সৃজনশীল প্রশ্নোত্তর প্রশ্ন: অনুপাত বিশ্লেষণ কী? অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা আলোচনা করো।উত্তর: কোনো তুলনাযোগ্য দুটি বিষয়ের পারস্পরিক সম্পর্কের গাণিতিক প্রকাশকে অনুপাত (Ratio) বলে। আর ওই দুটি সংখ্যার ভাগফলের তুলনামূলক পর্যালোচনা বা বিচার-বিশ্লেষণকে অনুপাত বিশ্লেষণ বলা হয়। নিচে অনুপাত বিশ্লেষণের উল্লেখযোগ্য দুটি সংজ্ঞা দেওয়া হলো:Prof Khan & Jain-এর মতে, ‘অনুপাত বিশ্লেষণ হলো নিয়মতান্ত্রিক উপায়ে অনুপাতের ব্যবহার, যার মাধ্যমে আর্থিক বিবরণীর ব্যাখ্যা করে একটি ফার্মের অক্ষমতা, দুর্বলতা, ঐতিহাসিক কার্যক্রম ও চলতি আর্থিক অবস্থা নিরূপণ করা যায়।’I M Punday-এর মতে, ‘অনুপাত বিশ্লেষণ হলো একটি প্রতিষ্ঠানের আর্থিক সফলতা ও দুর্বলতা চিহ্নিতকরণের একটি প্রক্রিয়।’ উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর বিভিন্ন দফার কার্যকারণ সম্পর্ক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিমাপ, নির্ধারণ, ব্যাখ্যাকরণ, বিচার, যাচাই ও উপস্থাপনের কৌশল বা পদ্ধতিকে অনুপাত বিশ্লেষণ বলে।অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতাব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা, লাভজনকতা ও পরিচালন দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ কৌশল ও কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহূত হলেও এর অনেক সীমাবদ্ধতা রয়েছে। নিচে অনুপাত বিশ্লেষণের প্রধান প্রধান সীমাবদ্ধ বা অসুবিধা বর্ণনা করা হলো:১. যথাযথ ব্যাখ্যার অভাব: অনুপাত বিশ্লেষণের জন্য যথাযথ আর্থিক বিবরণী আবশ্যক। আর্থিক বিবরণীগুলো অনেক সময় লোক-দেখানোর জন্য সাজানো (Window Dressing) হয়। ফলে ব্যবসায়ের সঠিক অবস্থা জানা যায় না।২. তুলনায় জটিলতা: অনুপাত বিশ্লেষণ সাধারণত আদর্শ অনুপাতের সঙ্গে প্রতিষ্ঠানের নির্ণিত অনুপাতের তুলনা করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে আদর্শ অনুপাত নির্ধারণ বা স্থির করা খুবই কঠিন ব্যাপার।৩. আন্তপ্রতিষ্ঠানের তুলনায় সমস্যা: সব প্রতিষ্ঠানের অবস্থা, আকৃতি, পরিচালনার নীতি একরূপ নয়। সুতরাং, অনুপাত বিশ্লেষণের সাহায্যে আন্তপ্রতিষ্ঠানের তুলনার ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা দেয়।৪. মূল্যস্তর পরিবর্তন: মূল্যস্তর পরিবর্তিত হলে হিসাবের অনুপাতগুলোর ওপর এর প্রভাব পড়তে বাধ্য। সুতরাং, মূল্যস্তর পরিবর্তনের কারণে অনুপাত বিশ্লেষণ দারুণভাবে বিঘ্নিত হয়।৫. স্বল্প সময়ের অনুপাত ত্রুটিপূর্ণ: সাধারণত কোনো নির্ধারিত সময়ের জন্য অনুপাত নির্ণয় ও বিশ্লেষণ করা হয়। নির্ধারিত স্বল্প সময়ের জন্য অনুপাত বিশ্লেষণ করা হলে তাতে কার্যকর ফলাফল পাওয়া যায় না।৬. অনুপাত নির্ণয়ে সঠিক দফা নির্ধারণের সমস্যা: আর্থিক বিবরণী বিশ্লেষণের সঠিকতা নির্ধারণে হিসাববিজ্ঞানীদের মধ্যে মতভেদ লক্ষ করা যায়। এ কারণে সঠিক অনুপাত নির্ণয়ে সমস্যা দেখা দেয়।৭. ভবিষ্যৎ দিকনির্দেশনা দিতে পারে না: অনুপাত বিশ্লেষণ ভবিষ্যৎ দিকনির্দেশনা দিতে পারে না। কারণ, অনুপাতের সাহায্যে পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি করা সম্ভবপর হয় না।৮. অনুপাত বিশ্লেষণ অসম্পূর্ণ: অনুপাত বিশ্লেষণ কোনো কোনো ক্ষেত্রে আংশিক তথ্য প্রদান করে থাকে। ফলে এটা আংশিক বা অসম্পূর্ণ ব্যবস্থাবিশেষ।উপর্যুক্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনুপাত বিশ্লেষণ আধুনিক দক্ষ ব্যবস্থাপনার ক্ষেত্রে এক বলিষ্ঠ হাতিয়ার হিসেবে সমাদৃত।