একটি নিরীহ কলার খোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় একটা কলার খোসা পড়ে আছে, সেটাই দেখতে দেখতে হাঁটছিলাম। একটু পর পুরো দৃশ্যপট হঠাৎ ১৮০ ডিগ্রি কোণে ঘুরে গেল। আর আমি নিজেকে আবিষ্কার করলাম রাস্তায় পড়ে থাকা অবস্থায়। ব্যাপার কী? শেষমেশ দুটি পা-ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? একরাশ অবিশ্বাস নিয়ে রাস্তায় শুয়ে আছি। শহরটা অন্য রকম রূপে চোখে ধরা দিল। সবকিছু কেমন যেন বড় বড় মনে হচ্ছে! রিকশাগুলো বাসের মতো মনে হতে লাগল। বাস তাহলে কেমন লাগবে? এসব যখন ভাবছি, তখন কেউ বলে উঠল, ‘ভাই, হাত দেন!’

রাস্তায় অনেক মানুষ, কিন্তু আমাকে ওঠানোর জন্য কারও মাথাব্যথা হবে ধারণা করিনি। অবাক হয়ে দেখলাম, লিকলিকে একটা লোক আমার দিকে হাত বাড়িয়ে আছে। হাত ধরে উঠে বাধ্যতামূলক একটা ধন্যবাদ দিলাম। লোকটা আকর্ণবিস্তৃত একটা হাসি দিয়ে বলল, ‘ভাই, আমি মফিজ! আপনে আমারে একবার সাহায্য করছিলেন। ভুলে গেছেন?’

লোকটাকে কোথাও দেখেছি বলে মনে করতে পারলাম না। কে জানে, হবে কিছু একটা, জগতের সবাইকে তো মনে রাখা সম্ভব নয়। লোকটা আমার গায়ের ধুলা ঝেড়ে দিল, তারপর আরেকটু এগিয়ে এসে কোলাকুলিও করল। তারপর ‘আসি ভাইজান’ বলে চলে গেল। খুব ভালো লাগল আমার। আজকাল এত পরোপকারী লোক খুব একটা দেখা যায় না। এদের মতো লোক আছে বলেই দেশটা এখনো টিকে আছে!

‘ভাইজান, কই যাইবেন?’ পাশে একটা রিকশা এসে থেমেছে। রিকশাওয়ালাই গন্তব্য জানতে চাইছেন। রাস্তায় পড়ে হাত-পা ছিলে গেছে, হেঁটে যাওয়ার অবস্থা নেই। কাজেই ঠিকানা বললাম। তিনি রাজি হয়ে গেলেন। ভাড়া ঠিক করে উঠে পড়লাম। গন্তব্যে এসে গেলাম একটু পরই। রিকশা থেকে নেমে পকেটে হাত দিতেই হ্যাং হয়ে গেলাম। মোবাইলটা নেই। থাকার কথাও না, কারণ মোবাইল নিয়ে বেরই তো হইনি। কিন্তু মানিব্যাগ নিয়ে বের হয়েছিলাম, সেই মানিব্যাগটা নেই। সঙ্গে সঙ্গে আমাকে হাত ধরে রাস্তা থেকে তুলে কোলাকুলি করা লোকটার চেহারা ভেসে উঠল চোখের সামনে। বুঝলাম, তাদের মতো মানুষের জন্যই আসলে দেশটা টিকে আছে এখনো!