পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা শুভেচ্ছা নাও। তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। গত দুই বছর যা পড়েছ তার চূড়ান্ত পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা। মনে রাখবে, এ পরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করবে তোমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ। তোমাদের মধ্যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে অনার্স পড়তে আগ্রহী তাদের জন্য রয়েছে আমার কিছু পরামর্শ। সঠিকভাবে প্রস্তুতি নিয়ে তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে ভালো স্কোর করতে হবে।উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা তোমরা ভূগোল ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়েছ কিংবা চতুর্থ বিষয় হিসেবে নিয়েছ, তাদের প্রত্যেকেরই এ বিষয়টির ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। কারণ, এ বিষয়টিতে নম্বর পাওয়া খুবই সহজ। এবং অল্প পরিশ্রমে খুব সহজেই ভালো নম্বর পাওয়া যায়। তবে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে উত্তর বুঝে-শুনে সুন্দর হস্তাক্ষরে লিখতে হবে।ভূগোল প্রথম পত্র হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এখানকার উত্তরগুলো অবশ্যই প্রয়োজনীয় চিত্রসহ উত্তর করতে হবে। মনে রাখবে, প্রশ্ন পছন্দ করার সময় অবশ্যই চিত্র বেশি দেওয়া যেতে পারে এমন সব প্রশ্নের উত্তর লিখতে চেষ্টা করবে। তাহলে দেখবে তুমি অবশ্যই অনেক বেশি নম্বর পেয়ে যাবে। বিগত বছরগুলোতে ঢাকা বোর্ডের বিভিন্ন সময়ে উত্তরপত্র মূল্যায়ন করার সময় দেখা গেছে অনেক পরীক্ষক অনেক ছাত্রছাত্রীকে ভূগোল প্রথম পত্রে অঙ্কের মতো পূর্ণ নম্বর অর্থাৎ তত্ত্বীয় ৭৫ নম্বরের পুরোটাই দিয়েছেন। এবং পরে উত্তরপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে ওই ছাত্রছাত্রী ওই পূর্ণ নম্বর পাওয়ার উপযুক্ত। সুতরাং তোমাদের উচিত হবে প্রশ্নে যা চাওয়া হয়েছে সেভাবে উত্তর লেখা। প্রয়োজনীয় চিত্র, মানচিত্র দেবে। সম্ভব হলে বিভিন্ন রং ব্যবহার করতে পারো। ভূগোল দ্বিতীয় পত্র পথম পত্রের তুলনায় একটু বেশি বর্ণনামূলক। সুতরাং এখানে পূর্ণ নম্বর পাওয়া একটু কষ্টকর। তবে অবশ্যই প্রয়োজনীয় মানচিত্র এবং লেখচিত্র তুমি সংযোজন করলে পূর্ণ নম্বর অনেক প্রশ্নে পেয়েও যেতে পারো। প্রতি উপাত্ত ব্যবহার করার সময় সারণির নিচে উৎস লিখবে। ইন্টারনেট কিংবা সর্বশেষ সংস্করণ থেকে পাওয়া আপডেটের উপাত্ত ব্যবহার করার চেষ্টা করবে। সম্ভব হলে প্রতিটি উত্তরের পেছনে তথ্যসূত্র ব্যবহার করতে পারো। প্রতিটি মানচিত্রে প্রশ্নের উত্তরে যা চাওয়া হয়েছে সেসব স্থান বিভিন্ন রং অথবা চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবে।ভূগোল একটি গতিশীল বিজ্ঞান। যথাসময় সর্বশেষ পাওয়া তথ্য এবং উপাত্ত নিয়ে এ বিষয়টি তার পথ চলে। তাই তোমরা তোমাদের নোট তৈরির সময় খেয়াল রাখবে যেন সর্বশেষ পাওয়া তথ্য এবং উপাত্ত তোমাদের তৈরি হ্যান্ডনোটে থাকে। পরীর্ক্ষীরা, ভূগোল বিষয়টি খুবই সৌন্দর্যপ্রিয় একটি শৈল্পিক বিষয়। এর প্রতিটি পরতে পরতে একটা শৈল্পিক মান বজায় রাখা তোমাদের উচিত। অর্থাৎ সুন্দর হাতের লেখা। বিভিন্ন কালার পেনসিলে আন্ডারলাইন করা, প্রয়োজনে মার্কার ব্যবহার, চিত্র-মানচিত্রগুলো পেনসিলে ভালোভাবে এঁকে তার ওপর কালার করা।অংকিত লেখচিত্রগুলোতে প্রয়োজনে কালার ব্যবহার করা। এসবই তোমার শৈল্পিক রুচির পরিচায়ক এবং বিষয়টির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। তোমরা এ দিকটির প্রতি খেয়াল রেখে প্রতিটি উত্তর লিখতে চেষ্টা করবে এবং পুরো খাতাটি যেন হয় পরিষ্কার-পরিচ্ছন্ন। কাটাকাটিমুক্ত। প্রশ্নের নম্বর ঠিকভাবে লিখবে। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, যেগুলো তোমার কমন পড়েছে, সেগুলো দ্রুত লিখে ফেলবে। তারপর রচনামূলক প্রশ্নগুলো লিখবে। তারপর যে প্রশ্নগুলো তোমার খুব ভালো জানা নেই, সেগুলো ধীরে, বুঝে, চিন্তা করে লিখবে। তাহলে দেখবে, তোমার পরীক্ষার প্রশ্ন যতই কঠিন হোক না কেন, তুমি আবশ্যই ভালো ফল করবে ইনশাআল্লাহ।তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, এ বিষয়ে ভালো নম্বরসহ ভালো ফল করো, এ দোয়া করি। মহান আল্লাহর নিকট এ দোয়া এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি।