এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাববিজ্ঞানে দ্বিতীয় পত্র বিষয়টি অনেক ছাত্রের কাছে জটিল বলে মনে হলেও বিষয়টি কিন্তু মোটেও জটিল নয়। কারণ, এ বিষয়ে অধিকনম্বর পাওয়ার সুযোগ বেশি। এখানে থিওরি কম, অঙ্ক বেশি। প্রতিটি অঙ্ক সমাধান করতে গেলে যে বিষয়গুলো সাধারণত বেশি ভুল হয়, আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি: শেয়ার ইস্যু: শেয়ার ইস্যুর ক্ষেত্রে অনুমোদিত মূলধন/শেয়ার ইস্যুকৃত মূলধন/শেয়ার বিলিকৃত মূলধন/শেয়ার তলব ও আদায়কৃত মূলধন নির্ণয়ে অসুবিধা হয়, সেটা ভালো করে দেখতে হবে। আবার বকেয়া তলব ও অগ্রিম তলব, শেয়ার অধিহার ও শেয়ারের অবহার বিষয়টি ভালো করে বিবেচনা করতে হবে। উপরিউক্ত একটি বিষয় ভুল হলে অঙ্ক মিলবে না। কারণ প্রতিটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত। বিনিময় বিল: বিনিময় বিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাট্টা। এ স্থানটিতে প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থীরা ভুল করে। কারণ অঙ্ক থাকে তিন মাস অথবা দুই মাস মেয়াদি, কিন্তু বাট্টা ছাত্ররা ধরে এক বছর মেয়াদি। তাই এই অংশটুকু ভালো করে দেখতে হবে। অন্যদিকে বিলের মেয়াদের তারিখটা বিবেচ্য বিষয়। কারণ, অনেক ছাত্রছাত্রীরা অনুগ্রহ দিবস বিবেচনা করে না, যা সম্পূর্ণ ভুল। এতে অনেক কম নম্বর পাওয়া যায়। আরও ভুল হলো, সুদ দেওয়া ও নেওয়া, নোটিং চার্জ দেওয়া ও নেওয়ায় জাবেদার ক্ষেত্রে। পারস্পরিক অর্থসংস্থান বিনিময় বিলে প্রত্যাখ্যান অথবা দেউলিয়া হলে এর জন্য একটি খতিয়ান করে দেনা ও পাওনা নির্ণয় করতে হয়। কিন্তু অনেক ছাত্রছাত্রী ক্যালকুলেটরের মাধ্যমে করতে চায়, যাতে অঙ্ক ভুল হওয়ার আশঙ্কা বেশি থাকে। অংশীদারি কারবার: অংশীদারি কারবারের ক্ষেত্রে অনুপাত নির্ণয় ও লাভ-ক্ষতি কোন অনুপাতে বণ্টন করা হবে। এ বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বেতন বা সংশ্লিষ্ট কোনো খরচ ডেবিট করা হয়েছে, কিন্তু উত্তোলন হয়নি, আবার ডেবিট ও উত্তোলন দুটোই করা হয়েছে এবং ফি শুধু উত্তোলন করা হয়েছে, ডেবিট করা হয়নি। এই বিষয়গুলোর ক্ষেত্রে ভুল হওয়ায় আশঙ্কা বেশি। অঙ্কের শেষের দিকে একটি বিষয় থাকে, সেটা হলো নিশ্চয়তা। এ ক্ষেত্রে কে, কাকে নিশ্চয়তা দিল এবং কতটুকু সে পাবে বিষয়গুলো ভালো করে বের করে নিতে হবে (এ ক্ষেত্রে গণনাকার্যের সাহায্য নিতে হবে)। অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি: অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি অনেকের কাছে কঠিন বলে মনে হয়। আসলে তা নয়, এ অঙ্কটি অনেক সহজ ও ছোট। যদি কেউ এই প্রশ্নের উত্তর দেয়, তবে তার পরীক্ষার সময় অনেক বাঁচে। অঙ্কটির ক্ষেত্রে সঞ্চিতি বের করা ও লাভ-লোকসানের জের বের করা গুরুত্বপূর্ণ। জাবেদা নিয়ে মতবিরোধ থাকলেও আধুনিক নিয়মে জাবেদা অধিক গ্রহণযোগ্য। যদিও সনাতন চলবে। আরেকটি বিষয়, খতিয়ানে ব্যালেন্স বি/ডি ও সি/ডি বের করা, যার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী ভুল করে। আসলে কোনটি অনাদায়ী পাওনায় যাবে, না অনাদায়ী পাওনা সঞ্চিতিতে যাবে—বিষয়গুলো মন দিয়ে বোঝার চেষ্টা এবং প্রয়োগ করতে হবে। বেতন ও মজুরি: ৯৮ শতাংশ ছাত্রছাত্রী এ অঙ্কটির উত্তর দিয়ে থাকে। কিন্তু দেখা যায় উপস্থাপনজনিত কারণে ২ থেকে ৩ নম্বর কম পায়। কারণ, সে সঠিক আঁকতে পারে না। তাই নিচে একটি ছক তুলে ধরলাম। যেসব ক্ষেত্রে আরও ভুল হয় তা নিচে দেওয়া হলো: ১। মহার্ঘ ভাতা বের করা। ২। টিফিন ভাতা (যদি সাপ্তাহিক বা মাসিক দেওয়া থাকে)। ৩। ওভার টাইমের মজুরি বের করা (যদি স্বাভাবিক কর্ম ঘণ্টা দিয়ে ওভার টাইমের মজুরি বের করতে বলে)। ৪। মোট অগ্রিম বেতনের ক্ষেত্রে। ৫। নিয়োগ কর্তা ও কর্মী উভয় মিলে কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড তৈরি করতে বলবে। এ ক্ষেত্রে কে কতটুকু দেবে অথবা কার কতটুকু উপার্জন ও কর্তন যাবে, এটা ভুল হয়। উৎপাদন ব্যয় বিবরণী: এ বিবরণীর ক্ষেত্রে দুটো নিয়ম অবলম্বন করে অঙ্ক সমাধান করা যায়। এবং দুটোতে প্রাথমিকভাবে মতপাথর্ক্য থাকলে চূড়ান্ত নিট ক্ষতির ক্ষেত্রে দুটি নিয়ম একক উত্তর আসে। নিচে যে ভুলগুলো সাধারণত হয়। ১। প্রত্যক্ষ ও পরোক্ষ খরচগুলো বিবেচনা করা। ২। যদি % দিয়ে উপরি ব্যয় নির্বাহ করতে বলে সে ক্ষেত্রে সঠিক % বের করা। ৩। মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে কোন মূল্যের ওপর মুনাফা ধরতে বলে সেটা বিবেচনায় আনতে হবে। কারণ, বিক্রয় মূল্য ২০% হলে ক্রয় মূল্যের ওপর হবে ২৫%। আবার বিক্রয় মূল্য যদি ৩৩.৩৩% হয়, তবে ক্রয় মূল্যের ওপর ৫০% হবে। এভাবে মুনাফা বের করতে হবে। অনুপাত বিশ্লেষণ: এ অঙ্কটির কোনো বিকল্প নেই। তাই এ অঙ্কটি অবশ্যই উত্তর করতে হবে। এ অঙ্কটি সমাধান করতে গেলে কিছু সূত্র মুখস্থ করতে হবে। এরপর অঙ্কে চাহিদা অনুপাতে সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। তবে ধারে বিক্রয় বা ক্রয় বের করা, নিট ক্রয় অথবা বিক্রয় বের করা ও বিক্রীত পণ্যের ব্যয় বের করার ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রীর ভুল হয়। সবশেষে বলি, গড় দেনাদার, গড় পাওনাদার ও গড় সমাপনী মজুদ বের করতে না পারলে পরিপূর্ণ অঙ্ক সমাধান করা যাবে না। চূড়ান্ত হিসাব: দ্বিতীয় পত্রের চূড়ান্ত হিসাবে ২৫নম্বর নির্ধারিত, যা অধিক নম্বর পাওয়ার ব্যাপারে খুবই সহায়ক। এ ক্ষেত্রে যা ভুল হয়— ১। ক্রয় ও বিক্রয়, লাভ ও লোকসান এবং লাভ-লোকসান আবণ্টন হিসাবে ডেবিট ও ক্রেডিট না লেখা। ২। প্রদত্ত ভ্যাট ও প্রাপ্ত ভ্যাটকে লাভ-লোকসানে দেওয়া ভুল। এটা সব সময় উদ্ধৃত পত্রে লিখতে হয়। ৩। নতুন আয়কর সঞ্চিতি, শ্রমিক কল্যাণ তহবিল লাভ ও লোকসান আবণ্টনে দেওয়া ভুল, যা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী যাবে লাভ-লোকসান হিসাবে। ১৯১৩ সালের ভারতীয় কোম্পানি আইনে এগুলো আবণ্টনে দেওয়া ছিল। কিন্তু ১৯৯৪ সালে এটি নিষিদ্ধ করে আবণ্টন হিসাবে দিতে হবে উল্লেখ করেছে। ৪। সম্পদকে ৪ শ্রেণীতে ভাগ করতে হবে (স্থায়ী সম্পত্তি, বিনিয়োজিত সম্পত্তি অথবা দীর্ঘমেয়াদি বিনিয়োগ, চলতি সম্পত্তি ও অসমন্বিত ব্যয়)। ৫। দায়কে ৫ শ্রেণীতে ভাগ করতে হবে (শেয়ার মূলধন, উদ্বৃত্ত ও সঞ্চিতি, দীর্ঘমেয়াদি ঋণ, চলতি দায় ও ভবিষ্য ব্যবস্থা)। ৬। উপরিউক্ত বিষয়গুলো ছাড়াও, ভালো নম্বর পেতে হলে, নোট ও গণনাকার্য অবশ্যই দিতে হবে এবং সবগুলো বিষয়ের উত্তর লিখতে হবে।