এইচএসসি ২০২২ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ৫ : সৃজনশীল প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৫

সৃজনশীল প্রশ্ন

জনাব হাবিব, সফিক, রফিক ও তুহিন চারজন এলিগ্যান্ট প্রপার্টিজ লিমিটেডের সহকারী বিক্রয় ব্যবস্থাপক। বিগত তিন বছরে তাদের ফ্ল্যাট বিক্রয়-সংক্রান্ত তথ্য নিম্নরূপ:

২০২১ সালে বিক্রয় ব্যবস্থাপকের পদটি শূন্য হলে প্রতিষ্ঠানটি হাবিবকে উক্ত পদে নিয়োগ প্রদান করে। এতে ক্ষুব্ধ হয়ে রফিক চাকরি ছেড়ে দেন। সফিক ও তুহিন চাকরি ত্যাগের ব্যাপারে চিন্তাভাবনা করেছেন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এ নিয়ে চিন্তিত।

প্রশ্ন

ক. কর্মী সংগ্রহ কী?

খ. কর্মী নির্বাচন একটি ঋণাত্মক প্রক্রিয়া। ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত জনাব হাবিবকে কিসের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে? বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির বিদ্যমান সমস্যা লাঘবে কী করণীয় আছে বলে তুমি মনে করো? যুক্তিসহ তোমার মতামত দাও।

উত্তর

ক. কোনো প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের উৎস খুঁজে বের করা এবং প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ সৃষ্টি করে আবেদন করতে উৎসাহিত করার প্রক্রিয়াকে কর্মী সংগ্রহ বলে।

খ. প্রতিষ্ঠানে নির্দিষ্ট পদে নিয়োগপ্রাপ্তির জন্য আবেদনকৃত প্রার্থীদের মেধা, সামর্থ্য ও দক্ষতা যাচাই করে যোগ্যতম প্রার্থী বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে।

প্রতিষ্ঠানের নির্দিষ্ট পদসমূহে আবেদনকারীদের মধ্য থেকে সুযোগ্য ব্যক্তিদের কর্মী হিসেবে নিয়োগের জন্য মনোনীত করাই কর্মী নির্বাচনের প্রধান কাজ। এ প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষার মধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই করা হয়। কোনো ধাপে কোনো প্রার্থী অকৃতকার্য হলে তাকে বাদ দেওয়া হয়। এভাবে কর্মী নির্বাচনের প্রতিটি ধাপেই কৃতকার্যদের রেখে অকৃতকার্য কর্মীদের বাদ দেওয়া হয়। এ জন্যই বলা হয়, কর্মী নির্বাচন একটি ঋণাত্মক প্রক্রিয়া।

গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে জনাব হাবিবকে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি বলতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীকে বর্তমান পদ থেকে উচ্চতর পদে নিয়োগ দেওয়াকে বোঝায়। কর্মীর বিভিন্ন ধরনের যোগ্যতা ও কর্মদক্ষতা মূল্যায়ন করে পদোন্নতি দিলে তাকে যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে। এ ধরনের পদোন্নতি সম্পর্কে Y K Bhushan বলেন, ‘Naturally a worker who makes a better and more substantial contribution to the output deserves a better place in the organization.’ অর্থাৎ সাধারণত একজন কর্মী, যে উত্তম কাজ করে এবং কার্যফলে যার অবদান বেশি, সংগঠনে সে যোগ্য অবস্থানে থাকে।

উদ্দীপকে বর্ণিত জনাব হাবিব, সফিক, রফিক ও তুহিন—চারজন এলিগ্যান্ট প্রপার্টিজ লিমিটেডের সহকারী বিক্রয় ব্যবস্থাপক। এ পদের জনাব হাবিব ৬ বছর, সফিক ৮ বছর, রফিক ১০ বছর এবং তুহিন ৯ বছর ধরে চাকরি করছেন। বিগত তিন বছরে জনাব হাবিব (৪৮ + ৭২ + ৮০) = ২০০টি ফ্ল্যাট, জনাব সফিক (২১ + ৩০ + ২৫) = ৭৬টি ফ্ল্যাট, জনাব রফিক (৩৯ + ৬৬ + ৭৫) = ১৮০টি ফ্ল্যাট এবং জনাব তুহিন (২৫ + ৩৫ +৪৫) = ১০৫টি ফ্ল্যাট বিক্রয় করেন। ২০২১ সালে বিক্রয় ব্যবস্থাপকের পদটি শূন্য হওয়ায় প্রতিষ্ঠানটি জনাব হাবিবকে উক্ত পদে পদোন্নতি প্রদান করে। এ থেকে সহজে অনুমেয় যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে জনাব হাবিবকে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি দেওয়া হয়েছে।

ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে জ্যেষ্ঠতা ও যোগ্যতার সমন্বয়ে পদোন্নতি দেওয়া উচিত বলে আমি মনে করি।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতা বা যোগ্যতা কিংবা মেধাকেই যদি পদোন্নতির একমাত্র মাপকাঠি হিসেবে গণ্য করা হয়, সে ক্ষেত্রেও ব্যবস্থাপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই কর্মীদের পদোন্নতির ব্যাপারে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যোগ্যতা ও জ্যেষ্ঠতা উভয়ের সংমিশ্রণে কর্মীদের পদোন্নতি প্রদান করে থাকে। এটি জ্যেষ্ঠতা ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি নামে পরিচিত। এতে পদোন্নতির ক্ষেত্রে জেষ্ঠতা এবং যোগ্যতা উভয়কে আলাদা আলাদা গুরুত্ব প্রদান করে তার ফলাফলের ভিত্তিতে কর্মীকে নির্বাচন করা হয়ে থাকে। এতে পুরোনো কর্মীদের যেমনি ধরে রাখা যায়, তেমনি যোগ্যতাসম্পন্ন কর্মীরাও সন্তুষ্ট থাকেন।

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা