এইচএসসি ২০২২ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ১০ : সৃজনশীল প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১০

সৃজনশীল প্রশ্ন

জেন্টেল পার্ক একটি ১০০% রপ্তানিমুখী তৈরি পোশাক প্রতিষ্ঠান। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরস্কৃত হয়। ২০১৯ সালে এ প্রতিষ্ঠান তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে বছরে চার লক্ষ একক ধার্য করে। কিন্তু ২০১৯ সালের জুলাই মাসে দেখা গেল মাত্র এক লক্ষ একক পোশাক তৈরি হয়েছে। এই অবস্থায় প্রতিষ্ঠানটি তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটি–বিচ্যুতিগুলো খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ নেয়। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ আশা করছে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে পারবে।

প্রশ্ন

ক. বেঞ্চমার্কিং কী?

খ. নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন, ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত ‘জেন্টেল পার্ক লি. প্রথমই নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ অনুসরণ করেছে? বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিবর্তিত পরিস্থিতিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার মাধ্যমে কি ‘জেন্টেল পার্ক লি.’ প্রতিষ্ঠানটি সফল হবে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর

ক. বেঞ্চমার্কিং হলো একটি শক্তিশালী কৌশল বা প্রক্রিয়া, যার মাধ্যমে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান কীভাবে অধিক মানসম্পন্ন পণ্য বা সেবা উৎপাদন করছে, তা জেনে নিজ প্রতিষ্ঠানের পণ্য বা সেবার সঙ্গে তুলনা করে সে অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদন করা হয়।

খ. কালান্তিক কাজ হলো যে কাজ কোনো নির্দিষ্ট সময় পরপর করা হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কি না, তা দেখা ও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কাজগুলো দিন, সপ্তাহ, মাস বা বছর শেষে হতে পারে। তাই নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয়।

গ. উদ্দীপকে বর্ণিত জেন্টেল পার্ক লি. প্রথমে নিয়ন্ত্রণের আদর্শ মানের সঙ্গে সম্পাদিত কার্যফলের তুলনা অনুসরণ করেছে।

নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য হলো ত্রুটি বা বিচ্যুতি নিরূপণ পূর্বক প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এ বিচ্যুতি নিরূপণে ব্যবস্থা গ্রহণ করা। এ বিচ্যুতি নিরূপণে আদর্শ মানকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকে বর্ণিত জেন্টেল পার্ক লি. একটি ২০০% রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। উন্নত মানের পোশাক তৈরির জন্য বাজারে তাদের যথেষ্ট সুনাম রয়েছে। ২০১৮ সালে এ প্রতিষ্ঠান শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরস্কৃত হয়। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে বছরে চার লক্ষ একক ধার্য করে। কিন্তু ২০১৯ সালের জুলাই মাসে দেখা যায় মাত্র এক লক্ষ একক পোশাক তৈরি হয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটি তাদের তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটি–বিচ্যুতিগুলো খুঁজে বের করে পদক্ষেপ নেয়।

এখানে কার্য বিচ্যুতি = আদর্শমান – প্রকৃত কার্যফল = ৪০০০০০ – ১০০০০০

বিচ্যুতি = ৩০০০০০ একক।

সুতরাং উদ্দীপকে মূলত নিয়ন্ত্রণের আদর্শ মানে সম্পাদিত কার্যফলের তুলনা অনুসরণ করেছেন।

ঘ. উদ্দীপকে বর্ণিত পরবর্তী পরিস্থিতিতে জেন্টেল পার্ক লি. বিচ্যুতির কারণ নির্ণয়, মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

আদর্শ মানের সঙ্গে তুলনা করার পর কার্যফলে কোনো বিচ্যুতি পাওয়া গেলে উক্ত বিচ্যুতির কারণ নির্ণয় এবং উক্ত কারণের যথার্থতা মূল্যায়ন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ। এরূপ বিচ্যুতি বেশি হলে সে ক্ষেত্রে এর কারণ যথাযথভাবে নির্ধারণ ও তা মূল্যায়ন করার প্রয়োজন পড়ে। এরূপ কারণ ইতিপূর্বেই উদ্​ঘাটনযোগ্য ও সংশোধনযোগ্য ছিল কি না, তা–ও এ পর্যায়ে দেখতে হয়। কারণ, একাধিক হলে মুখ্য কারণ কোনটি, তা–ও নিরূপণের প্রয়োজন পড়ে। কারণ, কতটা সংশোধনযোগ্য বা সংশোধনের ক্ষেত্রে কতটা সময়, অর্থ ও সামর্থ্য ব্যয় আবশ্যক, তা–ও গুরুত্বের সঙ্গে দেখতে হয়।

সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ বলতে ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে, এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা কী হতে পারে, তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কীভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে বোঝায়।

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি একটি ১০০% রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। উন্নত মানের পোশাক তৈরির জন্য বাজারে তাদের যথেষ্ট সুনাম রয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরস্কৃত হয়। ২০১৯ সালে এ প্রতিষ্ঠান তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে বছরে চার লক্ষ একক ধার্য করে। কিন্তু ২০১৯ সালের জুলাই মাসে দেখা যায় মাত্র এক লক্ষ একক পোশাক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা