ব্যবসায়ের প্রকৃতিপ্রশ্ন: বিদেশ থেকে পণ্য আমদানির পদ্ধতি বর্ণনা করো। উত্তর: ব্যবসায়িক উদ্দেশে অন্য দেশ থেকে পণ্য বা সেবা ক্রয় করাকে আমদানি বলে। নিজের ইচ্ছামতো যেকোনো পণ্য যেকোনো সময় আমদানি করা যায় না। এ ক্ষেত্রে দেশে প্রচলিত আমদানিনীতি ও সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। নিম্নে পণ্য আমদানি প্রক্রিয়া বা পদ্ধতি বর্ণনা করা হলো: আমদনি পদ্ধতি/প্রক্রিয়া: আমদানি লাইসেন্স সংগ্রহ, তথ্য অনুসন্ধান, ফরমায়েশ প্রদান, বৈদেশিক মুদ্রা সংগ্রহ, প্রত্যয়পত্র খোলা, মুদ্রার বিনিময় হার নির্ধারণ, পণ্য প্রেরণের সংবাদ প্রাপ্তি, দলিলপত্র প্রাপ্তি, বিল পরিশোধ, শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিকতা, পণ্য খালাসকরণ, লেনদেনের পরিসমাপ্তি ১. আমদানি লাইসেন্স সংগ্রহ: বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য শুরুতেই লাইসেন্স বা অনুমতি সংগ্রহ করতে হয়। নির্দিষ্ট পরিমাণ ফি সহকারে দরখাস্ত জমা দিয়ে আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক অফিস থেকে এ লাইসেন্স সংগ্রহ করা যায়। ২. তথ্য অনুসন্ধান: লাইসেন্স সংগ্রহের পর আমদানিকারক পণ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন। অর্থাৎ পণ্য কোথায় পাওয়া যায়, পণ্যমান, মূল্য অন্যান্য শর্ত ইত্যাদি জানার জন্য বিদেশি উৎপাদক বা রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করেন। ৩. ফরমায়েশ প্রদান: পণ্যসংক্রান্ত তথ্য জানার পর রপ্তানিকারকের কাছে পণ্য ক্রয়ের অর্ডার প্রদান করে। ওই অর্ডারে পণ্যের নাম, গুণাগুণ মূল্য, পরিমাণ ইত্যাদি বিষয়ের বর্ণনা থাকে। অর্ডারপত্র দুই ধরনের হতে পারে। যথা—ক) খোলা অর্ডার: এরূপ অর্ডারে পণ্যসংক্রান্ত বিস্তারিত বর্ণনা থাকে না। খ) নির্দিষ্ট অর্ডার: এ জাতীয় অর্ডারে পণ্যের নাম, গুণাগুণ, মূল্য পরিমাণ, সরবরাহের তারিখ ইত্যাদি উল্লেখ থাকে। ৪. বৈদেশিক মুদ্রা সংগ্রহ: পণ্য আমদানি মূল্য ডলারে পরিশোধ করতে হয়। এ পর্যায়ে আমদানিকারক পণ্য মূল্য পরিশোধের জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেন। ৫. প্রত্যয়পত্র খোলা: প্রত্যয়পত্র হলো ব্যাংক কর্তৃক আমদানি মূল্য পরিশোধের গ্যারান্টি। আমদানিকারকের নির্দিষ্ট ব্যাংক রপ্তানিকারকে এ ধরনের নিশ্চয়তা দিয়ে পত্র পাঠায়। নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিয়ে আমদানি কারক এলসি খুলে থাকে। ওই এলসি হাতে পাওয়ার পর রপ্তানিকারক পণ্য পাঠানোর ব্যবস্থা করে। ৬. মুদ্রার বিনিময় হার নির্ধারণ: ডলারের মূল্য পরিবর্তনশীল। তাই ভবিষ্যতে ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য মুদ্রার বিনিময় হার ব্যাংকের সঙ্গে আলোচনা করে আগেই নির্ধারণ করা হয়। ৭. পণ্য প্রেরণের সংবাদ প্রাপ্তি: প্রত্যয়পত্র পাওয়ার পর রপ্তানিকারক পণ্য সংগ্রহ, প্যাকিং ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে জাহাজে মালামাল বোঝাই করে এবং মালামাল প্রেরণের সংবাদটি আমদানিকারকে জানিয়ে দেয়। ৮. দলিলপত্র প্রাপ্তি: রপ্তানিকারক পণ্য প্রেরণের সংবাদ পাঠানোর পাশাপাশি কতিপয় দলিল আমদানিকারকের ব্যাংকে প্রেরণ করে। দলিলগুলো হলো: ক) চালান খ) বহনপত্র/চালানি রসিদ গ) বিনিময় বিল ঘ) নৌ-বিমাপত্র ঙ) পণ্য উৎপত্তির সনদচ) বাণিজ্য দূতের চালান ইত্যাদি। ৯. মূল্য/বিল পরিশোধ: উল্লিখিত দলিলগুলো আমদানিকারকের ব্যাংকে আসার পর আমদানিকারক নগদ মূল্যে বা বিনিময় বিলে স্বীকৃতির মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করেন এবং ব্যাংকের কাছ থেকে দলিলগুলো বুঝে নেন। ১০. শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিকতা: পণ্য নিয়ে জাহাজ বন্দরে আসার পর আমদানিকারক বা তার প্রতিনিধি পণ্যের আগাম (Bill of Entৎy) ও প্রাপ্ত দলিলগুলো শুল্ক কর্মকর্তার কাছে জমা দেন। শুল্ক কর্মকর্তা সেগুলো পরীক্ষা করে শুল্কের পরিমাণ নির্ধারণ করে দেন। নির্ধারিত শুল্ক পরিশোধের পর শুল্ক কর্মকর্তা শুল্ক পাস প্রদান করেন। ১১. পণ্য খালাসকরণ: শুল্ক পাস পাওয়ার পর বন্দরের জেটি ব্যবহারের জন্য নির্দিষ্ট ভাড়া প্রদান করে বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জেটি চালান সংগ্রহ করেন। এ পর্যায়ে— ক) জাহাজি দলিলসমূহ খ) শুল্ক পাস ও গ) জেটি চালান জাহাজ কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে পণ্য খালাসের অনুমতি ও গেট পাস সংগ্রহ করে থাকে। পণ্য খালাসের অনুমতিপত্র ও গেট পাসের মাধ্যমে জাহাজ থেকে মালামাল খালাস করা যায়। এ ক্ষেত্রে রপ্তানিকারক জাহাজ ভাড়া পরিশোধ না করলে আমদানিকারককে জাহাজ ভাড়া প্রদান করে মালামাল খালাস করতে হয়। ১২. লেনদেন পরিসমাপ্তি: আমদানিকারক ফরমায়েশ অনুসারে তার পণ্য এবং রপ্তানিকারক তার মূল্য বুঝে পাওয়ার পর একে অপরকে ধন্যবাদ জানিয়ে পত্র প্রদান করে এবং লেনদেনের সমাপ্তি ঘটে। উল্লেখ্য যে পরবর্তী সময়ে পণ্যসংক্রান্ত কোনো অভিযোগ দেখা দিলে স্থানীয় বণিক সমিতির মাধ্যমে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তার সমাধান করতে পারে। পরিশেষে বলা যায়, বিভিন্ন দেশে আমদানি পদ্ধতির পার্থক্য থাকতে পারে। ওপরে উল্লিখিত আমদানি পদ্ধতি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। তবে এ প্রক্রিয়া আরও সহজ ও সাবলীল করা প্রয়োজন।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল