বিলাসীপ্রিয় শিক্ষার্থীরা, আজ ‘বিলাসী’ গল্পের একটি রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।প্রশ্ন: ‘বিলাসী’ গল্পে কে, কাকে এবং কেন অন্নপাপের জন্য দায়ী করেছে?উত্তর: কথাশিল্পী শরত্চন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘বিলাসী’ নামক ছোটগল্পে সমকালীন হিন্দুসমাজের সংকীর্ণ প্রথা, কুসংস্কার ও বর্ণপ্রথার নিষ্ঠুর জাঁঁতাকলে পিষ্ট সমাজবাস্তবতার প্রামাণ্য দলিল রচনা করেছেন।‘বিলাসী’ গল্পে তত্কালীন হিন্দুসমাজের প্রতিনিধি মৃত্যুঞ্জয়ের খুড়ো তার ভাইপো মৃত্যুঞ্জয়কে অন্নপাপের জন্য দায়ী করেছে।তত্কালীন রক্ষণশীল হিন্দুসমাজের বিভিন্ন কুসংস্কারের মধ্যে অন্যতম হলো ‘অন্নপাপ’ হিসেবে প্রচলিত ধারণা। মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সমাজের অস্পৃশ্য সাপুড়ে মেয়ে বিলাসী তার অকৃত্রিম ভালোবাসা, সেবা-যত্ন দিয়ে মৃত্যুর করালগ্রাস থেকে বাঁচিয়েছে। তারা ভালোবেসে বিয়ে করেছে এবং মৃত্যুঞ্জয় বিলাসীর হাতের ভাত খেয়েছে। মৃত্যুঞ্জয় ও বিলাসীর এই মিলনকে সমাজপতিরা সহজে মেনে নিতে পারেনি। তাদের ধর্মের বিধানে এ যে মহাপাপ। এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই তাদের চোখে। উচ্চবর্ণ বলে অভিহিত সম্প্রদায়ের মানুষ নিজেদের আভিজাত্য ও স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য মৃত্যুঞ্জয়কে অন্নপাপী বলে ধিক্কার দিল। গল্পকারের ভাষায়—‘লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্নপাপ, সে তো আর সত্যি সত্যিই মাফ করা যায় না।’আলোচ্য উক্তির মধ্য দিয়ে সংকীর্ণ মানসিকতা ও সমাজের হূদয়হীন নৃশংসতার পরিচয় মেলে। একই রক্তমাংসের মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, বৈষম্যের অজস্র বিভাজনরেখা সৃষ্টি করেছিল তত্কালীন সমাজপতিরা। বিলাসী ও মৃত্যুঞ্জয়ের করুণ অভিজ্ঞতায় তারই প্রকাশ ঘটেছে।