অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ৫ নম্বর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।# সেমাই রান্নার জন্য স্বপ্না একটি বাটিতে কিশমিশ ভিজিয়ে রেখেছে। এ সময় তার বোন কিছু রজনীগন্ধা ফুল কিনে বাসায় ফিরল। তার বোন ফুলগুলোকে একটি ফুলদানিতে রেখে দিল। সন্ধ্যার দিকে ফুলের সুগন্ধে রুমগুলো ভরে উঠল।প্রশ্ন: ক. শ্বসন কাকে বলে?প্রশ্ন: খ. ক্রেবস চক্র বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. উদ্ভিদের মাটি থেকে পানি পরিশোষণ প্রক্রিয়ার সঙ্গে স্বপ্নার কর্মকাণ্ডের মিল কোথায়? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. স্বপ্না ও তার বোনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট শারীরবৃত্তীয় প্রক্রিয়া দুটি কি ভিন্ন? বিশ্লেষণ করো।উত্তর: ক. যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয় এবং জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তিতে পরিণত হয়, তাকে শ্বসন বলে।উত্তর: খ. শ্বসনের যে বিক্রিয়া চক্রে অ্যাসিটাইল Co-A অ্যাক্সলো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং চক্র শেষে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় তৈরি হয়ে চক্রকে গতিশীল রাখে, তাকে ক্রেবস চক্র বলে। অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। ইংরেজ প্রাণরসায়নবিদ স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস এ চক্র আবিষ্কার করেন বলে তাঁর নামানুসারে একে ক্রেবস চক্র বলা হয়।উত্তর: গ. স্বপ্না বাটিতে কিশমিশ ভিজিয়ে রেখেছিল। কিশমিশের বাইরের আবরণটি একটি বৈষম্যভেদ্য ঝিল্লি। এ ঝিল্লির বাইরে পানি এবং ভেতরে আবৃত অবস্থায় আছে কিশমিশের রস। কিশমিশের বাইরের দ্রবণে পানির পরিমাণ বেশি। কিন্তু কিশমিশের ভেতরের দ্রবণে পানির পরিমাণ কম। এ অবস্থায় অন্তঃ অভিস্রবণ প্রক্রিয়ায় পানি কিশমিশের বৈষম্যভেদ্য ঝিল্লি ভেদ করে ভেতরে ঘন দ্রবণে প্রবেশ করবে। উদ্ভিদও মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি পরিশোষণ করে অভিস্রবণ প্রক্রিয়ায়। মূলরোম মাটি কণার ফাঁকে অবস্থিত কৈশিক পানি শোষণ করে। মূলরোমের ভেতরে কোষরসে বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য থাকে। তাই মাটিস্থ পানি থেকে কোষরস ঘন থাকে। মূলরোমের কোষরস ও বাইরের পানির মধ্যে ব্যাপক চাপের ঘাটতি থাকায় অভিস্রবণ প্রক্রিয়ার কোষের অভ্যন্তরে পানি প্রবেশ করে। মূলরোমের কোষরসের ব্যাপন চাপ-ঘাটতি মাটিস্থ দ্রবণের ব্যাপন চাপ-ঘাটতি অপেক্ষা বেশি হলেই পানি বৈষম্যভেদ্য ঝিল্লি অতিক্রম করে মূলরোমে প্রবেশ করে। পানি মূলরোমের অভ্যন্তরে প্রবেশের ফলে এর কোষরসের DPD কমে যায়, কিন্তু এর পাশের কর্টেক্স কোষের DPD তুলনামূলকভাবে বেশি থাকার কারণে পানি মূলরোম থেকে পার্শ্ববর্তী কর্টেক্স কোষে প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে ব্যাপিত হয়। এভাবে কোষ থেকে কোষান্তরে প্লাজমাডেসমাটার মধ্য দিয়ে পানি অন্তর্ত্বক ভেদ করে জাইলেম টিস্যুর ভেসেলে পৌঁছায়। অন্যভাবে, কোষপ্রাচীর ভেদ্য হওয়ার কারণে আন্তকোষীয় ফাঁক দিয়ে পানি সহজেই অন্তর্ত্বক পর্যন্ত পৌঁছাতে পারে এবং অন্তর্ত্বক ভেদ করে জাইলেম ভেসেলে পৌঁছায়। জাইলেম ভেসেল থেকে রস উত্তোলনের সাহায্যে পানি গাছের উপরিভাগে নীত হয়। সুতরাং, স্বপ্নার কর্মকাণ্ড (পানিতে কিশমিশ ভিজিয়ে রাখা) এবং উদ্ভিদের পানি পরিশোষণ প্রক্রিয়া একই (অভিস্রবণ প্রক্রিয়া)।উত্তর: ঘ. স্বপ্নার পানিতে কিশমিশ ভিজিয়ে রাখা—এটি অভিস্রবণ প্রক্রিয়া। স্বপ্নার বোন রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখে। পরবর্তী সময়ে রুমগুলো সুগন্ধে ভরে যায়—এটি ব্যাপন প্রক্রিয়া। নিম্নে অভিস্রবণ ও ব্যাপনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো:১. অভিস্রবণ ভৌত প্রক্রিয়া হলেও এর পেছনে জৈবিক নিয়ন্ত্রণ আছে। পক্ষান্তরে ব্যাপন সম্পূর্ণরূপে একটি ভৌত প্রক্রিয়া।২. অভিস্রবণে বৈষম্যভেদ্য ঝিল্লির প্রয়োজন। কিন্তু ব্যাপনে এ ধরনের ঝিল্লির প্রয়োজন পড়ে না।৩. অভিস্রবণ শুধু একই ধরনের দ্রাবকের মধ্যে ঘটে। কিন্তু ব্যাপন বিভিন্ন ধরনের দ্রাবকের মধ্যে ঘটে।৪. অভিস্রবণে রসস্ফীতি চাপের সৃষ্টি হয়। কিন্তু ব্যাপনে কোনো চাপের সৃষ্টি হয় না।৫. অভিস্রবণ শুধু দ্রাবক অণুর মধ্যে সংঘটিত হয়। আর ব্যাপন দ্রাব্য ও দ্রাবকের মধ্যে স্বাধীনভাবে সংঘটিত হয়, যখন দুটি দ্রবণ একত্রে মেশানো হয়।৬. অভিস্রবণ শুধু তরলে-তরলে ঘটে। পক্ষান্তরে ব্যাপন গ্যাসে-গ্যাসে, তরলে-তরলে, তরলে-গ্যাসে, কঠিন-তরলে ও কঠিন-গ্যাসে ঘটতে পারে।সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, স্বপ্না ও তার বোনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট শারীরবৃত্তীয় প্রক্রিয়া দুটি ভিন্ন