প্রভাষক, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজঅধ্যায়-১১ সংগঠনপ্রিয় শিক্ষার্থী, আজ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়েএকটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করা হলো।# ইয়াং ফ্যাশন লিমিটেড আরএমজির পণ্য ইউএসএতে রপ্তানি করে। কঠোরভাবে চুক্তির শর্ত মেনে চলায় ১২ বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে ব্যবসা করে সফল হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকীয় কার্যক্রমের সম্পূর্ণ দায়ভার ব্যবস্থাপনা পরিচালকের। তিনি তিনজন সাধারণ ব্যবস্থাপক, সাতজন ব্যবস্থাপক, ২০ জন ফোরম্যান ও দুই হাজার ৭০০ জন সেলাইকর্মীকে দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। আরএমজির মান সংরক্ষণের জন্য তিনি তিনজন বিশেষজ্ঞ কোয়ালিটি কন্ট্রোলারকে পরামর্শ দিতে নিয়োগ দিয়েছেন। কিন্তু তাঁরা ব্যবস্থাপকদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারেন না। সম্প্রতি অগ্নিকাণ্ডে তাঁদের ২৫ জন সেলাইকর্মী নিহত হন এবং প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বিনষ্ট হয়। তিন দিনের মধ্যে এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও করণীয় জানতে চেয়ে একজন সাধারণ ব্যবস্থাপকের অধীনে দুজন ফোরম্যান ও তিনজন সেলাইকর্মীকে দায়িত্ব দেওয়া হয়।ক. মেট্রিক্স সংগঠন কী?খ. কাম্যপরিসর নির্ণয়ের নীতিটি ব্যাখ্যা করো।গ. ইয়াং ফ্যাশন লিমিটেডের সাংগঠনিক কাঠামো কোন ধরনের? বর্ণনা করো।ঘ. উদ্দীপকের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইয়াং ফ্যাশন লিমিটেড যে পদক্ষেপ নিয়েছে, তার যথার্থতা নিরূপণ করো।উত্তর: ক. মেট্রিক্স সংগঠন: দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয় করণ ও ক্ষেত্রবিশেষে আঞ্চলিকভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে দ্বৈত কর্তৃত্ব ও সহযোগিতার সম্পর্কসংবলিত যে সংগঠনকাঠামো বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোয় গড়ে তোলা হয়, তাকে মেট্রিক্স সংগঠন বলে।উত্তর: খ. সংগঠনের অন্যতম একটি নীতি হলো, কাম্যপরিসর নির্ণয়ের নীতি।সংগঠন-প্রক্রিয়ায় বিভিন্ন বিভাগ ও উপবিভাগ খুলতে গিয়ে স্বভাবতই তত্ত্বাবধানে পরিসর ঠিক করতে হয়। এ ক্ষেত্রে একজন নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এমন পরিমাণ নির্বাহীর সংখ্যা নির্দিষ্ট করা উচিত, যাতে তাঁর পক্ষে অধস্তন ব্যক্তিদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করা সম্ভব হয়।উত্তর: গ. ইয়াং ফ্যাশন লিমিটেডের সাংগঠনিক কাঠামো সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের।যে সংগঠনকাঠামোয় সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয়, তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। এ ধরনের সংগঠনকাঠামোয় দুই ধরনের কর্মী থাকে। একদল সরলরৈখিক নির্বাহী ও অন্যদল উপদেষ্টা কর্মী।উদ্দীপকে ইয়াং ফ্যাশন লিমিটেড যে জনবলকাঠামো নিয়ে সংগঠনটি গড়ে তুলছে, তাতে দেখা যায়, ব্যবস্থাপনা পরিচালকের অধীনে তিনজন সাধারণ ব্যবস্থাপক এবং তাঁদের অধীনে সাতজন ব্যবস্থাপক এবং তাঁদের অধীনে ২০ জন ফোরম্যান ও দুই হাজার ৭০০ জন সেলাইকর্মীকে তদারক করেন। এটি সরলরৈখিক সংগঠনের কাঠামো। কিন্তু ইয়াং ফ্যাশন লিমিটেড তিনজন বিশেষজ্ঞ কোয়ালিটি কন্ট্রোলার আছেন, যাঁরা পরামর্শ দেন, কিন্তু তা বাস্তবায়নে বাধ্য করতে পারেন না। অর্থাৎ তাঁরা উপদেষ্টা। সরলরৈখিক নির্বাহী ও উপদেষ্টার সমন্বয়ে গঠিত সংগঠনকাঠামো হয় সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। সুতরাং ইয়াং ফ্যাশন লিমিটেডের সাংগঠনিক কাঠামো সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠনের।উত্তর: ঘ. উদ্দীপকের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইয়াং ফ্যাশন লিমিটেড যে পদক্ষেপ নিয়েছে, তাহলো কমিটি গঠন করা। উদ্দীপকের পরিস্থিতি মোকাবিলায় তা আমি যথাযথ বলেই মনে করি।কমিটি হলো একদল লোকের সমষ্টি, যাদের ওপর বিশেষভাবে কোনো প্রশাসনিক কার্য সমাধান করার দায়িত্ব অর্পণ করা হয়। সাধারণত সরলরৈখিক বা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে বিশেষ ক্ষেত্রে বা বিশেষ প্রয়োজনে এ ধরনের সংগঠন প্রতিষ্ঠা করে কাজ সম্পাদনের চেষ্টা করা হয়।উদ্দীপকে ইয়াং ফ্যাশন লিমিটেড একটি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। হঠাৎ করে প্রতিষ্ঠানে যে দুর্ঘটনা ঘটে, তাতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ায় তাদের প্রচলিত সংগঠনকাঠামোয় এ থেকে উত্তরণের কোনো দিকনির্দেশনা পাওয়া যাবে না। তাই তাঁদের মধ্যে থেকেই কয়েকজনকে নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্ঘটনার কারণ ও এই সমস্যা উত্তরণে সমাধানের সুপারিশ চাওয়া হয়েছে। এ ধরনের সমস্যা উত্তরণের সুপারিশ শুধু কমিটি করেই পাওয়া যায়। ইয়াং ফ্যাশন লিমিটেড তাই কমিটি করেছে। উদ্ভূত পরিস্থিতি থেকে ইয়াং ফ্যাশন লিমিটেডকে উত্তরণ লাভ করতে হলে কমিটি গঠন করা ছাড়া অন্য কোনো উপায় নেই। সুতরাং উদ্দীপকের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এটি যে পদক্ষেপ নিয়েছে, তা সম্পূর্ণ যথাযথ বলেই আমি মনে করি।