প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ১ম পত্র থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: জাবেদা কাকে বলে? জাবেদার প্রয়োজনীয়তা কী?উত্তর: ইংরেজি JOURNAL শব্দটি ফরাসি ভাষা JOUR থেকে উৎপত্তি লাভ করে। JOUR শব্দের অর্থ হলো দিন, দৈনিক বা দিবস। ইংরেজি JOURNAL শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো হিসাবের দৈনিক বই। নিচে জাবেদার সংজ্ঞা প্রদান করা হলো: সাধারণ অর্থে: কারবারে সংঘটিত লেনদেনগুলো হিসাবের বহিতে লিপিবদ্ধ করাকেই জাবেদা বলে। ব্যাপক অর্থে: আর্থিক লেনদেনসমূহ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে ডেবিট ও ক্রেডিট বিন্যস্ত করে তারিখ মোতাবেক ক্রমান্বয়ে সর্বপ্রথম যে বইয়ে লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলে। বিভিন্ন হিসাববিজ্ঞানী জাবেদার যে সংজ্ঞা দিয়েছেন তা নিম্নরূপ: # অধ্যাপক এইচ ব্যানার্জির মতে, ‘দৈনিক সংঘটিত লেনদেনসমূহ যে দৈনন্দিন হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলে।’ # Prof Chambers-এর মতে, জাবেদা হলো এমন একটি হিসাবের বই, যাতে প্রতিদিনের সংঘটিত লেনদেনসমূহ সংরক্ষণ করা হয়। # Hermanson-এর মতে, ‘জাবেদা হলো একটি ব্যবসায়ের লেনদেনের কালানুক্রমিক লিপিবদ্ধকরণ।’উল্লিখিত আলোচনা থেকে এ সিদ্ধান্তে আসা যায় যে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে দুতরফা দাখিলা মোতাবেক তারিখ অনুযায়ী পর পর ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করাকে জাবেদা বলে। জাবেদার প্রয়োজনীয়তা বা গুরুত্ব: প্রতিটি কারবার প্রতিষ্ঠানের জন্য হিসাব রাখা অপরিহার্য। আর হিসাবের মাধ্যমেই দুপক্ষের মধ্যে সংঘটিত লেনদেনের পরিমাণ বা অবস্থা উপলব্ধি করা যায়। জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই। নিচে জাবেদার প্রয়োজনীয়তা আলোচনা করা হলো:১. লেনদেনের প্রাথমিক ও স্থায়ী দলিলপত্র: কারবার প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে জাবেদায় প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়। ফলে এটি দুপক্ষের মধ্যে স্থায়ী দলিল হিসেবে সংরক্ষিত হয়।২. লেনদেনের বিবরণ: লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে জাবেদায় তারিখ অনুযায়ী ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ করে লেখার ফলে খুব সহজে লেনদেনের বিস্তারিত বিবরণ পাওয়া যায়।৩. ফলাফল: খতিয়ান প্রস্তুত করার অন্যতম সহায়ক হলো জাবেদা। তাই জাবেদার সাহায্যে খতিয়ান প্রস্তুত করে প্রতিটি হিসাবের চূড়ান্ত ফলাফল নির্ণয় করা যায়।৪. জালিয়াতি পরিহার: সঠিকভাবে হিসাব রাখার ফলে কারবারের সঙ্গে জড়িত সব পক্ষের জালিয়াতি পরিহার করতে সহায়তা করে।৫. খতিয়ানে স্থানান্তর: জাবেদায় লেনদেনগুলোকে ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ করে লেখার ফলে হিসাবের পাকা বই বা খতিয়ানে স্থানান্তর সহজ হবে।৬. ভুল সংশোধন: লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করে খতিয়ানে স্থানান্তর করার ফলে যদি কোনো তথ্যে ভুল হয়, তাহলে অতি সহজে সংশোধন করা যায়।৭. লেনদেন বাদ পড়ার আশঙ্কা হ্রাস: কারবারে লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে জাবেদায়ন করা হয়। যার ফলে লেনদেন বাদ পড়ার আশঙ্কা হ্রাস পায়।৮. মূল তথ্যকেন্দ্র: কারবারি লেনদেনগুলো জাবেদায় তারিখ অনুযায়ী ক্রমান্বয়ে সাজিয়ে লেখা হয় বলে একে প্রতিষ্ঠানের কারবারি লেনদেনের মূল তথ্যকেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়।৯. ভুল বোঝাবুঝি পরিহার: জাবেদা রাখার ফলে লেনদেনের সঙ্গে সম্পর্কযুক্ত পক্ষসমূহের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না।১০. বিন্যাসকরণ: জাবেদার প্রতিটি লেনদেনকে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক শ্রেণীবিন্যাস করে ডেবিট ও ক্রেডিট করার ফলে লেনদেনের সঙ্গে জড়িত পক্ষসমূহের প্রকৃতি ও হিসাব খাত সম্পর্কে অবহিত হওয়া যায়। ১১. ধারাবাহিকতা রক্ষা: জাবেদাকে কালানুক্রমিক হিসাবের বই বলা হয়। কারণ, তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে জাবেদায় লেনদেনসমূহকে লিপিবদ্ধ করা হয় বলে প্রয়োজনে লেনদেনের তারিখ সম্পর্কে জানা যায়। উল্লিখিত আলোচনা থেকে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কারবারি জগতে জাবেদার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বলা বাহুল্য। সঠিকভাবে কারবার পরিচালনার জন্য জাবেদার গুরুত্ব অপরিসীম।প্রশ্ন: নগদান বই জাবেদা না খতিয়ান?উত্তর: নগদান বইকে কোনো কোনো হিসাববিদ খতিয়ান এবং কোনো কোনো হিসাববিদ জাবেদা বলে মনে করেন। সুতরাং, তাঁদের মধ্যে এ নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। তবে আধুনিককালের হিসাববিদেরা নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলে অভিহিত করেন। নগদান বইকে জাবেদা বলার সপক্ষে যুক্তি: ১. জাবেদার মতো লেনদেন সংঘটিত হওয়ার পর নগদান বইয়ে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহকারে লিপিবদ্ধ করা হয়।২. প্রতিটি নগদ লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয়। ৩. জাবেদা থেকে যেভাবে খতিয়ান প্রস্তুত করা হয়, ঠিক সেভাবে নগদান বই থেকেও প্রতিটি লেনদেন সংশ্লিষ্ট খতিয়ান হিসেবে স্থানান্তর করা হয়।৪. জাবেদার মতো নগদান বইকেও খতিয়ানের সহকারী বই বলে।৫. বিভিন্ন প্রকার লেনদেনের জন্য যেমন পৃথক পৃথক বিশেষ জাবেদা বই সংরক্ষণ করা হয়, তেমনি নগদ লেনদেনের জন্য নগদান বই প্রস্তুত করা হয়।৬. নগদান বইকে হিসাবের একটি মৌলিক ও প্রাথমিক বই বলা হয়। কারণ, এতে লেনদেনগুলো মৌলিক ও প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়।নগদান বইকে খতিয়ান বলার কারণ: ১. নগদান বইয়ের আকৃতি খতিয়ান হিসাবের মতো।২. খতিয়ানের মতো নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট দুটি দিক রয়েছে।৩. নগদান বইও খতিয়ানের মতো একটি পাকা বই।৪. নগদান বইয়ে খতিয়ানের মতো প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত থাকে।৫. নগদান বই তৈরি করলে আলাদাভাবে আর নগদান হিসাব তৈরি করার প্রয়োজন নেই। তাই নগদান বই খতিয়ানের কাজ করে।৬. খতিয়ানের মতো নির্দিষ্ট সময় শেষে নগদান বইয়ের জের নির্ণয় করা হয়। ৭. খতিয়ান হিসাবের মতো নগদান বইয়ের জের রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হয়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, নগদান বই যেমন জাবেদার কাজ করে, ঠিক অন্যদিকে খতিয়ানেরও কাজ করে থাকে। সুতরাং, নগদান বইকে এককভাবে জাবেদা বা খতিয়ান বলা ঠিক হবে না। নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই।