এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অধ্যক্ষের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলস্টোন কলেজ, ঢাকাপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, নিয়মিত পড়াশোনার পাশাপাশি যদি নিচে উল্লিখিত বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তুতি রাখা যায়, তবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল অর্জন তোমাদের জন্য কঠিন হবে না।প্রথমত, পরীক্ষার মূল প্রস্তুতি চলবে পাঠ্যপুস্তককেন্দ্রিক। এটা এইচএসসির নির্ধারিত সিলেবাস অনুযায়ী। এই প্রস্তুতির শুরু হয়েছিল এইচএসসিতে ভর্তির মাধ্যমে বা তারও কিছু আগে। এ পর্যায়ে শিক্ষার্থীর জন্য যা চূড়ান্ত বলে গণ্য। সারা বছর তোমরা যারা শ্রেণীকক্ষে ও শ্রেণীকক্ষের বাইরে বাসায় নিয়মিত লেখাপড়া করেছ, তাদেরই চূড়ান্ত প্রস্তুতি ভালো বলে ধরে নিতে হবে। তার পরও শেষ মুহূর্তের করণীয় নির্ধারণ করতে হয় একটু সতর্কতার সঙ্গে। এ সময় দিন-রাত পড়াশোনাটা বড় কথা নয়, বরং নিয়মমতো নির্বাচিত বিষয়গুলো বারবার পড়াই উত্তম। তবে এ-প্লাস অর্জন করতে হলে সব কয়টি অধ্যায় ও এর আনুষঙ্গিক বিষয়গুলো নজরে রাখতে হবে। অর্থাত্ পাঠ্যপুস্তক সম্পর্কে একটা শক্ত অর্জন থাকতে হবে। এর ফলে আনকমন প্রশ্ন হলেও তার উত্তর নিজে থেকে দেওয়া যাবে। এতে করে শতভাগ উত্তর করা সম্ভব হবে। পাস করার পাশাপাশি জিপিএ অর্জনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। নির্ধারিত তারিখ অনুযায়ী এইচএসসি পরীক্ষা একেবারেই দরজায়। তাই সিলেবাস অনুযায়ী, প্রতিটি বিষয় থেকে প্রশ্নগুলোকে খুব কমন, কমন ও সাধারণ—এ তিন ভাগে ভাগ করে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া যায়। যারা জিপিএ ৫ বা এ-প্লাস অর্জন করতে চাও, তারা তিন ভাগেই প্রস্তুতি নেবে। মোটামুটি ভালো ফলাফলের জন্য খুব কমন ও কমন এই দুই ভাগে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেসব শিক্ষার্থীর সারা বছর ভালো পড়াশোনা করা সম্ভব হয়নি অথচ পাস করতে হবে, তারা খুব কমন বিষয় ও প্রশ্নের উত্তরগুলো আয়ত্ত করবে। একটি বিষয় অবশ্য সবার জন্য প্রযোজ্য। আর তা হলো, যা পড়বে তা অবশ্যই লিখবে এবং একাধিকবার লিখতে পারলে ভালো। লেখার সময় অবশ্যই শুদ্ধ বানানরীতি মেনে চলতে হবে। এতে একটু কম লিখলেও সঠিক নম্বর পাওয়া যাবে। এসএসসি পরীক্ষার্থীদের মতো এইচএসসি পরীক্ষার্থীরা যেকোনো বিষয়ে অভিভাবকনির্ভর নয়। তাই পরীক্ষার্থীকে কিছু কাজ করতে হবে তার নিজের বিবেক-বিবেচনা থেকে। এ সময় পরীক্ষার্থী নিজের শরীরের প্রতি অন্য সময়ের চেয়ে একটু বেশি যত্নবান হবে। অখেয়ালবশত সামান্য অসুস্থতা ডেকে আনতে পারে ফলাফল বিপর্যয়। বর্তমানে আমাদের দেশে মার্চ-এপ্রিল মাসের আবহাওয়া স্বাস্থ্যের জন্য খুব সুখকর নয়। কিছু ঋতুগত অসুখ ছাড়াও সামান্যতেই খুশ খুশে কাশি, জ্বর, গলাব্যথা, সর্দির মতো রোগগুলো হতে পারে। পরীক্ষার আগে অসুখ নিয়ে বিছানায় শুয়ে থাকা কারও কাম্য নয়। কেননা, এখনকার প্রতিটি মুহূর্ত মূল্যবান। অহেতুক আড্ডা, দূরে ভ্রমণ, রোদে বেশিক্ষণ ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। খাওয়া-দাওয়া করতে হবে নিয়মিত। এমন কিছু খাওয়া যাবে না, যাতে বদহজম হয়। পানি পানে সতর্ক থাকতে হবে। বিশুদ্ধ পানি পান জন্ডিস, ডায়রিয়া বা পেটের পীড়ার মতো রোগ থেকে রক্ষা করবে।