এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞান ও ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরামর্শ২০১১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নেবে। আশা করি, খুব ভালো করে প্রস্তুতি নেবে। পদার্থবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে আসন্ন এইচএসসি পরীক্ষায় তোমাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। পরীক্ষা প্রায় দোরগোড়ায় এসে গেছে, তাই এখন সময় নষ্ট করা যাবে না। প্রথমত, এখন সুস্থ থাকতে হবে, সব ধরনের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক এবং ব্যক্তিগত ঝামেলা থেকে মুক্ত থাকতে হবে। নিজের ওপর আস্থা রাখবে, আত্মবিশ্বাসী হবে। তবেই তুমি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে। পদার্থবিজ্ঞান বিষয়ের দুটি পত্রে ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে প্রথম পত্রে ১০০ নম্বর। ১০০ নম্বরের মধ্যে ৭৫ নম্বর তত্ত্বীয় এবং ২৫ নম্বর ব্যবহারিক। তত্ত্বীয় ৭৫ নম্বরের জন্য সময় পাবে তিন ঘণ্টা। ১ থেকে ৩ নম্বর পর্যন্ত অথবা সহ ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। (ক+খ+গ)সহ মোট মার্কস থাকবে ১৫। তাই (ক+খ+গ) অথবা (ক+খ+গ) ভালোভাবে পড়ে যে সেটটি তোমার ভালো কমন, তা বাছাই করে উত্তর লিখতে শুরু করবে। কোনোক্রমেই দুটি সেট (প্রশ্ন ও অথবা) লিখবে না। তাহলে তা অতিরিক্ত উত্তর বলে গণ্য হবে। ৪ নম্বর থেকে ৯ নম্বর প্রশ্ন পর্যন্ত পরবর্তী প্রশ্নগুলোরও অথবা থাকবে। এর মার্কস ৫। সাধারণত এগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের হবে। প্রতিটির (ক+খ) মিলে ৫ নম্বর থাকে। প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা রক্ষা করা শ্রেয়। এতে যিনি তোমার উত্তরপত্র মূল্যায়ন করবেন, তাঁর মধ্যে বিরক্তির উদ্রেক সৃষ্টি হবে না। সুনির্দিষ্ট প্রশ্নের জন্য সুনির্দিষ্ট উত্তর লিখতে হবে। বর্ণনার সঙ্গে চিত্রের মিল থাকতে হবে। গাণিতিকের (অঙ্ক) ক্ষেত্রে একক না লিখলে বা ভুল একক লিখলে অর্ধেক নম্বর কাটা যাবে।এত বড় সিলেবাসে সব শিক্ষার্থীর পক্ষে সবকিছু পড়া সম্ভব নয়। এতগুলো প্রশ্নের মধ্যে দু-একটা তোমার অজানা থাকতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। রিভিউ করার কোনো সুযোগ নেই। এই তিন ঘণ্টা পদার্থবিজ্ঞান প্রথম পত্র তোমার জন্য নির্ধারিত। এই তিন ঘণ্টায় সুন্দর করে উত্তর লিখে পরীক্ষকের সন্তুষ্টি অর্জন করে তাঁর কাছ থেকে মার্কস আদায় করতে হবে। তুমি পদার্থবিজ্ঞানের অনেক কিছু জানো। তার প্রতিফলন ঘটাতে হবে পরীক্ষার খাতায়। যেমন—বলতে কী বোঝ? ব্যাখ্যা করো থাকলে সেই প্রশ্নের উত্তরে সংজ্ঞা, একক, মাত্রা ও সমীকরণসহ উত্তর লিখলে ১০০ শতাংশ নম্বর পাবে। আবার সংজ্ঞা দিতে বললে, কাকে বলে লিখলেই চলবে। প্রশ্নের উত্তরে গাণিতিক ব্যাখ্যা লিখবে বিস্তারিতভাবে। জাম্প করা চলবে না। অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। অনুশীলনের কোনো বিকল্প নেই। এ+ পেতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। উত্তর স্পষ্ট আকারে লিখতে হবে। প্রশ্নের নম্বর সঠিকভাবে লিখতে হবে। যেমন— ১(ক) নম্বর প্রশ্নের উত্তর। সময়ের অভাবে অনেকে কিছু না লিখে উত্তর লিখে আসে অথবা পরে লিখবে বলে আর লেখা হয় না, তাই কমপক্ষে ১(ক) উত্তর লিখবে। উত্তর লেখা শেষ করে —x— এরূপ চিহ্ন দিয়ে একটু স্পেস দিয়ে পরবর্তী প্রশ্নের উত্তর লেখা শুরু করতে হবে। এক কথায় উত্তরপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। রানিং কলম দিয়ে পরীক্ষা দিতে হবে। কারণ, নতুন কলম দিয়ে দ্রুত ও পরিষ্কার লেখা সম্ভব হয় না। মনে রাখবে, প্রশ্ন নির্বাচনসহ খাতার আঙ্গিক সৌন্দর্য রক্ষা করা ভালো নম্বর লাভের পূর্বশর্ত। গত দুই বছর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য যা পড়ছ, এখন নতুন করে পড়ার দরকার নেই, যা পড়েছ তা-ই রিভিশন দাও। আমার প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে বুঝে উত্তর লেখা শুরু করবে।