এইচএসসি পাস করেছেন সেই মজিদ
নেত্রকোনার কেন্দুয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খুন হওয়া আবদুল মজিদ এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। উপজেলার দ্বিপাড়া গ্রামের রিকশাচালক জালাল উদ্দিনের ছেলে মজিদ উপজেলার সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
গত শুক্রবার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবদুল মজিদ দায়ের কোপে খুন হন। কলেজ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবদুল মজিদ জিপিএ ৩ দশমিক ৪২ পেয়েছেন। পরে মজিদের ফল তাঁর পরিবারকে জানানো হয়। এ সময় মজিদের বাবা-মাসহ ভাইবোনেরা কান্নায় ভেঙে পড়েন। জালাল উদ্দিন ‘আমার ছেলে পাস করছে, আমার ছেলে পাস করছে’ বলে বিলাপ করতে থাকেন। এরপর মূর্ছা যান। আর কোনো কথা বলতে পারেননি।
মজিদের ছোট ভাই সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আবদুল্লাহ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রিকশা চালিয়ে বাবা অনেক কষ্টে আমাদের তিন ভাইকে পড়াচ্ছিলেন। এর মধ্যে বড় ভাই এইচএসসি পাস করেছেন। কিন্তু ফল দেখে যেতে পারলেন না।’
সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. ফারুক আহমেদ বলেন, ফল-বিপর্যয়ের মধ্যেও মজিদ পাস করেছে। কিন্তু ঘাতকেরা তাকে সেই ফল দেখে যেতে দিল না।