প্রভাষক, উত্তরা টাউন বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা ভাষণ প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অংশ ভাষণ। আজ আমরা ভাষণ নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নাও ভাষণ লেখার গুরুত্বপূর্ণ টিপস।১। ভাষণে সম্ভাষণ থাকতে হবে। উপস্থিত অতিথিদের যথাযথ সম্বোধন করতে হবে।২। ভাষণে চলিত ভাষা ব্যবহার করতে হবে।৩। ছোট ও সহজ বাক্য ব্যবহার করতে হবে।৪। ভাষণে যুক্তি ও দৃষ্টান্ত দিয়ে বক্তব্য স্পষ্ট করতে হবে।৫। ভাষণে মাঝেমধ্যে কবিতার চরণ ও উদ্ধৃতি দিয়ে ভাষণকে আকর্ষণীয় করা যায়।৬। তথ্যের বিকৃতি ঘটে এমন তথ্য দেওয়া যাবে না।৭। কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠীকে কটাক্ষ করা যাবে না।৮। ভাষণে মূল বিষয়গুলোকে ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হবে।৯। বক্তব্য শেষ হবে সমাপ্তিসূচক কথাবার্তা দিয়ে।১০। ঔদ্ধত্যপূর্ণ, চিৎকার-চেঁচামেচি নয় বরং ভাষার উচ্চারণে স্বরের সুলালায়িত ছন্দ, যতি চিহ্ন ব্যবহার করে ভাষণকে দৃষ্টিগ্রাহ্য করা যায়।প্রশ্ন: মহান স্বাধীনতাদিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান আলোচকের ভাষণ তৈরি করো।উত্তর: ৪১তম বার্ষিকী উপলক্ষে প্রগতি ক্লাব আয়োজিত মুক্ত আলোচনার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি ও প্রিয় সুধী আসসালামু আলাইকুম।প্রিয় সুধী, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ আমি স্মরণ করছি সেসব বীর মুক্তিযোদ্ধাদের, যাঁরা এ দেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। স্মরণ করছি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও ১১টি সেক্টরের কমান্ডার, যাঁদের প্রত্যক্ষ নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে।প্রিয় ভাই ও বোনেরা, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা এসেছিল, তা এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি। বিগত ৪০ বছরে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক পূর্ণ মুক্তি অর্জিত হয়নি, দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যের নিষ্পেষণে নিম্ন মাত্রার জীবনযাপন করছে। এ দেশের বহু শিশুর ভাগ্যে প্রাথমিক শিক্ষার অতিরিক্ত কোনো শিক্ষা ভাগ্যে জোটে না। জাতি হিসেবে আমরা এখনো অনেক পিছিয়ে আছি।প্রিয় ভাই ও বোনেরা, অনেক দেরিতে হলেও আজ মুক্তিযুদ্ধের ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাকরি এ বিচার কার্য সুষ্ঠুভাবে যথাসময়ে সম্পন্ন হবে।প্রিয় ভাইয়েরা, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে, অর্থবহ করতে হলে দেশের তরুণ সমাজকে সচেতন হতে হবে। জাগ্রত রাখতে হবে বিবেক। আর অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য ছেলে-বুড়ো নির্বিশেষে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ।প্রশ্ন: পড়ার-অভ্যাস শীর্ষক আলোচনাচক্রে প্রধান অতিথির ভাষণ তৈরি করো।উত্তর: ‘পড়ার-অভ্যাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি ও দর্শকেরা আসসালামু আলাইকুম। প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের। কারণ টেলিভিশন, রেডিও, খেলাধুলা বাদ দিয়ে তারা আজকের এই আলোচনা সভায় যোগ দিয়েছে।প্রিয় সুধী, শিক্ষিত জাতি গড়তে হলে, উন্নত জাতি গড়তে হলে আমাদের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস বাড়াতে হবে।আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ। এ জন্য আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কম দায়ী নয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ভারী ভারী বই চাপিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে বোর্ড পরীক্ষার সিলেবাস বহির্ভূত বই পড়ানো হচ্ছে। এতে শিক্ষার্থীরা মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে জ্ঞান-বিজ্ঞানের নানা শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। প্রমথ চৌধুরী বলেছিলেন, ‘সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত’। সুশিক্ষিত ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে প্রাতিষ্ঠানিক সনদই যথেষ্ট নয়, এ জন্য শিক্ষার্থীদের অবারিত জ্ঞান সমুদ্রে অবগাহন করতে হবে।প্রিয় সুধী, খ্যাতিমান সাহিত্যিক আবুল ফজল তাঁর কেন পড়ি প্রবন্ধে বলেছেন। ‘বই না পড়লে আমি নিজেকেই জানতে পারতাম না—আমি নিজেই নিজের কাছে থেকে যেতাম অজানা।’প্রিয় সুধী, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর শিক্ষার মাধ্যম বই। কাজেই বই পড়তে হবে। বই পড়ার অভ্যাস না থাকলে গঠন করতে হবে পড়ার অভ্যাস। মোটা মোটা বই না পড়তে চাইলে প্রথমেই হাতে নেন যেকোনো ভালো লাগা বই। আস্তে আস্তে নিজের পাঠাভ্যাসকে বাড়িয়ে নিন। হাতে নিন তুলনামূলক কঠিন ভাষার বইগুলো। একসময় এগুলোই আপনার নিত্যসঙ্গী হয়ে উঠবে। তখনই আপনি মননশীল হয়ে উঠবেন। আপনি হয়ে উঠবেন দেশের সম্পদ। তাই ভাইয়েরা আমার, আর দেরি নয়, হাতে তুলে নিন বই; বই হোক আপনার নিত্যসঙ্গী।