এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসায়ন বিভাগ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, ঢাকা সুপ্রিয় শিক্ষার্থীরা, সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা। রসায়নে ভালো করার কিছু নিয়মকানুন নিচে দেওয়া হলো।# রসায়নের ১ম ও ২য় পত্রের প্রশ্নোত্তর দেওয়ার সময় সংক্ষিপ্ত যে ৩০ নম্বরের অংশ থাকে সে অংশের উত্তর প্রথম দিতে পারো। রচনামূলক অংশেও কিছু প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত উত্তরের পর সেগুলোর উত্তর দিতে হবে। দেখা যায় ৭৫ নম্বরের মধ্যে প্রায় ৪০-৪৫ নম্বরই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। # রসায়নের উভয় পত্রেই এমন কিছু প্রশ্ন থাকে, যেগুলো উত্তর করতেও কম সময় লাগে এবং নম্বরও পাওয়া যায় ভালো। এতে তোমার সময়ও বাঁচবে এবং নম্বরও বেশি পেতে পারো। যেমন— যৌগের সংকেত, ইলেকট্রন বিন্যাস, বিক্রিয়া পূর্ণ করা ও নামকরণ। এগুলোতে একেবারে ভালো নম্বর পাওয়া যায়। এ বিষয়ের প্রতি লক্ষ রাখলে একজন শিক্ষার্থী রসায়ন বিষয়ে ভালো নম্বর অর্জনে সক্ষম হবে। # এর পর হলো গাণিতিক সমস্যা। রসায়নে গণিত একটু কম। তবে রসায়ন প্রথম পত্রে ভালো নম্বর পেতে হলে অবশ্যই গণিতের ওপর জোর দিতে হবে। প্রশ্ন এমনভাবে করা হয়, যাতে ১২-১৫ নম্বরের গণিতের উত্তর অবশ্যই করতে হবে। রসায়ন প্রথম পত্রে ১০টি অধ্যায়ে অঙ্ক আছে। সুতরাং কম অঙ্ক করে ভালো নম্বর ওঠানোর একটা সুযোগ আছে এ বিষয়ে। গাণিতিক রসায়নে বিভিন্ন পদ্ধতিতে এককের ব্যবহার সম্বন্ধে খুবই সচেতন থাকতে হবে। অঙ্কের উত্তরে আরও একটি সুবিধা হলো, নিয়ম যদি ঠিক থাকে, উত্তর না মিললেও ৫০ ভাগ নম্বর অবশ্যই পাওয়া যাবে। # রসায়নের বেশ কিছু প্রশ্ন আসে সংজ্ঞা লেখার ওপর। সংজ্ঞার উত্তরে অবশ্যই উদাহরণ দিতে হবে। যদি প্রশ্ন আসে— তাপমাত্রা কাকে বলে? যদি শুধু সংজ্ঞা দাও নম্বর পাবে অর্ধেক, আর বাকি অর্ধেক উদাহরণে। অনেক ছাত্রছাত্রী উদাহরণ পারে, কিন্তু জানার অভাবে সে শুধুমাত্র সংজ্ঞা দেয়। এতে নম্বর কম পায়। # টীকা লেখার সময় অবশ্যই ওই বিষয়ের বিস্তৃত বর্ণনা দিতে হবে পয়েন্ট আকারে। প্রশ্ন যদি আসে—টীকা লিখ: পিকরিক এসিড। তবে এর প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার দিতে হবে। # রসায়নের দ্বিতীয় পত্রে বিক্রিয়া থাকে প্রায় প্রতিটি প্রশ্নে। বিক্রিয়ার শুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিক্রিয়কগুলোর সঠিক সংকেত এবং উত্পাদগুলোর সঠিক সংকেত জানতে হবে অবশ্যই। তা না হলে রসায়ন দ্বিতীয় পত্রে নম্বর কখনোই ভালো উঠবে না। সবাই জানে, হাইড্রোজেন ও অক্সিজেন মিলে পানি হয়। কিন্তু তুমি যদি রসায়নের ছাত্র হয়ে সঠিকভাবে লিখতে না পার 2H2+O2 = 2H2O, কখনোই কোনো পরীক্ষক তোমাকে সামান্য মূল্যায়নও করবে না। এ জন্য তোমাকে বিক্রিয়াগুলো বাসায় লিখে অনুশীলন করে এর শুদ্ধতা সম্বন্ধে নিশ্চিত হতে হবে। # বিক্রিয়া লেখার ব্যাপারে সমতাকরণের বিষয়ে ছাত্রছাত্রীরা খুবই সমস্যায় পড়ে— সমতাকরণ করবে কি করবে না। এ ব্যাপারে তোমাদের জানিয়ে রাখি, কোনো প্রশ্নোত্তরের মধ্যে যে বিক্রিয়াগুলো থাকে, সেগুলোর সমতাকরণ জরুরি নয়। তবে যদি আসে—সমীকরণ বা বিক্রিয়া পূর্ণ কর অথবা রূপান্তর লিখ, সে ক্ষেত্রে সমতাকরণ অবশ্যই দিতে হবে এবং সমীকরণ লেখার পর ওই সমীকরণের অবশ্যই বাংলায় বর্ণনা দিতে হবে। অনেক ছাত্রছাত্রী বাংলায় বর্ণনা না দেওয়ার কারণে কম নম্বর পায়।রচনামূলক উত্তরেও ভালো নম্বর উঠবে, এমন প্রশ্ন বাছাই করতে হবে। গাণিতিক ব্যাখ্যামূলক উত্তরে বেশি নম্বর পাওয়া যায়, বর্ণনামূলক উত্তরের চেয়ে। যদি প্রশ্ন আসে, ডাল্টনের আংশিক চাপ সূত্রটির বিবৃতসহ ব্যাখ্যা প্রদান করো এবং এর অথবা অংশে যদি আসে, একই পর্যায়ে ও একই গ্রুপে আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। এ ক্ষেত্রে ডাল্টনের সূত্রটির উত্তরে ভালো নম্বর উঠবে।