একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৪ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অতুল সাহেব ঢাকায় একটি ব্যাংকে চাকরি করেন। তিনি ব্যাংক ম্যানেজারের কাছে কয়েক দিন ছুটি চান। ম্যানেজার ছুটির কারণ জানতে চাইলে তিনি তাঁদের ধর্মীয় উত্সব ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলেন। এ অনুষ্ঠান ছাড়াও বাংলা বছরের শেষ দুই দিন ও নব বর্ষের প্রথম দিন তারা বিজু উত্সব পালন করে থাকে।
প্রশ্ন:
ক. মনিপুরী নৃত্য কী?
খ. জুমচাষ বলতে কী বোঝায়?
গ. অতুল সাহেব কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য?
ঘ. ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশেষ ধরনের সামাজিক সংগঠন রয়েছে—কথাটি বিশ্লেষণ করো।
উত্তর: ক. মনিপুরী নৃত্য হলো মনিপুরী সম্প্রদায়ের একধরনের বিশেষ নৃত্য, যা তারা পবিত্র মনে করে। তারা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এ নৃত্যের আয়োজন করে। এ নৃত্যের মধ্যে ‘লাই হারাউবা’ সর্বাধিক আলোচিত ও জনপ্রিয়।
উত্তর: খ. জুমচাষ বা পর্যায়ক্রম চাষ হলো একধরনের বিশেষ চাষপদ্ধতি, যা পাহাড়ি ঢালু ভূমিতে হয়ে থাকে। এ পদ্ধতিতে প্রথমে পাহাড়ের গাছপালা কেটে শুকিয়ে আগুন লাগানো হয়। তারপর বৃষ্টি হলে ভূমি কর্ষণ করে একসঙ্গে ধান, তিল, কুমড়া প্রভৃতি ফসলের বীজ রোপণ করা হয়। পরে পর্যায়ক্রমে উত্পাদিত ফসল ঘরে তোলা হয়। মূলত চট্টগ্রামের পাহাড়ি এলাকায় চাকমাসহ অন্যান্য এথনিক সম্প্রদায় এ জুম চাষ করে থাকে।
উত্তর: গ. অতুল সাহেব ‘চাকমা’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।
বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে চাকমা অন্যতম। জনসংখ্যার দিক থেকে তারা বৃহত্। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় তাদের বসবাস। চাকমাদের অর্থনীতি জুমচাষের ওপর নির্ভরশীল। তাই তাদের জুমকেন্দ্রিক বিভিন্ন আচার-অনুষ্ঠান রয়েছে।
চাকমারা বৌদ্ধধর্মে বিশ্বাসী। চাকমা সমাজে নানা রকম পূজা-পার্বণ, উত্সব ও আচার-অনুষ্ঠান রয়েছে। তারা তিন দিন ধরে বিজু উত্সব পালন করে। বাংলা নববর্ষ উপলক্ষে এই ঐতিহ্যবাহী উত্সব পালিত হয়। কঠিন চীবর দান অনুষ্ঠান হচ্ছে তাদের বড় ধর্মীয় অনুষ্ঠান। বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে প্রধান ধর্মীয় উত্সব। এ ছাড়া তারা বৈশাখী পূর্ণিমা ও মাঘী পূর্ণিমা পালন করে।
উদ্দীপকে দেখা যাচ্ছে, অতুল সাহেবের ছুটি চাওয়ার কারণ হলো কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দেওয়া। কঠিন চীবর দান অনুষ্ঠান ছাড়াও তারা বিজু উত্সব পালন করে। এ দুটো অনুষ্ঠানই চাকমা সমাজে পালিত হয়। তাই নিঃসন্দেহে বলা যায়, অতুল সাহেব চাকমা নৃগোষ্ঠীর সদস্য।
উত্তর: ঘ. চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশেষ ধরনের সামাজিক সংগঠন রয়েছে। বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠী থেকে ব্যতিক্রম ধরনের এ সমাজ সংগঠনের চিত্র নিচে তুলে ধরা হলো—
চাকমা সমাজে সবচেয়ে ক্ষুদ্র সামাজিক সংগঠন হলো চাকমা পরিবার। সবচেয়ে বড় সামাজিক সংগঠন হলো চাকমা সার্কেল। কতগুলো পরিবার মিলে গঠিত হয় আদাম বা পাড়া। এটি ক্ষুদ্রতম প্রশাসনিক একক। আদামের প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি আদাম নিয়ে গঠিত হয় গ্রাম বা মৌজা। মৌজাপ্রধানকে বলা হয় হেডম্যান। চাকমা সমাজের কয়েক শ গ্রাম বা মৌজা নিয়ে গঠিত হয় চাকমা সার্কেল। এটি চাকমা সমাজের সর্ববৃহত্ সংগঠন। সার্কেল প্রধানকে বলা হয় চাকমা রাজা।
কারবারি আদামের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও খাজনা আদায়ে মৌজাপ্রধানকে সহায়তা করে থাকেন। সমাজের ছোটখাটো বিবাদ-মীমাংসা করে থাকেন। অন্যদিকে হেডম্যান গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিবাদ-মীমাংসা, খাজনা আদায়সহ নানা কাজ করে থাকেন।
চাকমা রাজার সুপারিশক্রমে ডেপুটি কমিশনার হেডম্যান নিযুক্ত করেন। হেডম্যান বংশপরম্পরায় নিযুক্ত না হলেও চাকমা রাজা বংশপরম্পরায় নিযুক্ত হন। তিনি চাকমা সমাজের প্রতীক। তিনি সার্কেলের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সামাজিক বিচার-আচার পরিচালনা করে থাকেন। তিনি হেডম্যানদের কাছ থেকে আদায় করা খাজনার একটি অংশ সরকারকে প্রদান করেন।
ওপরের আলোচনা থেকে এটি প্রতীয়মান হচ্ছে যে চাকমা সমাজে বিশেষ ধরনের সামাজিক সংগঠন বিদ্যমান।
মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম