এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৮১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আহসান হাবীব, প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকাপ্রশ্ন: নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ কী?উত্তর: বর্তমান জটিল ব্যবসা-বাণিজ্যের যুগে অধিকাংশ প্রতিষ্ঠান তাদের নগদ লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পাদন করে। ব্যাংকের সঙ্গে প্রতিষ্ঠানের যেসব লেনদেন হয়, তা প্রতিষ্ঠানের হিসাবরক্ষক তার নগদান বইয়ে লিখে থাকে। কিন্তু উভয় পক্ষ হিসাব রাখলেও অনেক সময় দেখা যায়, নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এক হয় না। যেসব কারণে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দেয়, তা নিচে আলোচনা করা হলো:  ইস্যু করা চেক উপস্থাপিত হয়নি: আমানতকারী কোনো পাওনাদারের বরাবর চেক ইস্যু করার সঙ্গে সঙ্গে নগদান বইয়ে ক্রেডিট করে কিন্তু চেকটি যতক্ষণ পরিশোধের জন্য পাওনাদার কর্তৃক ব্যাংকে উপস্থাপন করা না হয়, ততক্ষণ ব্যাংক মক্কেলের হিসাবে পাস বইয়ে ডেবিট করবে না।  হিসাবরক্ষকের ভুল: ব্যাংকসংক্রান্ত লেনদেন নগদান বইয়ে ভুল লিখলে অথবা না লিখলে নগদান বই ও পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দেয়।  ব্যাংক জমার সুদ: আমানতকারী টাকার ওপর ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, তবে তা সরাসরি ব্যাংক বিবরণীতে লেখায় নগদান বইয়ের উদ্বৃত্ত গরমিল দেখা দেবে।  ব্যাংকের ভুল: যদি ব্যাংক আমানতকারীর সঙ্গে সম্পাদিত লেনদেন ব্যাংক বিবরণীতে লেখার সময় ভুল করে বা ভুলে ব্যাংক বিবরণীতে আদৌ লেখা না হয়, তবে তা সংশোধন না করা পর্যন্ত দুই বইয়ের ব্যালেন্সে গরমিল থেকে যাবে।  সরাসরি ব্যাংকে জমা: কোনো দেনাদার আমানতকারীর হিসাবে নগদ, চেক বা বিল সরাসরি জমা দিতে পারে—তা পাস বইয়ে সঙ্গে সঙ্গে লেখা হলেও আমানতকারী জ্ঞাত নয় বলে নগদান বইয়ে লেখা হয় না।  জমা করা চেক আদায় হয়নি: আমানতকারী ব্যাংকে চেক জমা দেওয়ার সঙ্গে সঙ্গে নগদান বইয়ে ডেবিট করে, কিন্তু ব্যাংক ওই টাকা আদায় না হওয়া পর্যন্ত পাস বই ক্রেডিট করে না। চেকটি আদায় না হলে বা নির্দিষ্ট সময় পরে আদায় হলে গরমিল দেখা যায়।  মক্কেলের পক্ষে পরিশোধ: অনেক সময় ব্যাংক মক্কেলের পক্ষে বিভিন্ন খরচ যেমন—শেয়ারের কিস্তি, বিমা প্রিমিয়াম ইত্যাদি পরিশোধ করে থাকে। এগুলো পাস বইয়ে লেখা হলেও নগদান বইয়ে লেখা নাও হতে পারে। ফলে উভয়ের মধ্যে গরমিল দেখা দেয়।  সরাসরি ব্যাংক কর্তৃক আদায়: আমানতকারীর পক্ষ হয়ে ব্যাংক কারও কাছ থেকে টাকা আদায় করলে ব্যাংক সঙ্গে সঙ্গেই ব্যাংক বিবরণীতে ক্রেডিট করে, কিন্তু আমানতকারী মিলকরণের সময়ের মধ্যে তথ্য সম্পর্কে অজ্ঞাত থাকায় নগদান বইয়ে ডেবিট করে না।  ব্যাংক চার্জ ও ধার্য করা সুদ: ব্যাংক মক্কেলের পক্ষে কাজ করার জন্য যে চার্জ আদায় করে এবং জমাতিরিক্ত উত্তোলনের জন্য যে সুদ ধার্য করে, সেগুলো সাধারণত পাস বইয়ে লেখা হয়। কিন্তু আমানতকারী নির্দিষ্ট সময়ের পর লিপিবদ্ধ করলে উভয় বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দেয়। স্বীকৃতি বিল অমর্যাদা: আমানতকারী কোন বিলে স্বীকৃত প্রদান করে পরিশোধের জন্য ব্যাংকে প্রেরণ করলে নগদান বইতে ক্রেডিট করা হয়। কিন্তু কোনো কারণে ব্যাংক বিলের টাকা পরিশোধ না করলে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দেয়।উপরিউক্ত কারণগুলোর জন্য নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দেয়।