প্রভাষকঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা পদ্মানদীর মাঝি প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘পদ্মানদীর মাঝি’ গল্প থেকে একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে জেলে-জীবনের যে কষ্ট-সঙ্কুল জীবনের পরিচয় পাওয়া যায়, তা আলোচনা করো। উত্তর: কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর সাহিত্যে সম্বলহীন, অসহায়, প্রবঞ্চিত জেলে-জীবনের সঙ্গে একাত্ম হয়েছেন, ‘পদ্মা নদীর মাঝি’ তাঁর এই সহমর্মিতা ও একাত্ম-অনুভবের ফলিত ফসল। কেতুপুরের জেলেপাড়ার ক্ষুদ্র জনজীবনের ক্যানভাসে এই চিত্র অঙ্কিত হলেও মানিক বন্দ্যোপাধ্যায় ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে সমগ্র দেশের অবহেলিত ও শোষিত জনগোষ্ঠীর অভাবতাড়িত, শ্রমক্লিষ্ট জীবনের করুণ চিত্র প্রতিফলিত করতে সক্ষম হয়েছেন। বিশিষ্ট কথাসাহিত্যিক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর এই জীবনচিত্র সাফল্য সম্পর্কে বলেন, ‘আমাদের সমাজের খেটে খাওয়া নিপীড়িত মানুষের জীবনের নানা অসংগতি, তাদের কামনা-বাসনা পরম যত্নে মানিক বন্দ্যোপাধ্যায় অঙ্কন করেছেন ‘পদ্মানদীর মাঝি’ গল্পে। সে চিত্র যেমন বাস্তব, তেমনি করুণ ও মর্মান্তিক।’লেখকের বর্ণনায়, ‘প্রথম দেখিলে মনে হয়, এ বুঝি তাদের অনাবশ্যক সংকীর্ণতা, উন্মুক্ত উদার পৃথিবীতে দরিদ্র মানুষগুলো নিজেদের প্রবঞ্চনা করিতেছে।’ কিন্তু গভীর চোখে তাকালে তাদের এই সংকীর্ণতা যে অত্যাবশ্যক তা উপলব্ধি করা যায়। সামাজিক স্তর বৈষম্যপীড়িত মানুষগুলোর ওপর আরোপিত এই সীমারেখাই জেলেপাড়ার আয়তনকে বিস্তৃত হতে দেয় না, তাও ব্যাখ্যা করেছেন লেখক। ‘স্থানের অভাব এ জগতে নাই, তবু মাথা গুঁজিবার ঠাঁই এদের ওইটুকুই। সবটুকু সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার বিস্তৃত হইয়া আছে, তাহাকে ঠেলিয়া জেলেপাড়ার পরিসর বাড়িতে পায় না।’বৈচিত্র্যময় প্রকৃতির পরিবর্তনের সঙ্গে জেলেদের জীবনে কোনো বৈচিত্র্য উপস্থিত হয় না। তাদের জীবন অবস্থিত ক্ষুধা-তৃষ্ণা দুঃখ-দারিদ্র্য ও অবহেলা-বঞ্চনার ঘূর্ণিপাকে। বস্ত্রাভাব, খাদ্যাভাব তাদের সংসারে নৈমিত্তিক। আর তাই জেলেপাড়ার ঘরে শিশুর ক্রন্দন কোনো দিন বন্ধ হয় না। ভদ্রপল্লির উঁচুস্তরের বাসিন্দারা জেলেদের দূরে ঠেলে রাখে, প্রকৃতি কালবৈশাখীর রুদ্ররোষে ঝাঁপিয়ে পড়ে, বর্ষার জল আর শীতের কনকনে বাতাস তাদের জীবনকে পীড়ন করে। রোগ তাদের জীর্ণ করে, শোকে তারা হয়ে পড়ে মুহ্যমান। অস্তিত্ব রক্ষার নির্মম অনমনীয় প্রয়োজনে তারা পারস্পরিক রেষারেষি, নিষ্ফল কাড়াকাড়ি আর কলহ-কোন্দলে গলদঘর্ম হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষায়: ‘জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়।’ নির্মম বাস্তবতায় আকীর্ণ এই জেলেপল্লিতে তাই নবজন্ম কোনো আনন্দের উৎস হতে পারে না বরং জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ন। কুবেরের মতো যারা শ্রমজীবী জেলেবৃত্তি করে অন্নের সংস্থান করে, তাদের শোষণ করতেও সুবিধাবাদী ভদ্রবেশীরা নিরস্ত হয় না। কুবেরকে শ্রমের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করে ধনঞ্জয়, সুযোগ পেলেই ঠকায় শেতলবাবু আর চালানবাবু। কিন্তু জেলেবৃত্তির এই মানুষগুলো শোষিত হয়েই অভ্যস্ত, তাই এসব অন্যায় তারা নীরবেই হজম করে, প্রতিবাদ করতে পারে না। এ প্রসঙ্গে কুবেরের আত্মধিক্কারের একটি জীবন্ত বর্ণনা দিয়ে লেখক জেলেপাড়ার শোষিত মানুষগুলোর জীবনের সমগ্র রূপকে উদ্ধার করেছেন। লেখকের অভিব্যক্তিতে ‘গরীবের মধ্যে সে গরীব, ছোটলোকের মধ্যে আরও বেশি ছোটলোক। এমনভাবে তাহাকে বঞ্চিত করিবার অধিকারটা সকলে তাই প্রথার মত, সামাজিক ও ধর্ম সম্পর্কীয় দশটা নিয়মের মত অসংকোচে গ্রহণ করিয়াছে।’ জীবন-শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে নির্মোহ চিত্রকরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি তাঁর গভীর অনুসন্ধানী দৃষ্টিতে কুবের-গণেশের যাপিত জীবনকে অবলোকন করেছেন এবং সে জীবনের বাস্তব ও মর্মস্পর্শী চিত্র তাঁর নিষ্কম্প তুলিতে চিত্রিত করেছেন। সেই ভাষাচিত্রই ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে জেলেজীবনকে হূদয়গ্রাহী স্বরূপে উদ্ভাসিত করেছে।