অধ্যায়-২: কেন্দ্রীয়ব্যাংক প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ব্যবসায়নীতি ও প্রয়োগ ২য় পত্র (ব্যাংকিং ও বীমা) থেকে তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করছি। আশা করছি এ থেকে তোমরা উপকৃত হবে।# বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ব্যাংক লক্ষ করছে, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সামর্থ্য হ্রাস পাওয়ায় তাদের গ্রাহকদের ঋণ প্রদানে অনীহা প্রকাশ করছে। বাংলাদেশ ব্যাংক এ অবস্থা দূরীকরণে প্রথমত, তাদের কাছ থেকে যেসব ব্যাংক ঋণ নেবে তাদের পূর্বের ৬% এর স্থলে ৫% সুদ দিতে হবে বললেও বাজারে অবস্থার তেমন পরিবর্তন ঘটেনি। তাই বাংলাদেশ ব্যাংক ১ জানুয়ারি ২০১২ থেকে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের জমাকৃত আমানতের ৮% এর স্থলে ৬% অর্থ তাদের কাছে রাখতে বলল। এতে ব্যাংকগুলোর ভোল্টে অলস অর্থ জমা হতে থাকায় তারা এখন করণীয় নিয়ে ভাবছে। প্রশ্ন: ক. ব্যাংক কী? প্রশ্ন: খ. কেন্দ্রীয় ব্যাংক বলতে কী বোঝায়? প্রশ্ন: গ. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে প্রথমে কোন পদ্ধতি ব্যবহার করেছিল?প্রশ্ন: ঘ. উদ্দীপকের প্রেক্ষাপট বাংলাদেশ ব্যাংকের গৃহীত পরবর্তী কৌশলটির সার্থকতা বিশ্লেষণ করো। উত্তর: ক. ব্যাংক শব্দটি এসেছে ইংরেজি Bank শব্দের পরিভাষা হিসেবে। এর আভিধানিক অর্থ নদী বা সমুদ্রের তট বা কূল। প্রকৃতপক্ষে ব্যাংক হলো এক ধরনের আর্থিক মাধ্যম, ব্যবসায় প্রতিষ্ঠান যার মৌলিক উদ্দেশ্য হলো অব্যবহূত উদ্বৃত্ত অর্থ সংগ্রহ করা এবং অপরকে তা ঋণ হিসেবে প্রদান করা। উত্তর: খ. দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে দেশের ব্যাংক ও মুদ্রাব্যবসায় নেতৃত্ব প্রদানের জন্য সরকারের নিয়ন্ত্রণে যে ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।কেন্দ্রীয় ব্যাংক হলো ওই আর্থিক প্রতিষ্ঠান যার মালিকানা থাকে সরকারের হাতে এবং এই ব্যাংক গঠন ও পরিচালনার দায়িত্ব স্বায়ত্বশাসনের মাধ্যমে হয়। কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যক্তি বিশেষ বা প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না। তাদের দায়িত্ব দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, মুদ্রার মান নিয়ন্ত্রণ, ঋণ পরিস্থিতি কাম্যস্তরে ধরে রাখা সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করা। পাশাপাশি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরামর্শ প্রদান, জরুরি অবস্থান, ঋণ প্রদান, তাদের জমা সংরক্ষণ ইত্যাদি কাজও কেন্দ্রীয় ব্যাংকেরই করতে হয়। পৃথিবীর প্রতিটি দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। যেমন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এর নাম ফেডারেল রিজার্ভ সিস্টেম। উত্তর: গ. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে প্রথমে ‘ব্যাংক হার নীতি’ পদ্ধতি ব্যবহার করেছিল যা মূলত তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রভাবিত করে। কেন্দ্রীয় ব্যাংককে দেশের ঋণ নিয়ন্ত্রণের জন্য কতগুলো পদ্ধতি ব্যবহার করতে হয়। এর কতগুলো বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদানে বেশি উৎসাহী করে আবার কখনো নিরূৎসাহিতও করে। আর এসবই করা হয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে যথাযথ পরিমাণ ঋণ প্রদানে অভ্যস্ত করার জন্য। ব্যাংক হার নীতি এ ধরনের প্রত্যক্ষ ঋণ নিয়ন্ত্রণের নীতি যেখানে কেন্দ্রীয় ব্যাংক তার তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদানের ক্ষেত্রে কখনো সুদ বেশি নেয় আবার কখনো কম। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোরও সুদের হারে ওঠানামা করে। এর মাধ্যমে বাজারে ঋণ প্রদান নিয়ন্ত্রিত থাকে। একে ব্যাংকের নীতি বলে। উদ্দীপকে আমরা দেখতে পাই যে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু দিন ধরেই লক্ষ করছিল যে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক সামর্থ্য কমে যাচ্ছে। এতে তারা গ্রাহকদের ঋণ প্রদানে অনীহা প্রদর্শন করছিল। এ অবস্থা থেকে আমরা বুঝতে পারি যে, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ টাকা কমে গিয়েছিল। তাই তাদের ঋণ প্রদানে অনীহা দেখা দিত। এ অবস্থায় আমরা দেখি যে, বাংলাদেশ ব্যাংক তার তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৬% এর পরিবর্তে ৫% সুদে ঋণ দিয়েছিল। এতে যা হওয়ার কথা তা হলো বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কম সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ পাবে তখন তারা গ্রাহককেও কম সুদে ঋণ দিতে পারবে। এতে ঋণ পরিস্থিতি অবশ্যই উন্নত হবে। আমরা উপরিউক্ত যে বৈশিষ্ট্যগুলো দেখলাম তা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের অধীনে ‘ব্যাংক হার নীতি’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় আমরা বলতে পারি উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক প্রথমত ঋণ নিয়ন্ত্রণে ‘ব্যাংক হার নীতি’ পদ্ধতির অনুসরণ করেছিল।উত্তর: ঘ. উদ্দীপকে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্গত ‘জমার হার পরিবর্তন নীতি’ অনুসরণ করেছিল।উদ্দীপকে আমরা দেখতে পাই প্রথম পদ্ধতিটি ততটা ফলদায়ক না হওয়া বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে ‘জমার হার পরিবর্তন নীতি’ ব্যবহার করেছিল। জমার হার পরিবর্তন নীতি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্গত। এ পদ্ধতিতে বা নীতিতে কেন্দ্রীয় ব্যাংক তার তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে নগদে ও সিকিউরিটিজ ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। কেন্দ্রীয় ব্যাংক যখন দেখে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে বেশি পরিমাণ নগদ অর্থ রয়েছে বা বেশি পরিমাণ ঋণ দিচ্ছে তখন কেন্দ্রীয় ব্যাংক এ হার বৃদ্ধি করে দেয়। যার ফলে বেশি পরিমাণ অর্থ জমা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে চলে যায় ব্যাংকগুলো ঋণ প্রদান আগের মতো আর ক্ষমতা রাখে না আবার যদি বাজারে নগদ অর্থের ঘাটতি থাকে বা ব্যাংকগুলো ঋণ প্রদানে অনীহা দেখায় তখন কেন্দ্রীয় ব্যাংক এ হার কমিয়ে দিয়ে ঋণ প্রদানের সামর্থ্য বৃদ্ধি করতে সহায়তা করে। একেই জমার হার পরিবর্তন নীতি বলে। উদ্দীপকে আমরা দেখতে পাই যে এ পদ্ধতি ব্যবহারের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ভোল্টে অলস অর্থ জমা হবে; এর অর্থ এই যে ‘জমার হার পরিবর্তন নীতি’ কাজ করছিল। উপরিউক্ত আলোচনা থেকে আমরা কেন্দ্রীয় ব্যাংকের ‘জমার হার পরিবর্তন নীতি’ সম্পর্কে জানতে পেরেছি। আমরা জানি যে যখন বাজারে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদানে অনীহা জানায় তার অর্থ তাদের নগদ অর্থের ঘাটতি আছে। আর এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায় বাণিজ্য হুমকির মুখে পড়ে। তাই জমার হার পরিবর্তন করা এখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগের তুলনায় কম অর্থ নগদ জমা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হচ্ছে। এতে তাদের নগদ অর্থ আগের চেয়ে অনেক বেশি হাতে থাকবে এবং তারা অবশ্যই ঋণ প্রদানে পুনরায় আগ্রহী হবে। যেমনটি উদ্দীপকে আমরা দেখলাম যে যখনই কেন্দ্রীয় ব্যাংক জমার হার ৮% এর স্থলে ৬% (CRR 6%) করল তখনই বাণিজ্যিক ব্যাংকগুলোর ভোল্টে নগদ অর্থ বেশি জমা হতে লাগল যা তারা পরবর্তী সময়ে ঋণ হিসেবে জনগণকে দেবে। এর অর্থ ‘জমার হার পরিবর্তন নীতি’ উদ্দীপকে সার্থক হয়েছে। সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পরবর্তী কৌশল ‘জমার হার পরিবর্তন নীতি’ সফল হয়েছে।