অধ্যায়-১ উদ্ভিদের বিভিন্নতাশিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।ব্যবহারিক ক্লাসে স্বপ্না একটি ফুল পর্যবেক্ষণ করল, যা ট্রাইমেরাস ও পুষ্পপুট দলসদৃশ। অন্যদিকে, সান্তা আরেকটি ফুল পর্যবেক্ষণ করল, যার বৃত্যংশ চারটি এবং পাপড়ি ক্রুসিফরম।ক. পক্ষল যৌগিক পত্র কাকে বলে?খ. পুষ্প প্রতীক বলতে কী বোঝায়?গ. সান্তার পর্যবেক্ষণকৃত ফুলের গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ।ঘ. স্বপ্না ও সান্তার পর্যবেক্ষণকৃত ফুল দুটির গোত্র অর্থনৈতিকভাবে কতটুকু গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।উত্তর: ক. পত্রকগুলো র্যাকিসের দুই পাশে সংযুক্ত হলে তাকে পক্ষল যৌগিক পত্র বলে।উত্তর: খ. যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ অক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয়, তাকে পুষ্প প্রতীক বলে। পুষ্প প্রতীক মোটামুটিভাবে বৃত্তাকারে দেখানো হয়। বৃত্তের বাইরের স্তবকে বৃত্যংশ ও এর পুষ্পপত্রবিন্যাস দেখানো হয়। দ্বিতীয় স্তবকে পাপড়ি ও এর পুষ্পপত্রবিন্যাস দেখানো হয়। তৃতীয় স্তবকে পুংকেশর, এর সংখ্যা ও সম বা অসমসংযুক্তি দেখানো হয় এবং মধ্যখানে গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ তথা অমরাবিন্যাস দেখানো হয়।উত্তর: গ. সান্তার পর্যবেক্ষণকৃত ফুলটি Crucifeae গোত্রের। নিচে Cruciferae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখা হলো:১. কচি অবস্থায় উদ্ভিদ কিছুটা ঝাঁঝালো গন্ধযুক্ত; ২. পাতা সাধারণত লাইরেট (বীণার মতো), শিরাবিন্যাস জালিকাকার; ৩. বৃত্যংশ চারটি, দুই আবর্তে সজ্জিত। ৪. পাপড়ি চারটি, ক্লুসিফরম, মুক্ত এবং প্রতিটি দলদণ্ড ও দলখণ্ডে বিভক্ত; ৫. পুংকেশর ছয়টি (৪ + ২), টেট্রাডিনেমাস; ৬. অমরাবিন্যাস বহুপ্রান্তীয়; ৭. ফল সিলিকুয়া।উত্তর: ঘ. স্বপ্নার পর্যবেক্ষাকৃত ফুলটি Liliaceae গোত্রের এবং সান্তার পর্যবেক্ষণকৃত ফুলটি Cruciferae গোত্রের অন্তর্ভুক্ত।Liliaceae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব:১. খাদ্য ও মসলা: পেঁয়াজ, রসুন ইত্যাদি সবজি ও মসলা হিসেবে ব্যবহূত হয়।২. তন্তু: Yacca gloriosa-এর পাতা থেকে তন্তু পাওয়া যায়।৩. হরমোন: Colchicum থেকে কলচিসিন নামক এক প্রকার হরমোন পাওয়া যায়।৪. ওষুধ: ঘৃতকুমারী, পেঁয়াজ, রসুন, উলটচণ্ডাল, জংলি পেঁয়াজ ইত্যাদি ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহূত হয়। ৫. শোভাবৃদ্ধি: লিলি, টিউলিপ, গুলনার্গিস ইত্যাদি শোভাবর্ধনের জন্য বাগানে লাগানো হয়।Cruciferae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব:১. সবজি: মুলা, শালগম, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি হিসেবে ব্যবহূত হয়।২. তেল: সরিষার বীজ থেকে ভোজ্যতেল পাওয়া যায়।৩. পশুখাদ্য: সরিষার বীজ থেকে তেল নিষ্কাশনের পর প্রাপ্ত খৈল গবাদি পশুর উত্তম খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, স্বপ্নার পর্যকেক্ষণকৃত Liliaceae গোত্র এবং সান্তার পর্যবেক্ষণকৃত Crucaferae গোত্র অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।