অধ্যায়-১ উদ্ভিদের বিভিন্নতাশিক্ষার্থীরা, আজ রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।ব্যবহারিক ক্লাসে ফারজানা অনুবীক্ষণ যন্ত্রে একটি সবুজ বর্ণের শৈবাল পর্যবেক্ষণ করল, যার দেহ অশাখ ও সূত্রাকার।প্রশ্ন: ক. সহবাসী ফিলামেন্ট কাকে বলে?প্রশ্ন: খ. শৈবাল বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. ফারজানার পর্যবেক্ষণকৃত শৈবালটির গঠন বর্ণনা করো।প্রশ্ন: ঘ. ফারজানার পর্যবেক্ষণকৃত শৈবালটিতে কি সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।উত্তর: ক. একই ফিলামেন্টে পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হলে সেই ফিলামেন্টকে সহবাসী ফিলামেন্ট বলে।উত্তর: খ. যেসব সমাঙ্গবর্গীয় উদ্ভিদে ক্লোরোফিল বিদ্যমান থাকে এবং ক্লোরোফিলের সাহায্যে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, তাকে শৈবাল বলে। এদের কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন যৌগ দ্বারা গঠিত। এদের স্পোরাঞ্জিয়াম সর্বদাই এককোষী এবং কোনো পরিবহনতন্ত্র নেই।উত্তর: গ. ফারজানার পর্যবেক্ষণকৃত শৈবালটি Spirogyra। নিচে Spirogyra-এর গঠন বর্ণনা করা হলো:Spirogyra দেখতে সুতার মতো চিকন ও শাখাবিহীন বহুকোষী সবুজ শৈবাল। একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে সংযুক্ত হয়ে একটি ফিলামেন্ট গঠন করে। ভাসমান Spirogyra-এর প্রতিটি কোষই অবিকল একই ধরনের থাকায় এদের আগা ও গোড়া চিহ্নিত করা যায় না। সংযুক্ত অবস্থায় গোড়ায় পরিবর্তিত কোষ (হোল্ডফাস্ট) দ্বারা যুক্ত থাকে বলে সংযুক্ত Spirogyra-এর আগা ও গোড়া চিহ্নিত করা যায়। প্রতিটি কোষেই তিন স্তরবিশিষ্ট একটি কোষপ্রাচীর আছে। কোষপ্রাচীরের ভেতরের দুটি স্তর সেলুলোজ এবং বাইরের স্তরটি পেকটোজ দ্বারা গঠিত। বাইরের স্তরের চারপাশে পিচ্ছিল পদার্থের আবরণী থাকে বলে এদের ধরলে পিচ্ছিল মনে হয়। কোষপ্রাচীরের ভেতরের স্তরসংলগ্ন সাইটোপ্লাজমের একটি পাতলা স্তর আছে। এ স্তরের পরেই একটি বড় কোষগহ্বর বিদ্যমান। প্রতি কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। কতগুলো সাইটোপ্লাজমিক সূত্র নিউক্লিয়াসকে ধরে রাখে। কোষের সবচেয়ে উল্লেখযোগ্য বস্তু হলো উজ্জ্বল সবুজ বর্ণের ফিতার মতো ক্লোরোপ্লাস্ট। প্রজাতির ভিন্নতায় একটি কোষে এক থেকে ১৩টির মতো ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। ক্লোরোপ্লাস্ট দেখতে সর্পিলাকার এবং কোষপ্রাচীরসংলগ্ন স্থান দখল করে কোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অবস্থান করে। এদের মধ্যে প্রোটিনজাতীয় পদার্থে এক প্রকার চকচকে দানা থাকে। এসব দানাকে পাইরিনয়েড বলে। পাইরিনয়েডের চারদিকে একটি শর্করার আবরণ থাকে। এ শর্করাই Spirogyra-এর সঞ্চিত খাদ্য।উত্তর: ঘ. ফারজানার পর্যবেক্ষণকৃত শৈবালটি Spirogyra। কোনো উদ্ভিদের জীবনচক্রে গ্যামেটোফাইটিক ও স্পোরোফাইটিক পর্যায় দুটি পরপর পর্যায়ক্রমে ঘটাকে জনুক্রম বলে। Spirogyra-এর জীবনচক্রে দুটি পর্যায় আছে। একটি হলো গ্যামোটাফাইটিক বা লিঙ্গধর হ্যাপ্লয়েড পর্যায়। Spirogyra উদ্ভিদ হ্যাপ্লয়েড। কাজেই হ্যাপ্লয়েড উদ্ভিদ থেকে যে গ্যামেট তৈরি হয়, তা-ও হ্যাপ্লয়েড। দুটি হ্যাপ্লয়েড গ্যামেট একত্রে মিলিত হয়ে জাইগোস্পোর সৃষ্টি করে। জাইগোস্পোর ডিপ্লয়েড অর্থাৎ এতে zn ক্রোমোসোম আছে। ডিপ্লয়েড জাইগোস্পোরে মিয়োসিস হয়। ফলে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি হয়। চারটি নিউক্লিয়াসের মধ্যে তিনটি নষ্ট হয়ে যায় এবং একটি কর্মক্ষম থাকে। এ অবস্থায় জাইগোস্পোরের অঙ্কুরোদ্গম হয় এবং মাইটোটিক বিভাজনের মাধ্যমে একটি নতুন হ্যাপ্লয়েড Spirogyra উদ্ভিদে পরিণত হয়। উপরে চিত্রের সাহায্যে জীবনচক্রটি দেখানো হলো:কাজেই দেখা যায়, Spirogyra উদ্ভিদের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড পর্যায়টি পর্যায়ক্রমে আসে। তবে Spirogyra উদ্ভিদে সুস্পষ্ট জনুক্রম নেই। কারণ, এ ক্ষেত্রে গ্যামেটোফাইট স্বতন্ত্র উদ্ভিদ হলেও স্পোরোফাইট কোনো স্বতন্ত্র উদ্ভিদ নয়।