সাহিত্যে খেলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য আলোচনা করো।‘সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দান করা, কিন্তু সে আনন্দটি গ্রহণ করাও নিতান্ত সহজ নহে; তাহার জন্যও ... শিক্ষা এবং সাহায্যের প্রয়োজন।’ রবীন্দ্রনাথ ঠাকুর। প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যের লেখকদের মধ্যে প্রথম চলিত ভাষায় সাহিত্য সৃষ্টি করে একে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করেন।‘সাহিত্য চিন্তাই আত্মার চিন্তাস্বরূপ।’ কারলাইলের এ কথাটিরই অন্য রূপ হচ্ছে, সাহিত্য সুন্দরের সৃষ্টি। মানব মনের পরিপূর্ণতা থেকে সাহিত্যের উৎপত্তি। মানুষের মন যখন পরিপূর্ণতা লাভ করে, তখন বিশ্বের সঙ্গে আপন সত্তা মেলাবার জন্য তার অন্তরে কামনা প্রবল হয়ে ওঠে। সে আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হলো সাহিত্যে। প্রমথ চৌধুরী সাহিত্যকে এক ধরনের খেলা বলে অভিহিত করেছেন। তাঁর অভিমত—‘বিশ্বে মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কর্ম। এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতিকবিতাতে বঙ্গভূমির স্বগতোক্তি স্বরূপেই উচ্চারিত হয়। যাতে করে সেই মর্মকথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করতে পারে।’এ উক্তি থেকে সহজেই অনুমেয় যে কবি বা সাহিত্যিকের মনের পরিপূর্ণতা থেকে সাহিত্যের উৎপত্তি।প্রমথ চৌধুরী সাহিত্যকে খেলার সঙ্গে তুলনীয় বলেছেন। নিছক আনন্দ লাভের জন্য মানুষ যেমন খেলায় অংশ নেয় এবং তা থেকে দেশের সর্বশ্রেণীর দর্শক আনন্দ উপভোগ করে থাকে, তেমনই লেখকের মনের আনন্দে সাহিত্য রচিত হয়ে পাঠকের হূদয়ে আনন্দ পরিবেশন করে। তবে তা অবশ্যই খেলনা নয়, যা ভবিষ্যতে পরিত্যাগের বিষয় হতে পারে।সাহিত্যের উদ্দেশ্য সবাইকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে। সাহিত্যরাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনোতুষ্টি হতে পারে। কিন্তু লেখকের মনোতুষ্টি হতে পারে না। পাঠকসমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়ই বেদনা বোধ করে। কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।‘পাঠক হচ্ছে জনসাধারণ। সুতরাং, তাদের মনোরঞ্জন করতে হলে আমাদের অতি সাধারণ খেলনা গড়তে হবে। নইলে বাজারে কাটবে না। এবং সস্তা করার অর্থ হলো খেলা করা। বৈশ্য লেখকের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সংগত।’ কাজেই সাহিত্যে অপরের মনোরঞ্জন করা ঠিক হবে না।তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? অবশ্যই নয়। কেননা, কবির মতিগতি সম্পূর্ণ বিপরীত। স্কুল বন্ধ না হলে যে খেলার সময় আসে না, এ তো সবারই জানা কথা। কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা—এ কথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন। শিক্ষা হলো সেই বস্তু, যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধঃকরণ করতে বাধ্য হয়। অপর পক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয়, সানন্দে পান করে। কেননা, শাস্ত্রমতে সে রস অমৃত। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো। অপরের মনের অভাব পূর্ণ করার জন্যই শিক্ষকের হাতে শিক্ষা জন্ম লাভ করেছে। কিন্তু কবির কর্মের পরিপূর্ণতা থেকেই সাহিত্যের উৎপত্তি।কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে, তার জন্য দায়ী এ যুগের স্কুল ও তার মাস্টার। কাব্য পড়ার ও বোঝার জিনিস, কিন্তু স্কুলমাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো। লেখক ও পাঠকের মধ্যে এখন স্কুলমাস্টার দণ্ডায়মান। সাহিত্য শিক্ষার ভার নেয় না। কেননা, মনোজগতে শিক্ষকের কাজ কবির কাজের ঠিক বিপরীত। কারণ, কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। কারও মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়; কাউকে শিক্ষা দেওয়াও নয়।আনন্দ দিতে না পারলে সাহিত্য হয়ে পড়ে নির্জীব। সাহিত্য কমেডি, ট্রাজেডি যা-ই হোক না কেন, তা থেকে পাঠক আনন্দ পায়। যে সাহিত্যরস ট্র্যাজেডি, সেখানে বেদনাই কাম্য এবং বেদনা না থাকলে পাঠকের হূদয় পরিতৃপ্ত হয় না।সাহিত্য জগৎ ও জীবনকে সুন্দর করে এবং কোনো কোনো সময় সত্যকে আমাদের কাছে প্রত্যক্ষ করে আনন্দ দেয়। কারও মনোরঞ্জনের জন্য সাহিত্য রচিত হলে তার সর্বজনীন রূপ থাকে না। তাই সে সাহিত্য হয়ে ওঠে সাময়িক আবেদনের সাহিত্য। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানবচিত্তের চিরকালীন আনন্দের ফল্গুধারা বইয়ে দেওয়া। তাই লেখকের মন্তব্য যুক্তিনির্ভর ও সমর্থনযোগ্য। পরিশেষে ব্রিয়েলের ভাষায় বলা যায়—‘আনন্দ দিতে, মানুষের জীবনের বোঝা কমাতে, তাদের দুঃখ-বেদনা, তাদের পাপ, তাদের নিশ্চুপ গৃহের মাঝে বিফল আশা ও বিষাদময় ভবিষ্যৎ হতে মুক্তি দিতেই সাহিত্যের সৃষ্টি হয়েছে।’