এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা
পরীক্ষার্থীদের নম্বরপত্রে বাংলা বিষয়ে নম্বর কম দেখা যায়। এতে কেউ কেউ বলেন, বাংলা বিষয়ের শিক্ষকেরা নম্বর কম দেন। আসলে কথাটি হবে শিক্ষার্থীরা বাংলা বিষয়ে নম্বর কম পায়। এ বিষয়ে নম্বর কম পাওয়ার কারণ জানার আগে বাংলা বিষয়ে বেশি নম্বর পাওয়ার উপায় জানতে পারলে পরীক্ষার্থীদের সুবিধা হবে বেশি। উত্তর চাই প্রাসঙ্গিক: প্রশ্নটি মনোযোগসহ ভালোভাবে পড়ে প্রশ্নের ভাষা বুঝতে হবে। প্রশ্নের চাহিদার আলোকে উত্তর লিখতে হবে। অর্থাৎ, প্রশ্নে যা চাওয়া হয়েছে, পরীক্ষার্থী ঠিক সে কথাই আলোচনা-পর্যালোচনা-বিশ্লেষণ করবে। প্রশ্নের সঙ্গে সংগতি বা মিল নেই এমন কথা যত বেশিই লেখা হোক, নম্বর পাওয়া যাবে না। অতএব, প্রশ্নের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ উত্তরই পরীক্ষার্থীকে লিখতে হবে।লিখতে হবে চলিত রীতিতে: বাংলায় লেখার রীতি দুটি—সাধু রীতি ও চলিত রীতি। দুই রীতিতেই লেখা যায়। প্রশ্নপত্রে বিকল্প রীতির কথা উল্লেখ থাকলেও পরীক্ষার্থীকে লিখতে হবে কেবল চলিত রীতিতে। কারণ, এখন স্বাভাবিক অবস্থায় সাধু রীতির প্রচলন নেই। সুতরাং, পরীক্ষার্থীকে সব বিষয় ও পত্রে কেবল চলিত রীতির ভাষা ব্যবহার করতে হবে।শুদ্ধ বানান চাই: একই শব্দের নানা রকম বানান হতে পারে। তবে জেনে রাখা ভালো যে, একটি বানানই লিখতে হবে, যা শুধু শুদ্ধ হিসেবে গৃহীত। শুদ্ধ বানানটি জানতে হবে, উত্তর লেখায় তা মানতে হবে। কোনো গ্রহণযোগ্য বই থেকে শুদ্ধ বানানটি জেনে নিতে হবে। এ ব্যাপারে বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানের সাহায্য নেওয়া যেতে পারে। জাতীয় দৈনিক প্রথম আলো বা বাংলা একাডেমী বা প্রসিদ্ধ প্রকাশনা সংস্থার বই পাঠে শুদ্ধ বানানবিষয়ে জ্ঞানার্জন খুবই সম্ভব। এখানে কয়েকটি উদাহরণ দেখা যেতে পারে; সরকারি (সরকারী নয়), বাড়ি (বাড়ী নয়), পাখি (পাখী নয়), বাঁশি (বাঁশী নয়), কুমির (কুমীর নয়), হাতি (হাতী নয়), জানুয়ারি (জানুয়ারী নয়), ফেব্রুয়ারি (ফেব্রুয়ারী নয়), স্টোর (ষ্টোর নয়), মাস্টার (মাষ্টার নয়), সূর্য (সূর্য্য নয়), কার্যালয় (কার্য্যালয় নয়) প্রভৃতি। এসব বানানের বিধি আলোচনার অবকাশ এখানে নেই।সুন্দর বাক্য চাই: শব্দের বানান যেমন শুদ্ধ হবে, বাক্যও তেমনি সুন্দর হবে। শব্দের স্থান বদলের ফলে বাক্যের রূপ নানা রকমের হতে পারে। তবে শ্রুতিমধুর বাক্যটিকেই উপস্থাপন করতে হবে। একটি বাক্যকে নানাভাবে বিন্যস্ত করে অনুশীলন করা যায়। এ ব্যাপারে প্রখ্যাত সাহিত্যিকদের রচনা পাঠ বিশেষ সহায়ক হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী, বুদ্ধদেব বসু, আবু সায়ীদ আইয়ুব, বিনয় ঘোষ, মুনীর চৌধুরী, হুমায়ুন আজাদ প্রমুখ লেখকের রচনা পাঠে এ ব্যাপারে খুবই ঋদ্ধ হওয়া যায়। উপযুক্ত শব্দ চয়ন করতে হবে: সুন্দর বাক্যের জন্য উপযুক্ত শব্দের প্রয়োজন খুবই জরুরি। তাই শব্দ নির্বাচনে বিশেষ সতর্কতা প্রয়োজন। অতএব, ভেবেচিন্তে শব্দ বাছাই করতে হবে। বাছাই করা শব্দের মালা দিয়ে বাক্য নির্মাণ করতে হবে। বাক্যের বিষয়কে প্রকাশ করে না, বাক্যকে সুন্দর করে না, এমন শব্দ বাছাই করা যাবে না। এ ব্যাপারেও বিখ্যাত সাহিত্যিকদের রচনা পাঠের বিকল্প নেই।গুরুচণ্ডালী দোষ পরিহার করতে হবে: লেখায় সাধু রীতি ও চলিত রীতির মিশ্রণই বলে গুরুচণ্ডালী দোষ। এ দোষ পরিহার করতে হবে। এবং চলিত রীতিই কেবল মান্য করতে হবে। এ ব্যাপারে বেশি মিশ্রণ ঘটে সর্বনাম ও ক্রিয়াপদে। কিছু কিছু শব্দের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। সহজ শব্দের ব্যবহার, সর্বনাম ও ক্রিয়াপদকে সংক্ষিপ্ত করে প্রাথমিকভাবে চলিত রীতির আবহ আনা যায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর কাছে এতটুকুই প্রত্যাশা করা হয়। এ প্রসঙ্গে একটি উদাহরণ দেখা যেতে পারে। তাহারা আগামীকল্য বাড়ি আসিবেন (সাধু রীতি)। তারা আগামীকাল বাড়ি আসবেন (চলিত রীতি)। এখানে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষেপণ এবং শব্দের (আগামীকাল) সহজীকরণ বিশেষভাবে লক্ষণীয়।সঠিক তথ্য পরিবেশন করতে হবে: তথ্য মানে খবর বা সংবাদ। প্রতিটি রচনা বা লেখায় খবর বা সংবাদ থাকেই। বিষয়টির আলোচনায় খবরের যথার্থতা বজায় রাখতে হবে। যেমন, ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীত ও বসন্ত ঋতুর খবর আছে। আছে প্রিয়জন হারানোর বেদনা। আলোচনায় উল্লিখিত কাল বা ঋতুর কথা লিখতে হবে। অন্য কালের তথ্য এখানে গ্রহণযোগ্য হবে না। দিতে হবে নির্ভুল তত্ত্ব: তথ্য পরিবেশনে যেমন সামর্থ্য বজায় রাখতে হয়, তেমনি তত্ত্বের ব্যাপারেও সত্যস্বরূপ নির্দেশ করতে হবে। তত্ত্ব মানে বিষয়ের স্বরূপ সন্ধান। যেমন ‘হৈমন্তী’ একটি ছোটগল্প। রচনাটির স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে ছোটগল্পের তত্ত্ব বা সংজ্ঞা উপস্থাপন করতে হবে।প্রাসঙ্গিক উদ্ধৃতি ও উদ্ধৃতির উৎস নির্দেশ: আলোচনার সমর্থনে মূল বা প্রাসঙ্গিক রচনা থেকে উদ্ধৃতি দিতে হবে। যেমন, হৈমন্তী বা তার পিতা কখনো মিথ্যা কথা বলেন না—এখানে প্রাসঙ্গিক ঘটনা আলোচনা করে হৈমন্তীর সংলাপ উদ্ধৃত করতে হবে। এ প্রসঙ্গে কোনো প্রখ্যাত সাহিত্য-সমালোচকের মন্তব্য উদ্ধৃত করা যায়। করলে সমালোচকের যে গ্রন্থের সাহায্য নেওয়া হবে, সেই গ্রন্থের প্রকাশকাল এবং উদ্ধৃত অংশটির পৃষ্ঠা-সংখ্যা বন্ধনীর মধ্যে উল্লেখ করতে হবে।পরিমিতিবোধ খুবই দরকার: পরিমিতবোধ মানে যতটুকু দরকার ততটুকু সম্পর্কে সচেতনতা। প্রশ্নের ডানপাশে প্রদত্ত নম্বরের পরিমাণ দেখে উত্তরের সীমানা নির্ধারণ করতে হবে। অর্থাৎ ১০ নম্বরের উত্তর আর পাঁচ নম্বরের উত্তরের পরিমাণ সমান হবে না। ১০-এর জন্য যদি ছয় পৃষ্ঠা হয়, পাঁচের জন্য হবে তিন পৃষ্ঠার উত্তর। এই পরিমাণের মাপজোখ খানিকটা কমবেশি হতেই পারে।