একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।# আরমান, নিত্যানন্দ, জহির ও কামাল একসঙ্গে পড়াশোনা শেষে ব্যবসায়ের সিদ্ধান্ত নেয়। মূলধনের পর্যাপ্ত জোগান ও সামর্থ্য থাকায় নিত্যানন্দ ছাড়া অন্যরা চট্টগ্রামের ষোলশহর শিল্পাঞ্চলে আরমান স্টিল লিমিটেড নামক শিল্পকারখানা গঠন করে। অন্যদিকে, নিত্যানন্দ নিত্যবাজার নামক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলে। নিত্যবাজার নামে আরও কয়েকটি শাখা হালিশহর আবাসিক এলাকা, আগ্রাবাদ বাণিজ্যক এলাকাসহ অন্যান্য স্থানে সম্প্রসারণ করেছে। কিন্তু আরমান স্টিল লিমিটেড টঙ্গি শিল্পাঞ্চলে অনুমতি পেলেও অন্য আবাসিক বা বাণিজ্যিক এলাকায় ব্যবসায় সম্প্রসারণ করতে পারেনি।প্রশ্ন: ক. শিল্প কী?প্রশ্ন: খ. পুনঃ রপ্তানি বলতে কী বোঝো?প্রশ্ন: গ. ‘নিত্যবাজার’ কোন ধরনের ব্যবসায় সংগঠন? বর্ণনা করো।প্রশ্ন: ঘ. ‘নিত্যবাজার’ ব্যবসাপ্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণ করতে পারলেও আরমান স্ট্রিল লিমিটেডের না পারার যৌক্তিকতা তুলে ধরো।উত্তর: ক. শিল্প: যে প্রক্রিয়ার সাহায্যে মানুষ প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে এর রূপান্তর ঘটিয়ে ব্যবহারের উপযোগী পণ্য বা সেবাসামগ্রী সৃষ্টি করে, তাকে শিল্প বলে।উত্তর: খ. পুনঃ রপ্তানি: এক দেশ থেকে পণ্য কিনে এনে তৃতীয় কোনো দেশে রপ্তানি করাকে পুনঃ রপ্তানি বলে।যেমন জাপান বাংলাদেশ থেকে চামড়া কিনে ইউরোপের দেশগুলোতে বিক্রয় করে। এখানে জাপান, বাংলাদেশ ও ইউরোপ—এই তিন স্থান পুনঃ রপ্তানির সঙ্গে জড়িত।উত্তর: গ. নিত্যবাজার এক মালিকানা সংগঠন। এক মালিকানা ব্যবসায় সংগঠন হলো এমন এক ধরনের ব্যবসায়, যার মালিক ও পরিচালক একই ব্যক্তি। অর্থাৎ, মুনাফা অর্জনের উদ্দেশ্যে একজন মালিক কর্তৃক মূলধন জোগানের মাধ্যমে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় সংগঠনকে এক মালিকানা ব্যবসায় সংগঠন বলে। এ ধরনের সংগঠন যেকোনো স্থানে যেকোনো পণ্যের ওপর নির্ভর করে গঠন করা যায়। কম মূলধন নিয়ে একজন ব্যক্তি দিয়েই এটি গঠিত হতে পারে।উদ্দীপকে নিত্যানন্দ কর্তৃক গঠিত ব্যবসায় সংগঠনটির নাম ‘নিত্যবাজার’। এর মালিকানা শুধু নিত্যানন্দের, অর্থাৎ একজনের। স্বল্প পুঁজি নিয়ে শিল্প এলাকায় নিত্যানন্দ এটি গড়ে তুলেছিল। পরে এই ব্যবসায়ের সম্প্রসারণ করে নিত্যবাজার আবাসিক ও বাণিজ্যিক এলাকাতেও গঠিত হতে পেরেছিল। অবস্থানগত এই সুবিধা শুধু একমালিকানা সংগঠনই পায়। বৈচিত্র্যপূর্ণ পণ্য, অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য এক মালিকানাই উপযুক্ত। উপরিউক্ত আলোচনার আলোকে নিশ্চিতভাবে বলা যায়, নিত্যবাজার নামক ব্যবসায় সংগঠনটি এক মালিকানা ব্যবসায় সংগঠন।উত্তর: ঘ. অবস্থানগত সুবিধা ভোগ করার সুযোগ না থাকায় নিত্যবাজারের মতো আরমান স্টিল লিমিটেড সারা বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণ করতে পারেনি।একজন মাত্র ব্যক্তির মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে এক মালিকানা ব্যবসার সংগঠন বলে। এ ধরনের সংগঠন স্বল্প পুঁজি নিয়ে দেশের যেকোনো স্থানে, যেকোনো পণ্যসম্ভার নিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হতে পারে। এ ধরনের সুযোগ অংশীদারি, কোম্পানি ইত্যাদির ক্ষেত্রে সীমিত। অর্থাৎ, যেকোনো স্থানে ব্যবসায় স্থাপন করার যে অবস্থানগত সুবিধা, তা এক মালিকানা সংগঠন উপভোগ করতে পারে।উদ্দীপকে আরমান স্টিল লিমিটেড একটি কোম্পানি, যা শুধু শিল্প এলাকায় স্থাপনের অনুমোদন পায়, অন্য এলাকায় নয়। তাই এটি একটি স্থানে কেন্দ্রীভূত থাকে। অন্যদিকে, নিত্যবাজার এক মালিকানা সংগঠন হওয়ায় শিল্পাঞ্চল, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকাসহ সব অবস্থানেই গঠিত হওয়ার অনুমোদন পায়। এ জন্য এর সম্প্রসারণও সহজ।অতএব, আমরা বলতে পারি, অবস্থানগত সুবিধার জন্যই নিত্যবাজার সারা বাংলাদেশে সম্প্রসারিত হতে পারলেও আরমান স্টিল লিমিটেড পারেনি।