এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৮ : সৃজনশীল প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৮

সৃজনশীল প্রশ্ন

নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও।

প্রশ্ন

ক. সমুদ্রস্রোত কী?

খ. মহাকর্ষ শক্তি জোয়ার-ভাটা সৃষ্টির প্রধান কারণ, ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের ‘খ’–তে প্রদর্শিত জোয়ার-ভাটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

ঘ. ‘ক’ ও ‘খ’তে প্রদর্শিত জোয়ার-ভাটার পার্থক্যের কারণ বিশ্লেষণ করো।

উত্তর

ক. সমুদ্রের উপরিভাগের পানিরাশির একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়াকে সমুদ্রস্রোত বলে।

খ. পৃথিবীর সব পদার্থের আকর্ষণ শক্তি আছে এবং একটি অপরটিকে আকর্ষণ করছে। এ আকর্ষণকে মহাকর্ষ বলে। সূর্য ও চন্দ্র পৃথিবীকে এবং পৃথিবীর প্রতিটি পদার্থকে সর্বদাই আকর্ষণ করছে। চন্দ্র পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক। এ জন্য পৃথিবীর ওপর এর আকর্ষণ সবচেয়ে বেশি। জোয়ার-ভাটার ক্ষেত্রে চন্দ্র ও সূর্য উভয়ই পৃথিবীর ওপর নিজ নিজ শক্তি প্রয়োগ করলেও চন্দ্রের শক্তিই অধিক কার্যকর। এ কারণে পৃথিবীর কেন্দ্র ও পানির উপরিভাগের ওপর চন্দ্র ও সূর্যের আকর্ষণের পার্থক্যের জন্য জোয়ার-ভাটা সংঘটিত হয়।

গ. উদ্দীপকের ‘খ’ চিত্রে অষ্টমী তিথিতে সংঘটিত মরা কটাল দেখানো হয়েছে। অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য সমসূত্রে না থেকে উভয়েই পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে পৃথিবীকে আকর্ষণ করে । সুতরাং সেদিন জ্যোতিষ্কদ্বয়ের আকর্ষণ আড়াআড়িভাবে (সমকোণে) কার্যকর হয়। এ সময় চাঁদের আকর্ষণে চাঁদ ও তার বিপরীত দিকে জোয়ার হয়। সূর্যের আকর্ষণেও সূর্য এবং এর বিপরীত দিকে জোয়ার হওয়ার কথা। কিন্তু সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ শক্তি বেশি বলে চাঁদ ও এর বিপরীত দিকে জোয়ার কার্যকর হয়। একই সঙ্গে সূর্য এবং এর বিপরীত দিকে ভাটা হয়। ফলে চন্দ্রের আকর্ষণের দিকে এবং এর বিপরীতে জোয়ারের পানি বেশি ফুলে উঠতে পারে না। ফলে জোয়ারের তীব্রতা কম হয়। এ কারণে এ জোয়ারকে মরা কটাল বলে।

ঘ. ‘ক’ ও ‘খ’তে যথাক্রমে তেজ কটাল ও মরা কটাল দেখানো হয়েছে। এ সময় জোয়ার-ভাটার পার্থক্যের মূল কারণ পৃথিবীর সঙ্গে চন্দ্র ও সূর্যের আপেক্ষিক অবস্থানের পার্থক্য। উদ্দীপকের ‘ক’ সময়টি পূর্ণিমা। এ সময় তীব্র জোয়ার তথা তেজ কটাল সংঘটিত হয় । চাঁদ ও সূর্যের জোয়ার সৃষ্টি করার ক্ষমতার অনুপাত ১১: ৫। পূর্ণিমায় পৃথিবীর একদিকে সূর্য ও অপর দিকে চাঁদ থাকে এবং সমসূত্রে অবস্থান করে। এর ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি একই সঙ্গে কার্যকর হয়। সূর্যের আকর্ষণ চাঁদের আকর্ষণের তুলনায় কম হলেও উভয়ের মিলিত আকর্ষণ প্রবল। পূর্ণিমা তিথিতে ভূপৃষ্ঠের যে স্থানে চাঁদের প্রভাবে মুখ্য জোয়ার হয়, সেই স্থানে সূর্যের প্রভাবে গৌণ জোয়ার হয়। ফলে তা ভরা কটালের সৃষ্টি করে। অন্যদিকে পূর্ণিমার সাত-আট দিন পর অষ্টমী তিথিতে মরা কটাল সংঘটিত হয়। এ সময় পৃথিবী, চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান না করে সমকোণে অবস্থান করে বলে কেবল চন্দ্রের আকর্ষণে জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে না। তাই একে মরা কটাল বলে। সুতরাং, দেখা যাচ্ছে, চাঁদ ও সূর্যের পৃথিবীর সঙ্গে অবস্থানগত পার্থক্যে পূর্ণিমা ও অষ্টমী তিথিতে জোয়ার-ভাটার পার্থক্য হয়।

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের সৃজনশীল প্রশ্ন