অধ্যায়-৮প্রিয় পরীক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।মি. জুয়েল আরএমজির পণ্য নিউইয়র্কের ব্যবসায়ী মি. জনসনের কাছে বিক্রি করেন। চট্টগ্রাম বন্দর থেকে নিউইয়র্ক বন্দরে পণ্য প্রেরণের জন্য তিনি নিউইয়র্কগামী বাংলাদেশি জাহাজ হিজবুল বাহারের সঙ্গে একটি চুক্তি করে, যাতে জাহাজের ভাড়া, কোম্পানির নাম, যাত্রার তারিখ, চুক্তির শর্তাবলি, নাম, ঠিকানা, পণ্যের বিবরণ, বন্দরের পরিচয়ে সংবলিত থাকে। ২৫ দিনের মধ্যে পণ্য নিউইয়র্কে পৌঁছালেও শুল্ক কর্তৃপক্ষ মি. জনসনের কাছ থেকে পণ্যের বিবরণসংবলিত তালিকা না পাওয়ায় পণ্য খালাসের অনুমোদন দেয়নি।ক. বাণিজ্য দূতের চালান কী?খ. প্রত্যয়পত্র বলতে কী বোঝ?গ. মি. জুয়েল হিজবুল বাহার জাহাজের কর্তৃপক্ষের সঙ্গে কোন ধরনের চুক্তি করেছেন? বর্ণনা করো।ঘ. নিউইয়র্কের সমুদ্রবন্দর কর্তৃপক্ষের মি. জনসনকে পণ্য খালাসের অনুমোদন না দেওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো।উত্তর: ক. বাণিজ্য দূতের চালান: রপ্তানিকারকের দেশে অবস্থিত আমদানিকারকের দেশের বাণিজ্য দূত কর্তৃক পণ্যের যে চালান সত্যায়িত ও সীলমোহরকৃত করা হয় তাকে বাণিজ্য দূতের চালানপত্র বলে।উত্তর: খ. প্রত্যয়পত্র: প্রত্যয়পত্র হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এক প্রকার ঋণের দলিল যার মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে পণ্যের মূল্য প্রাপ্তি সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে। এ ক্ষেত্রে ব্যাংক মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় এবং তা পরিশোধের দায়িত্বও নেয়। এটি বৈদেশিক বাণিজ্যের অপরিহার্য দলিল।উত্তর: গ. মি. জুয়েল হিজবুল বাহার জাহাজের কর্তৃপক্ষের সঙ্গে জাহাজ ভাড়া চুক্তি করেছেন। জাহাজ কর্তৃপক্ষ ও রপ্তানিকারকের মধ্যে জাহাজ ভাড়া-সংক্রান্ত যে চুক্তি সম্পাদিত হয় তাকে জাহাজ ভাড়া চুক্তি বা নৌ-ভাইকপত্র বলে। এতে জাহাজ ও জাহাজ কোম্পানির নাম, যাত্রার তারিখ, চুক্তির শর্তাবলি, আমদানি ও রপ্তানিকারকের নাম, ঠিকানা, পণ্যের নাম ও পরিমাণ, ভাড়ার পরিমাণ, বন্দরের পরিচয় ইত্যাদি বিষয়ের উল্লেখ থাকে।উদ্দীপকে মি. জুয়েল আরএমজির পণ্য বিদেশে বিক্রয় করেন। অর্থাৎ তিনি একজন রপ্তানিকারক, তাঁর পণ্য জাহাজে করে নিউইয়র্কে পাঠানোর জন্য জাহাজের মালিকের সঙ্গে একধরনের চুক্তি করেন। যাতে জাহাজ ভাড়া চুক্তির সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান।সুতরাং বলতে পারি, মি. জুয়েল হিজবুল বাহার জাহাজের কর্তৃপক্ষের সঙ্গে জাহাজ ভাড়া চুক্তি করেছেন।উত্তর: ঘ. নিউইয়র্কের সমুদ্রবন্দর কর্তৃপক্ষের মি. জনসনকে পণ্য খালাসের অনুমোদন দেয়নি। কারণ হলো মি. জনসন আগমনপত্র পেশ করেননি। সুতরাং তাঁদের এই সিদ্ধান্ত যৌক্তিক। পণ্য আমদানির ক্ষেত্রে বিদেশ থেকে পণ্যসহ জাহাজ বন্দরে পৌঁছালে আমদানিকারকের পণ্যের পূর্ণ বিবরণসহ একটি তালিকা শুল্ক কর্তৃপক্ষের কাছে পেশ করতে হয়। একে আগামপত্র বলে। এই আগমনপত্রের বিবরণ অনুযায়ী জাহাজের পণ্য পরীক্ষা করে জাহাজ কর্তৃপক্ষ অনুমোদন দিলেই জাহাজ থেকে পণ্য খালাস করা যায়।উদ্দীপকে মি. জনসন বাংলাদেশের মি. জুয়েল থেকে আরএমজি পণ্য কেনার আয়োজন করলেও তার দেশের বন্দর, যেখানে পণ্য পৌঁছায় ও যেখান থেকে খালাস করবে সেখানে আগমনপত্র পেশ করেননি। তাই বন্দর কর্তৃপক্ষ পণ্যের বিবরণ না জেনে পণ্য খালাসের অনুমোদন দেয়নি। তাদের এই সিদ্ধান্ত এ ক্ষেত্রে আমি সম্পূর্ণ যৌক্তিক বলেই মনে করি।