটওয়্যারের প্রয়োজন। কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে নিষ্প্রাণ দেহের মতো। সফটওয়্যার ব্যবহারকারী ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে। হার্ডওয়্যার তৈরির সময় অবশ্যই সফটওয়্যার সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। কিন্তু সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার সম্বন্ধে ভালো ধারণা না থাকলেও চলে। তবে ব্যবহারকারী কর্তৃক কম্পিউটার ব্যবহারের সময় হার্ডওয়্যার ও সফটওয়্যার পরস্পর পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। যেমন, ডস, উইন্ডোজ, লোটাস, ডিবেজ, ফক্সপ্রো, প্যাসকেল, বেসিক, ফরট্রান ইত্যাদি।ফার্মওয়্যার: কম্পিউটার তৈরি করার সময় এর নির্মাতা প্রতিষ্ঠানের কিছু নির্দেশ বা প্রোগ্রাম কম্পিউটারের ROM নামক প্রধান স্মৃতিতে জুড়ে দেওয়া হয় যা কম্পিউটারকে ব্যবহার উপযোগী করার জন্য অত্যাবশ্যকীয়। এই নির্দেশ বা প্রোগ্রামকে ফার্মওয়্যার বলা হয়। ফার্মওয়ার কম্পিউটারের ROM-এ স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। কম্পিউটারে বৈদ্যুতিক শক্তি দেওয়ার পর ফার্মওয়্যার RAM-এ চলে আসে। এবার ফার্মওয়্যারে উল্লিখিত কাজগুলো একের পর এক সমাধা করে থাকে। কম্পিউটার ব্যবহারকারী কেবলমাত্র ফার্মওয়্যার ব্যবহার করতে পারে কিন্তু কোনো ধরনের পরিবর্তন করতে পারে না। কম্পিউটার ছাড়াও কিছু কিছু ইলেকট্রনিক যন্ত্র যেমন, ভিসিডি প্লেয়ার, ভিসিপি প্লেয়ার ইত্যাদিতে ফার্মওয়্যার ব্যবহূত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল