প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের পদার্থবিজ্ঞান ১ম পত্রের সরল ছন্দিত স্পন্দন অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করা হলো । তোমরা ভালোভাবে অনুশীলন করবে। পর্যাবৃত্ত গতি: নির্দিষ্ট সময় পরপর কোনো বস্তুর গতির পুনরাবৃত্তি ঘটলে বস্তুটির গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। ঘড়ির কাঁটার গতি, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের গতি ইত্যাদি পর্যাবৃত্ত গতির উদাহরণ। স্পন্দন গতি: পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কারের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বা দোলন গতি বলা হয়। কম্পনশীল সুর শলাকা, স্পিংয়ের গতি ইত্যাদি স্পন্দন গতির উদাহরণ।সরল ছন্দিত স্পন্দন গতি: যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তাহলে বস্তুর এই গতিকে সরল ছন্দিত স্পন্দন গতি বলে। সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বস্তুর ত্বরণ a এবং সরণ xএর মধ্যে সম্পর্ক হলো, a x বা, a = kx এখানে k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই সমীকরণে ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে ত্বরণের দিক সরণের বিপরীত দিকে। খুব কম বিস্তারের সরল দোলকের গতি, কম্পনশীল সুর শলাকা, স্পিংয়ের গতি ইত্যাদি সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ। সরল ছন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্য: ১. এটি একটি পর্যাবৃত্ত গতি ২. এটি সরলরৈখিক গতি ৩. এটি একটি স্পন্দন গতি ৪. যেকোনো সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক এবং ৫. ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু-অভিমুখী। সেকেন্ড দোলক: যে সরল দোলকের অর্ধ-দোলনকাল 1 সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলা হয়। তাই একটি সেকেন্ড দোলকের দোলনকাল হলো 2 সেকেন্ড।