বাংলা বিভাগ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, ঢাকাএইচএসসি পরীক্ষায় বাংলাতে ভালো নম্বর পেতে হলে লেখাপড়ার পাশাপাশি কিছু নিয়মের দিকে লক্ষ রাখতে হয়। শুধু ভালো নোট হলেই হবে না, সেই সঙ্গে প্রয়োজন নিচে আলোচিত নিয়মগুলোর প্রতি লক্ষ রাখা। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের রচনামূলক প্রশ্নের জন্য অবশ্যই ভালো নোটের গুরুত্ব রয়েছে। ভালো নোটের মধ্যে যা থাকা প্রয়োজন তা হলো প্রয়োজনীয় উদ্ধৃতি। এই উদ্ধৃতিগুলো উদ্ধৃতি চিহ্নের (“........”) মধ্যে রাখবে। সেই সঙ্গে ভূমিকা ও উপসংহার প্যারা করে সঠিকভাবে লিখতে হবে। প্রথম পত্রের রচনামূলক প্রশ্নোত্তরের ভূমিকাতে লেখক সম্পর্কে, তাঁর লেখা সম্পর্কে এবং যে প্রশ্ন লিখছ সেই প্রশ্ন সম্পর্কে কম আলোকপাত করতে হবে। অন্য প্রসঙ্গ আনা উচিত নয়। সংক্ষিপ্ত প্রশ্নের ভূমিকাতেও অতি সংক্ষেপে লেখক, তাঁর লেখা ও প্রশ্ন আলোকপাত করবে। এই উত্তরে এক-দুটি উদ্ধৃতি দিলে নম্বর ভালো হবে। ব্যাখ্যার উত্তরে কোনো সাবহেডিং বা পয়েন্ট লিখবে না। তিন-চার প্যারায় ব্যাখ্যা লিখতে হয়। ব্যাখ্যার উত্তরে কোনো উদ্ধৃতি ব্যবহার করা যাবে না। কোনো কোনো শিক্ষার্থী ব্যাখ্যা লেখার সময় উত্স, প্রসঙ্গ, বিশ্লেষণ, মন্তব্য ইত্যাদি পয়েন্ট করে লেখ, যা অপ্রয়োজনীয়। ভাষাভিত্তিক প্রশ্নের উত্তরে নিয়মের ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে। প্রতিটি ভাষাভিত্তিক প্রশ্নোত্তরের ক্ষেত্রে হেডিং এবং ক্রমিক নম্বর লিখতে হবে। ক্রমিক নম্বরের ক্ষেত্রে রোমান সংখ্যা ব্যবহার করতে পার। ওই দুটি বিষয় না থাকলে পূর্ণ নম্বর দেওয়া হয় না। সারাংশ/সারমর্মের ক্ষেত্রে একটি পৃষ্ঠাকে তিন ভাগে ভাগ করে নেবে। প্রথম ভাগে কত নম্বর প্রশ্ন তা লেখার পর সারাংশের/সারমর্মের জন্য দেওয়া প্রশ্নের প্রথম লাইনের প্রথম তিনটি শব্দ লিখে ডট (........) দেবে, পরবর্তী অর্থাত্ দ্বিতীয় লাইনেও ডট (.......) দেবে এবং তৃতীয় লাইনে গিয়ে প্রথম থেকে মাঝ পর্যন্ত ডট দিয়ে শেষ লাইনের শেষ তিনটি শব্দ লিখবে। এরপর দুই লাইন লেখা যায়, এমন ফাঁকা দিয়ে মার্জিনসংলগ্ন থেকে সারাংশ/সারমর্ম কথাটি লিখে আন্ডারলাইন করবে এবং এর নিচ থেকে লেখা শুরু করবে। অবশ্যই তিন থেকে সাড়ে তিন লাইনের মধ্যে লেখা শেষ করতে হবে।দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, ব্যাকরণে অবশ্যই সম্পূর্ণ নম্বর পেতে হবে। এ ক্ষেত্রে ব্যাকরণ ছয়টি বিষয় যেমন—সমাস, প্রকৃতি-প্রত্যয়, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ ও শুদ্ধিকরণ বিষয়গুলো প্রতিদিন বাড়িতে চর্চা করলে অবশ্যই সম্পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে টেস্ট পেপার থেকে বোর্ডের প্রশ্নগুলো সমাধান করবে। ব্যাকরণের ওই ছয়টি বিষয়ের উত্তরের ক্ষেত্রে প্রতিটিতে অবশ্যই হেডিং দিতে হবে। হেডিং ছাড়া সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে না। নাটকের রচনামূলক, সংক্ষিপ্ত ও ব্যাখ্যার বিষয়ে প্রথম পত্রের আলোচনাই যথেষ্ট।ব্যাকরণের ছয়টি বিষয় ছাড়াও কিছু প্রশ্ন যেমন—বাক্য, শব্দ, ব্যাকরণ, উপসর্গ, সন্ধি ইত্যাদি অধ্যায় থেকে যে প্রশ্ন থাকে তা বাদ দিতে পারলে ভালো হয়। কেননা তাত্ত্বিক বিষয় বলে ওই সব প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর সব সময় পাওয়া যায় না। ভাষণ/প্রতিবেদনের ক্ষেত্রে যেকোনো একটি উত্তর দিতে হবে। তবে প্রতিবেদন উত্তর করা ভালো। প্রতিবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট পাঁচটি বিষয় উত্তরের ডান পাশে লিখে এরপর মাঝবরাবর প্রতিবেদনের বিষয়টি লিখে আন্ডারলাইন করে প্যারা করে লিখবে। কিন্তু ভাষণের ক্ষেত্রে অবশ্যই সম্ভাষণ সুন্দর হতে হবে। সম্ভাষণ পাঁচ-ছয়টি দিতে হবে। প্রতিবেদনে খাম দিতে হবে।পত্রের ক্ষেত্রে মানপত্র এবং ব্যক্তিগত পত্রের উত্তর জটিল মনে হলে উত্তর নাও করতে পার। কোনো দরখাস্ত এলে অব্যশই বাঁ পৃষ্ঠা থেকে লিখবে এবং দরখাস্তের শেষে খাম আঁকবে। কখনোই ডান পৃষ্ঠা থেকে লিখবে না।ভাবসম্প্রসারণ লেখার সময় কত নম্বর প্রশ্নের উত্তর লিখছ তা লিখে নিচে বাঁ পাশের মার্জিন থেকে ভাবসম্প্রসারণের প্রশ্নটি লিখবে। যেমন প্রশ্নে এসেছে—‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।’ তুমি এই বাক্যটি লিখবে এবং এর নিচে মার্জিনের পাশ থেকে ভাবসম্প্রসারণ কথাটি লিখে আন্ডারলাইন করবে। এরপর মাঝ থেকে প্যারা করে লেখা শুরু করবে। একটি বিষয় মনে রাখতে হবে, ভাবকে সম্প্রসারণ করছ। অতএব যত বেশি লিখবে ততই ভালো। আর কোনো পয়েন্ট যেমন—মূলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য ইত্যাদি দেওয়া যাবে না, এগুলো দিলে নম্বর ভালো হয় না। এই উত্তরের মধ্যে অন্য কোনো ভাষায় উদ্ধৃতি দেওয়া যাবে না। তবে বাংলা উদ্ধৃতি দেওয়া যেতে পারে।প্রবন্ধ রচনা—মনে রাখতে হবে এটি ২০ নম্বরের প্রশ্ন। অতএব স্বভাবতই বেশি লিখতে হবে। এর জন্য এক ঘণ্টা সময় রাখলে ভালো হয়। প্রবন্ধ রচনার ক্ষেত্রে অবশ্যই পয়েন্ট ব্যবহার করতে হবে। যত বেশি পয়েন্ট দেওয়া যায় ততই ভালো। পয়েন্ট না দিলে নম্বর ভালো হবে না। পয়েন্টের বক্তব্যের মধ্যে বিভিন্ন উদ্ধৃতি বা কবিতার লাইন দেওয়া যাবে।লেখা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে। হাতের লেখা সবার ভালো হয় না, হবেও না। এর জন্য মন খারাপের কোনো কারণ নেই। মনে রাখবে ভালো হাতের লেখা খুব কম শিক্ষার্থীর হয়ে থাকে। খারাপ হাতের লেখায় কি ভালো ফলাফল করা যায় না? অবশ্যই যায়। এ ক্ষেত্রে তোমার লেখা পরিচ্ছন্ন এবং বর্ণগুলো একটু মোটা করে লিখবে। একটি পৃষ্ঠায় ১২ থেকে ১৪ লাইনের বেশি লেখা যাবে না। তাহলে দেখবে তোমার লেখা পরিচ্ছন্ন এবং স্পষ্ট হয়েছে।বানানের প্রতি সতর্ক থাকতে হবে এবং সাধু ও চলিতের মিশ্রণ যেন না হয় তা লক্ষ রাখতে হবে। তুমি যদি কোনো পরীক্ষা দেওয়ার আগে বাসায় উত্তরগুলো লেখ এবং নিজেই তা যাচাই কর, ভুল থাকবে না এবং মিশ্রণও ঘটবে না। ভালো ফলাফল করতে হলে নিজেকে সচেতন হতে হবে। সেক্ষেত্রে তুমি বাসায় যত লিখবে তত ভালো করবে। নিজের প্রতি আস্থা রাখবে, আত্মবিশ্বাস অর্জন করবে। তোমার পরীক্ষা ভালো হবে এবং তুমি ভালো ফলাফল করবে।