সৃজনশীল প্রশ্নোত্তরপ্রশ্ন: বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় কী? বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় কীভাবে হিসাবভুক্ত হয়?উত্তর: বিলম্বিত শব্দের অর্থ হলো, পরবর্তী সময়ের জন্য রক্ষিত। এখানে বিলম্বিত বলতে মুনাফাজাতীয় ব্যয়ের অংশবিশেষ পরবর্তী এক বা একাধিক হিসাবকালের জন্য রেখে দেওয়াকে বোঝায়। প্রতিষ্ঠানে এমন কিছু বড় অঙ্কের মুনাফাজাতীয় ব্যয় সংঘটিত হয়, যা থেকে একাধিক হিসাবকাল ধরে সেবা পাওয়া যায়। স্বীকৃত অনুমানের ভিত্তিতে এসব ব্যয় থেকে একাধিক হিসাবকাল ধরে সুবিধা বা সেবা পাওয়া যাবে—এরূপ মনে করে কয়েকটি হিসাবকালের মধ্যে মোট ব্যয়কে বিভাজন করা হলে চলতি হিসাবকালের অংশ বাদে অবশিষ্ট ব্যয়কে বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় বলে। অতএব বিশেষ ধরেন মুনাফাজাতীয় ব্যয়ের যে অংশ পরবর্তী এক বা একাধিক হিসাবকালের ব্যয়স্বরূপ রেখে দেওয়া হয়, তাকে বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় বলে। বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় সম্পর্কে হিসাববিদদের দেওয়া সংজ্ঞা নিম্নে উল্লেখ করা হলো:M.C Shulka and others-এর মতে, ‘অনেক ক্ষেত্রে মুনাফাজাতীয় ব্যয়ের সুবিধা দুই, তিন বা আরও অধিক বছর ধরে পাওয়া যায়—এরূপ ব্যয়কে বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় বলে।’পরিশেষে বলা যায়, যেসব মুনাফাজাতীয় ব্যয়ের উপযোগ বা সুবিধা সংগত কারণে একাধিক হিসাবকাল ধরে চলমান থাকে, ওই সব মুনাফাজাতীয় ব্যয়ের যে অংশ সমন্বয়পূর্বক পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয়, তাকে বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় বলে।নিচে কয়েকটি বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের নাম উল্লেখ করা হলো:১. বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ; ২. নতুন পণ্যের গবেষণা ব্যয়; ৩. প্রাথমিক খরচাবলি;বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় হিসাবভুক্তির নিয়ম:বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের প্রভাব ও ফলাফল যেহেতু একটি আর্থিক বছরে সীমিত থাকে না, তাই এ জাতীয় ব্যয়কে এক বছরে অবলোপন না করে প্রতিষ্ঠানের আকার ও ধরন এবং ব্যয়ের প্রকৃতি ও প্রভাব অনুযায়ী একাধিক বছরে ভাগ করে হিসাবে দেখাতে হয়। যে অংশ চলতি হিসাবকালে অবলোপন করা হয়, সে অংশ লাভ-লোকসান হিসাবের ডেবিট দিকে এবং অবশিষ্টাংশ উদ্বৃত্তপত্রের সম্পত্তির দিকে দেখানো হয়। এভাবে যত বছরে নিঃশেষ না হবে, তত বছর এ প্রক্রিয়া চলতে থাকবে।উদাহরণ: প্রমি ট্রেডিং কোম্পানি ২০০৪ সালের শুরুতে ২,০০,০০০ টাকা ব্যয় করে ইটিভিতে তার পণ্যের বিজ্ঞাপন প্রচার করল।কোম্পানি অনুমান করল এ জাতীয় ব্যয়ের সুবিধা মোট ৪ বছর পাবে। ওই খরচকে ৪টি আর্থিক বছরে ভাগ করলে প্রতিবছর অবলোপিত হবে ১/৪ ভাগ অর্থাৎ ৫০,০০০ টাকা; যা প্রতিবছর লাভ-লোকসান হিসাবের ডেবিট দিকে এবং বিলম্বিত অংশ উদ্বৃত্তপত্রের সম্পত্তির দিকে দেখাতে হবে।বিজ্ঞাপনের বিলম্বিত অংশের জন্য সমন্বয় দাখিলা হবে নিম্নরূপ:বিলম্বিত বিজ্ঞাপন হিসাব............. ডেবিটবিজ্ঞাপন হিসাব..........................ক্রেডিট# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল