প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের পদার্থবিজ্ঞান ১ম পত্রের তাপ বিকিরণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করা হলো। তোমরা ভালোভাবে অনুশীলন করবে। তাপ বিকিরণ: কোনো প্রকার মাধ্যমের সাহায্য ছাড়াই একস্থান থেকে অন্যস্থানে তাপ সঞ্চালনকে তাপ বিকিরণ বলা হয়। বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য:১। বিকীর্ণ তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ২। বিকীর্ণ তাপ প্রতিফলন ও প্রতিসরণের সূত্র মেনে চলে। ৩। বিকীর্ণ তাপ একধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ৪। বিকীর্ণ তাপ আলোর বেগে চলে। ৫। বিকীর্ণ তাপ ব্যতিচার, অপবর্তন ও পোলারায়ণ প্রদর্শন করে। ৬। বিকীর্ণ তাপ বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। কৃষ্ণকায়া বা কৃষ্ণ বস্তু: যে বস্তু তার ওপর আপতিত সব তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ শোষণ করে এবং অত্যধিক উত্তপ্ত করলে এটি আবার বিস্তীর্ণ পাল্লার বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের শোষিত বিকিরণ নির্গত করে তাকে কৃষ্ণকায়া বা কৃষ্ণ বস্তু বলে। যেহেতু একটি কৃষ্ণবস্তু তার ওপর আপতিত সকল বিকিরণ শোষণ করে, আবার এটাকে উত্তপ্ত করলে তা সকল বিকিরণ নিঃসরণও করে, তাই একটি কৃষ্ণ বস্তু উত্তম শোষক ও উত্তম বিকিরক।আদর্শ কৃষ্ণ বস্তু: যে বস্তু তার ওপর আপতিত সকল দৃশ্য ও অদৃশ্য বিকীর্ণ তাপশক্তির সব অংশই শোষিত হয়, কোনো অংশই প্রতিফলিত কিংবা সঞ্চালন ঘটে না, তাকে আদর্শ কৃষ্ণবস্তু বলে। কিন্তু বাস্তবে কোনো বস্তুই সব তাপমাত্রায় সকল তরঙ্গদৈর্ঘ্যের সমস্ত আপতিত বিকীর্ণ শক্তিকে সম্পূর্ণরূপে শোষণ করতে পারে না। সুতরাং আদর্শ কৃষ্ণ বস্তু কাল্পনিক। প্রদীপের কালি (ভুসাকালি) এবং কালো প্লাটিনাম যথাক্রমে প্রায় ৯৬% এবং ৯৮% আপতিত বিকিরণ শোষণ করতে পারে। বিকিরণ ক্ষমতা: নির্দিষ্ট তাপমাত্রার কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি একক সময়ে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের যে পরিমাণ তাপ লম্বভাবে বিকীর্ণ হয় তাকে ওই বস্তুর বিকিরণ ক্ষমতা বলে। আপেক্ষিক বিকিরণ ক্ষমতা: কোনো বস্তুর বিকিরণ ক্ষমতা ও একটি আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার অনুপাতকে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা বলা হয়। শোষণ ক্ষমতা: কোনো নির্দিষ্ট সময়ে কোনো বস্তু বিকীর্ণ তাপের যে পরিমাণ শোষণ করে এবং ওই সময়ে বস্তুর ওপর যে পরিমাণ বিকীর্ণ তাপ আপতিত হয়, তাদের অনুপাতকে ওই বস্তুর শোষণ ক্ষমতা বলে।