প্রভাষক, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকাঅধ্যায়-৭ প্রিয় পরীক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।চীনের Bestone mobile কোম্পানি চীনের বিভিন্ন স্থানে নিজস্ব ব্যবসাধীনে বহু খুচরা দোকান প্রতিষ্ঠা করে তাদের তৈরি করা মোবাইল সরাসরি ভোক্তার কাছে বিক্রয় করে। এখন তারা বাংলাদেশের বিভিন্ন শহরে একইভাবে বিক্রয় করার উদ্যোগ নিয়েছে। প্রযুক্তি সপ্তাহ ২০১২ উপলক্ষে বিক্রয় বৃদ্ধি করার জন্য তারা ওই মোবাইলটির দাম পাঁচ শতাংশ হ্রাস করে একটি সিম ফ্রি দেওয়ার পরিকল্পনা করছে।প্রশ্ন: ক. মধ্যস্থ ব্যবসায়ী কাকে বলে?প্রশ্ন: খ. পণ্যের জীবনচক্র বলতে কী বুঝ?প্রশ্ন: গ. উদ্দীপকে প্রতিষ্ঠান Bestone mobile বৃহদায়তন খুচরা ব্যবসায়ের মধ্যে কোনটির অন্তর্ভুক্ত? বর্ণনা করো।প্রশ্ন: ঘ. Bestone mobile স্বল্প সময়ের জন্য যে উদ্যোগ নিয়েছে তার সফলতা মূল্যায়ন করো।উত্তর: ক. মধ্যস্থ ব্যবসায়ী: উত্পাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যদ্রব্য পৌঁছানোর কাজে যেসব ব্যবসায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের মধ্যস্থ ব্যবসায়ী বলে।উত্তর: খ. পণ্যের জীবনচক্র: একটি নতুন পণ্য শুরু করে শেষ পর্যন্ত যেসব ধাপ অতিক্রম করে তাই পণ্যের জীবনচক্র।পণ্য উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর ও পতন স্তর এই পাঁচটি ধাপে একটি জীবনচক্র সম্পন্ন হয়।উত্তর: গ. উদ্দীপকের প্রতিষ্ঠান Bestone mobile বৃহদায়তন খুচরা ব্যবসায়ের বহু শাখা বিপণির অন্তর্ভুক্ত।উত্পাদনকারী যখন দেশ-বিদেশের বিভিন্ন স্থানে নিজস্ব ব্যবস্থাপনায় একই ধরনের বহু সংখ্যক খুচরা দোকান স্থাপন করে নিজস্ব উত্পাদিত পণ্যসামগ্রী ভোক্তাদের কাছে বিক্রয়ের ব্যবস্থা করে তখন তাকে বহু শাখা বিপণি বলে।উদ্দীপকে Bestone mobile নামক প্রতিষ্ঠানটি নিজ দেশে ও বাংলাদেশে বহু শাখা স্থাপন করে তাদের উত্পাদিত পণ্য মোবাইলটি ভোক্তার কাছে বিক্রয় করে। এটি বহু শাখা বিপণীয় আদলে গড়া খুচরা বৃহদায়তন ব্যবসায়।সুতরাং উদ্দীপককে প্রতিষ্ঠান Bestone mobile বৃহদায়তন খুচরা ব্যবসায়ের মধ্যে অন্যতম বহু শাখা বিপণি।উত্তর: ঘ. Bestone mobile স্বল্প সময়ের জন্য যে উদ্যোগ নিয়েছে তা হলো বিক্রয় প্রসার। আমার মতে তাদের এই উদ্যোগ সফল।বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন অনুপ্রেরণা সৃষ্টির কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। তবে বিজ্ঞাপন, প্রচার ও ব্যক্তিক বিক্রনিকতা ব্যতীত পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধিমূলক অন্যান্য কার্যক্রমকে বিক্রয় প্রসার নামে অভিহিত করা হয়।উদ্দীপকে Bestone mobile মাত্র এক সপ্তাহের জন্য সংঘটিত প্রযুক্তি সপ্তাহ ২০১২তে তাদের পণ্যটির বিক্রয় বৃদ্ধির জন্য পাঁচ শতাংশ হ্রাস করে পণ্যের দাম নির্ধারণ করেছে। এটি স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির কৌশলে বা বিক্রয় প্রসার হিসেবে পরিচিত। এতে তাদের বিক্রয় বৃদ্ধি পেতে পারে।উপরিউক্ত আলোচনার আলোকে বলতে পারি, পাঁচ শতাংশ মূল্য হ্রাস করার স্বল্পমেয়াদি বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করায় ভোক্তারা পণ্যের প্রতি আগ্রহ দেখাবে এবং পণ্যটি কিনবে। ফলে তাদের সফলতা আসতে পারে। অর্থাত্ তাদের গৃহীত উদ্যোগ সফল বলেই আমি মনে করি।