শব্দপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। বাংলা ব্যাকরণের মৌলিক বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ব করবে। প্রশ্ন: বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য আলোচনা করো।উত্তর: যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ‘যথাযথ বিন্যস্ত শব্দসমষ্টি যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে বাক্য বলে।’ একটি সার্থক বাক্যের তিনটি লক্ষণ বা বৈশিষ্ট্য আবশ্যক। নিচে বিস্তারিত আলোচনা করা হলো:আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্যপদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা। যেমন: ‘চন্দ্র পৃথিবীর চারদিকে’ বললে বাক্যটি সম্পূর্ণ হয় না, আরও কিছু শোনার ইচ্ছা হয়। বাক্যটি হবে ‘চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে’। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে এটি সার্থক্য বাক্য।আসত্তি : মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। যেমন: চ্যাম্পিয়ন বর্তমান বিশ্ব অস্ট্রেলিয়া—এখানে পদ সন্নিবেশ ঠিকভাবে না হওয়ায় শব্দগুলোর অন্তর্নিহিত ভাবটি যথাযথভাবে প্রকাশিত হয়নি। বাক্যটি নিম্নলিখিতভাবে লিখতে হবে: অস্ট্রেলিয়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন।যোগ্যতা : বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। যেমন: বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়—এটি একটি যোগ্যতাসম্পন্ন বাক্য। কিন্তু যদি লেখা হয় ‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’, তাহলে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে। কারণ ‘রৌদ্র প্লাবন সৃষ্টি করে না’।প্রশ্ন: শব্দ গঠন কাকে বলে? শব্দ গঠনের উপায় আলোচনা করো।উত্তর: শব্দ গঠন: শব্দের অর্থে বৈচিত্র্য আনয়নে নানাভাবে শব্দের রূপ-রূপান্তর করা হয়। এক শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশের মিলনকে শব্দ গঠন বলে।বাংলা ভাষায় নিচে উল্লিখিত প্রকারে শব্দ গঠিত হয়ে থাকে। যেমন: ১. শব্দের আগে উপসর্গযোগে শব্দ গঠন; যেমন: অভি+মুখ=অভিমুখ।২. শব্দের শেষে প্রত্যয়যোগে শব্দ গঠন; যেমন: মুখ+ই=মুখি।৩. সমাসের সাহায্যে শব্দ গঠন; যেমন: সিংহ চিহ্নিত আসন=সিংহাসন।৪. সন্ধির সাহায্যে শব্দ গঠন; যেমন: বিদ্যা+আলয়=বিদ্যালয়।৫. পদ পরিবর্তনের মাধ্যমে শব্দ গঠন; যেমন—সুন্দর>সৌন্দর্য।৬. শব্দ দ্বৈতের সাহায্যে শব্দ গঠন; যেমন: হন হন, ছল ছল।৭. বিভক্তিযোগে শব্দ গঠন; যেমন: পড়+ছি=পড়ছি।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল।