ব্যাকরণ প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।প্রশ্ন: ‘ভাষা ব্যাকরণ অনুসরণ করে না, ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে।’অথবা, ‘ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে না, নির্মাণও করে না, তবু ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না।’ বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর: প্রাচীনকাল থেকে বিভিন্ন ভাষা চলে আসছে মানুষের মুখে মুখে। কালক্রমে মানুষের ভাষার মধ্যে নানা রকম বৈচিত্র্য লক্ষ করা যায়। এমনকি মানুষের ভাষার ভিন্নতাও লক্ষ করা যায়। ফলে মানুষ ভাষাকে আপন ইচ্ছামতো ব্যবহার করতে শুরু করে। যার ফলে ভাষাভাষী জনগণের মধ্যে ভাষার শুদ্ধ ব্যবহার নিয়ে মতভেদ দেখা দেয়। আর ভাষাকে সুন্দর, সঠিক ও সাবলীলভাবে প্রকাশ করার জন্য তখন আবিষ্কৃত হয় ব্যাকরণ। সুতরাং দেখা যাচ্ছে যে ভাষার অভ্যন্তরীণ নিয়ম-শৃঙ্খলা বিশ্লেষণ এবং এদের প্রয়োগবিধিই ব্যাকরণের আলোচ্য বিষয়। যেহেতু ভাষাকে সমৃদ্ধ, সঠিক ও শ্রুতিমধুর করার জন্য ব্যাকরণের সূচনা হয়েছে, সেহেতু ব্যাকরণের জন্ম ভাষা সৃষ্টির অনেক পরে। সংগত কারণেই বলা যায়, ভাষা ব্যাকরণ অনুসরণ করে না, ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে। কিন্তু ভাষার সঠিক প্রয়োগের জন্য ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রশ্ন: ব্যাকরণ কত প্রকার ও কী কী? উত্তর: ব্যাকরণের প্রকারভেদ: ব্যাকরণ চার প্রকার। যথা: ক. বর্ণনাত্মক ব্যাকরণ খ. ঐতিহাসিক ব্যাকরণ গ. তুলনামূলক ব্যাকরণ ও ঘ. দার্শনিক বিচারমূলক ব্যাকরণ। # বর্ণনাত্মক ব্যাকরণ: বিশেষ কোনো কালের কোনো একটি ভাষার রীতি ও প্রয়োগ বর্ণনা করা এর বিষয় এবং সে বিশেষ কালের ভাষা যথাযথ ব্যবহার করতে সাহায্য করা এর উদ্দেশ্য।# ঐতিহাসিক ব্যাকরণ: আধুনিক বা কোনো নির্দিষ্ট যুগের ভাষাগত প্রয়োগরীতি আলোচনা করে আলোচ্য ভাষার রূপটির বিকাশের ইতিহাস পর্যালোচনা করা এর লক্ষ্য। # তুলনামূলক ব্যাকরণ: যে শ্রেণীর ব্যাকরণ কোনো বিশেষ কালের বিভিন্ন ভাষার গঠন, প্রয়োগরীতি ইত্যাদির তুলনামূলক আলোচনা করে থাকে, তা-ই তুলনামূলক ব্যাকরণ। # দার্শনিক বিচারমূলক ব্যাকরণ: ভাষায় অন্তর্নিহিত চিন্তা প্রণালিটি আবিষ্কার ও অবলম্বন করে সাধারণভাবে কিংবা বিশেষভাবে ভাষার রূপের উৎপত্তি ও বিবর্তন কীভাবে ঘটে থাকে, তার বিচার করা এর পর্যায়ভুক্ত।প্রশ্ন: সাধু ভাষা ও চলিত ভাষা বলতে কী বুঝ? উদাহরণসহ আলোচনা করো।উত্তর: পৃথিবীর প্রায় সব ভাষারই লেখ্য ও কথ্যরূপ আছে। বাংলা ভাষার লেখ্যরীতি হিসেবে সাধু এবং কথ্যরীতি হিসেবে চলিতরীতির উদ্ভব হয়েছে।সাধু ভাষা: বাংলা ভাষায় সংস্কৃত শব্দ সম্পদ, ক্রিয়া ও সর্বনামের পূর্ণরূপ এবং কিছু ব্যাকরণসিদ্ধ উপাদান ব্যবহার করে ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালির অনুকরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাকে সাধু ভাষা বলে।ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় সাধুরীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ‘সাধারণত গদ্য সাহিত্যে ব্যবহূত বাঙালা ভাষাকে সাধু ভাষা বলে।’উদাহরণ: জন্মিলে মরিতে হয়, আকাশে প্রস্তর নিক্ষেপ করিলে তাহাকে ভূমিতে পড়িতে হয়, খুন করিলে ফাঁসিতে যাইতে হয়, চুরি করিলে কারাগারে যাইতে হয়, তেমনি ভালোবাসিলেই কাঁদিতে হয়। অপরাপরের মতো ইহাও জগতের একটি নিয়ম।চলিত ভাষা: তদ্ভব শব্দ, ক্রিয়া ও সর্বনামের সংক্ষিপ্ত রূপ এবং লেখকের মনোভাব অনুযায়ী পদবিন্যাস প্রণালির ব্যবহারসহ যে স্বচ্ছন্দ, চটুল ও সর্বজনীন সাহিত্যিক গদ্যরীতি মুখের ভাষার আদলে গড়ে উঠেছে, তার নাম চলিত ভাষা। বাংলাদেশের উত্তরাংশসহ কলকাতা ও ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের শিক্ষিত জনগণের মুখের ভাষার আদলে যে শক্তিশালী সাহিত্যিক গদ্য প্রবর্তিত হয়, তাই চলিত ভাষা বা চলিত গদ্য বলে খ্যাত। প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ চলিত গদ্যের সার্থক রূপকার।উদাহরণ: মেয়ের বয়স অবৈধ রকমের বেড়ে গিয়েছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে সে জন্যই তাড়া।