অধ্যায়-৮প্রিয় পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: গ্রামীণ ব্যাংক কী?উত্তর: গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন পুরুষ ও মহিলাদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হলেন গ্রামীণ ব্যাংকের স্বপ্নদ্রষ্টা। ভূমিহীনদের বিশেষ করে দরিদ্র অসহায় মহিলাদের মালিকানায় দেশের প্রথম এবং একমাত্র প্রতিষ্ঠিত বিশেষ ব্যাংকটি হলো ‘গ্রামীণ ব্যাংক’। ১৯৭৬ সালের আগস্ট মাসে চট্টগ্রামের জোবরাতে একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প হিসেবে ‘গ্রামীণ ব্যাংক’ প্রকল্পের যাত্রা শুরু হয়। ১৯৭৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় টাঙ্গাইল জেলায় এ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ক্রমাগত সাফল্যে উদ্বুদ্ধ হয়ে ১৯৮৩ সালে সরকার কর্তৃক ‘গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারি করার মাধ্যমে এটি একটি স্বায়ত্তশাসিত বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মকাশ করে। গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল তিন কোটি টাকা। ১৩ জন সদস্যের সমন্বয়ে একটি পরিচালনা পর্ষদ গ্রামীণ ব্যাংকের নীতি নির্ধারণ করে থাকে। তাঁদের মধ্যে নয়জন সদস্য ভূমিহীন শেয়ার মালিক কর্তৃক নির্বাচিত হন। পরিচালকমণ্ডলীর সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক এবং আরও দুজন সদস্য সরকার কর্তৃক নিযুক্ত হন।প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের কার্যাবলি কী কী?উত্তর: ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে গ্রামের অবহেলিত দরিদ্র ও অসহায় মানুষের জীবন মান উন্নয়নে গ্রামীণ ব্যাংক বহুবিধ কার্য সম্পাদন করে থাকে। এর মধ্যে প্রধান কার্যাবলি হলো ভূমিহীন কৃষকদের জামানত ছাড়া ঋণ প্রদান, সুদমুক্ত ঋণ, আয় সৃষ্টিকারী ঋণ, ঋণ তদারকি, পরামর্শ প্রদান, দ্রব্য ঋণ প্রদান, যৌথ ব্যবসা, দরিদ্রের জন্য তথ্যপ্রযুক্তি, শিক্ষা ঋণ, অবহেলিত জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় অন্তর্ভুক্ত করা ইত্যাদি।প্রশ্ন: বিমা প্রতিষ্ঠান কী?উত্তর: আধুনিক বিশ্বে যেকোনো দেশের অর্থনীতিতে বিমা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মানুষের ব্যক্তিগত জীবনে অসুখ-বিসুখ এবং বিপদ-আপদে বিমা অকৃত্রিম বন্ধুর ভূমিকা পালন করে থাকে। জাতীয় জীবনেও বীমা শিল্প-বাণিজ্যের রক্ষা কবচ হিসেবে কাজ করে। বর্তমান যুগে বহুমুখী বৈজ্ঞানিক অগ্রগতির ফলে মানুষের জীবন আগের তুলনায় অনেক আরামদায়ক, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হয়েছে। তা সত্ত্বেও মানুষ মৃত্যু, আকস্মিক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করতে পারে না। এ ক্ষয়ক্ষতির আশঙ্কায় মানুষ সর্বদা উদ্বিগ্ন থাকে এবং নিরন্তর অনিশ্চয়তায় ভোগে। এ ঝুঁকি দূর করা বা কমানোর একটি পন্থাই হলো বিমা। অধ্যাপক মর্গান বলেন, ‘বিমা হলো কোনো গোষ্ঠী বা সমপ্রদায়ের এমন এক সম্মতি, যার মাধ্যমে সাধারণভাবে এর প্রতিটি সদস্যের কল্যাণ সাধনের বিষয় বিবেচনা করা হয়।’সুতরাং কোনো নির্দিষ্ট ঘটনা সংঘটিত হলে এবং ওই ঘটনা সংঘটিত হওয়ার ফলে বিমা গ্রহিতার কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদানের শর্তে বিমাকারী ও বিমা গ্রহিতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়, তাকেই বিমা বলা হয়। বিমাকে প্রধানত জীবন বিমা এবং সাধারণ বিমা এ দুই ভাগে ভাগ করা হয়।