সৃজনশীল প্রশ্নোত্তর প্রশ্ন: রেওয়ামিল কী? রেওয়ামিলে কী কী ভুল ধরা পড়ে না? অথবা রেওয়ামিলের সীমাবদ্ধতা কী? উত্তর: রেওয়ামিল বাংলা শব্দ, ইংরেজি Trial Balance শব্দ হতে এসেছে। Trial Balance শব্দের অর্থ ভুল সংশোধনের উদ্দেশ্যে হিসাব উদ্বৃত্তসমূহ বারবার পরীক্ষা করা। সাধারণ অর্থে: হিসাব উদ্বৃত্তগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য ডেবিট ও ক্রেডিটে সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। বিশেষ অর্থে: যেসব আর্থিক প্রতিষ্ঠান দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে তাদের প্রণীত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তগুলোকে সাজিয়ে যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। রেওয়ামিল কোনো হিসাব বা হিসাবের অঙ্গ নয়। তথাপি এটা হিসাবচক্রের চতুর্থ ধাপ হিসেবে বিশেষভাবে বিবেচিত।নিচে রেওয়ামিল সম্পর্কে বিশিষ্ট হিসাববিজ্ঞানীদের সংজ্ঞা উল্লেখ করা হলো।(১) আর এন কার্টার: নগদান বইয়ের নগদান ও ব্যাংক জেরসহ খতিয়ান হিসাবগুলোর ডেবিট ও ক্রেডিট জেরের তালিকাই রেওয়ামিল।(২) weygandt/kieso : A Trial balance is a list of accounts and their balances at a given time (রেওয়ামিল হলো একটি নির্দিষ্ট সময়ের হিসাব এবং এর জেরসমূহের তালিকা বা ফর্দ।) (৩) জে আর বাটলিবয়: হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার উদ্দেশ্যে খতিয়ান থেকে গৃহীত ডেবিট ও ক্রেডিট জেরসমূহের একটি বিবরণীকে রেওয়ামিল বলা যেতে পারে।উপরিউক্ত সংজ্ঞা ও বিশিষ্ট হিসাববিজ্ঞানীদের মতামতের আলোকে বলা যায়, কোনো নির্দিষ্ট তারিখে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই ও আর্থিক প্রতিবেদন প্রস্তুতে সাহায্য করার জন্য হিসাব উদ্বৃত্তসমূহ দ্বারা আলাদা কাগজে বা পৃষ্ঠায় যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বা Trial Balance বলে। যেসব ভুল রেওয়ামিলে ধরা পড়ে না বা রেওয়ামিলের সীমাবদ্ধতা:রেওয়ামিল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করলেও এমন কিছু ভুল আছে, যা রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে ধরা পড়ে না—এ জাতীয় ভুলকে রেওয়ামিলের সীমাবদ্ধতাও বলা হয়। এ জাতীয় ভুল স্বাভাবিকভাবে ধরা না পড়লেও এদের সম্পর্কে জানা থাকা দরকার, যাতে এ জাতীয় ভুল সংঘটিত না হয় বা সংঘটিত হলেও দ্রুত উদ্ঘাটন করা যায়। নিচে এ জাতীয় ভুল সম্পর্কে আলোচনা করা হলো। ভুল: হিসাবপ্রক্রিয়ায় নিয়োজিত ব্যক্তিদের অজ্ঞতা, অসাবধানতা বা অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য হিসাবরক্ষণে যে ত্রুটি-বিচ্যুতি ঘটে তাকে ভুল বলে। ভুল ক্ষমার যোগ্য। তবে ভুল অবশ্যই উদ্ঘাটন ও প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। ১. কারণিক ভুল: হিসাববিজ্ঞানের কার্যাবলি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে বিভিন্ন ব্যক্তি কর্তৃক হিসাবরক্ষণ-প্রক্রিয়া সম্পন্ন করা যায়। বিভিন্ন ব্যক্তি হিসাব সংরক্ষণে সমান পারদর্শী নয়, এ অবস্থায় হিসাবে যে ভুল হয় তাকে কারণিক ভুল বলে। ভুলের প্রকৃতি অনুযায়ী কারণিক ভুলকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা: (ক) বিচ্যুতি বা বাদজনিত ভুল: যেসব হিসাব বইয়ে লেখার সময় সম্পূর্ণ বাদ পড়ে যায় বা কোনো লেনদেনে দুদিকে সমপরিমাণ বাদ পড়ে যায় তাকে বাদজনিত ভুল বা বিচ্যুতি বলে। এ জাতীয় ভুলের প্রভাব রেওয়ামিলের উভয় দিকে সমানভাবে বিস্তার করে বিধায় রেওয়ামিলে ধরা পড়ে না। যেমন: সাজিদের নিকট হতে ধারে পণ্য ক্রয় ১০০০ টাকা যদি মোটেই ক্রয় বইয়ে লেখা না হয়, তখন খতিয়ানের উভয় দিকে বাদ পড়ে যাবে, ফলে রেওয়ামিল মিলে যাবে। (খ) লেখার ভুল: আর্থিক লেনদেনগুলো হিসাবের বিভিন্ন বইয়ে লেখার সময় টাকার পরিমাণ কম বা বেশি বা একাধিকবার লেখার ফলে যে ভুল হয় তাকে লেখার ভুল বলে। যেমন ৫১ টাকার কোনো লেনদেনকে ১৫ টাকা লেখা এবং ১৭ টাকার লেনদেনকে ৭১ টাকা লেখা, এ জাতীয় ভুল খতিয়ানের উভয় দিকে সমান প্রভাব বিস্তার করে বিধায় রেওয়ামিল ভুল উদ্ঘাটন করতে পারে না। (গ) বে-দাখিলা ভুল: লেনদেনগুলো যেসব হিসাব খাতে লেখা উচিত যদি ওই সব হিসাব খাতে লেখার পরিবর্তে অন্য হিসাব খাতের সঠিক দিকে লেখা হয় তাকে বে-দাখিলার ভুল বলে। এ জাতীয় ভুল রেওয়ামিল উদ্ঘাটন করতে পারে না। কারণ, এ জাতীয় ভুল থাকার পরও রেওয়ামিল মিলে যায়। যেমন: করিমের নিকট হতে ৫০০০ প্রাপ্তি রহিমের হিসাবে ক্রেডিট করা হয়েছে। (ঘ) পরিপূরক ভুল: এক বা একাধিক ভুল দ্বারা যদি অন্য এক বা একাধিক ভুল পূরণ হয়ে যায় তাকে পরিপূরক ভুল বলে যেমন: সেতুর হিসাবের ডেবিট দিকে ৫০০০ টাকার পরিবর্তে ৪৫০০ টাকা লেখা এবং মিতুর হিসাবের ক্রেডিট দিকে ৩০০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা লেখা। এখানে উভয় হিসাবে ৫০০ টাকা কম লেখা হয়েছে, যা রেওয়ামিল উদ্ঘাটন করতে পারে না। ২। নীতিগত ভুল: হিসাববিজ্ঞানের স্বীকৃত নীতি না মানার ফলে হিসাবে যে ভুল হয় তাকে নীতিগত ভুল বলে। অর্থাত্ মুনাফা জাতীয় কোনো লেনদেনকে মূলধন জাতীয় হিসাবে লেখা বা মূলধন জাতীয় কোনো লেনদেন মুনাফা জাতীয় হিসাবে লেখা। যেমন: আসবাবপত্র ক্রয়কে পণ্য ক্রয় হিসাবে লেখা এবং পণ্য ক্রয়কে আসবাবপত্র ক্রয় হিসাবে লেখা।