বিলাসীপ্রিয় শিক্ষার্থীরা, আজ ‘বিলাসী’ গল্পের একটি রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।প্রশ্ন: ‘বিলাসী’ গল্পে বিলাসীর যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তা গুছিয়ে লেখো।উত্তর: কথাশিল্পী শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ই (১৮৭৬-১৯৩৮) সর্বপ্রথম সাহিত্যজগেক নিয়ে গিয়েছিলেন বাস্তবের কাছাকাছি। নির্যাতিত মানবতার অপরিসীম দরদি শরত্চন্দ্রের অকৃত্রিম সহানুভূতির ছোঁয়ায় যেসব নারীচরিত্র পাঠক হূদয়ে আসন করে নিয়েছে, ‘বিলাসী’ (১৯১৮) গল্পের বিলাসী তাদের মধ্যে অন্যতম। সামাজিক অনুশাসনের সঙ্গে মানুষের হূদয়ধর্মের যে সংঘাত, তা মূর্ত হয়ে উঠেছে বিলাসী চরিত্রের মধ্য দিয়ে।‘বিলাসী’ গল্পে বর্ণিত হয়েছে দুই ব্যতিক্রমী মানব-মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা। এ গল্পের প্রধান চরিত্র বিলাসী উনবিংশ শতাব্দীর সমাজে বিদ্যমান শ্রেণীবৈষম্য, বর্ণপ্রথা, ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অব্যবস্থার নির্মম শিকার। নিঃস্বার্থ ভালোবাসা, একনিষ্ঠ শ্রম, উদার মানবতা এবং অমিত সম্ভাবনাকে ধারণ করেও যারা শুধু শ্রেণীবৈষম্যের কারণে সমাজে অধিকারবঞ্চিত—বিলাসী তাদেরই মূর্ত প্রতীক।বিলাসী মালোপাড়ার এক অস্পৃশ্য সাপুড়ে মেয়ে। অভিজাত শ্রেণীর আচার-নিষ্ঠার ঔজ্জ্বল্য তার চরিত্রে নেই। কিন্তু তার মধ্যে আছে এক নিরহংকার সেবাব্রতী প্রাণ। জাতধর্মের চেয়ে মানুষের হূদয়বৃত্তি যে অনেক বড়, সাপুড়ে কন্যা বিলাসী তা তথাকথিত সভ্য সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিলাসিতার স্রোতে নিজেকে ভাসানোর সামর্থ্য না থাকলেও সে ছিল ফুলের মতো নির্মল, স্নিগ্ধ ও সুন্দর।সমাজের অপাঙেক্তয়, অস্পৃশ্য হলেও বিলাসীর অন্তর ছিল স্নেহ, প্রেম, মায়া-মমতার অফুরন্ত ভান্ডার। কুসংস্কারাবদ্ধ রক্ষণশীল সমাজ মানুষকে বাধা দিতে পারে; কিন্তু মানুষের অন্তরের আবেগকে রুদ্ধ করতে পারে না। তাই বিলাসী সমাজকে ভ্রুকুটি দেখিয়ে প্রেমের টানে মৃত্যুঞ্জয়কে ছিনিয়ে আনল। দীর্ঘ দিবস-রজনী তার নিঃস্বার্থ সেবায় প্রাণ ফিরে পেয়েছিল নিশ্চিত মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়। তার চোখে মুখে ফুটে উঠেছিল ক্লিষ্টতা ও ক্লান্তির মলিন ছায়া। লেখকের ভাষায়, ‘বাস্তবিক যমরাজ চেষ্টায় ত্রুটি কিছু করেন নাই, তবে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই, সে কেবল ঐ মেয়েটির জোরে।’বিলাসীর নির্ভীক প্রেমের প্রতিদানে মৃত্যুঞ্জয় জাতি, কুল, মান বিসর্জন দিয়ে বিলাসীর জন্য সমাজ ত্যাগ করল। বিলাসীর দরদে ধুয়ে মুছে গেছে মৃত্যুঞ্জয়ের জীবনের সব পরাজয়, সব গ্লানি। প্রেম যে শুধু ভোগের পেয়ালায় ঢেউ তোলে না, তা জীবনের মাধুর্য রসেও সিক্ত—এ কথা বিলাসী প্রমাণ করেছে আপন সেবার ভেতর দিয়ে। সে মৃত্যুঞ্জয়কে বশ করেনি, সে মৃত্যুঞ্জয়কে জয় করেছে। এ জয়ের গৌরবে ভাস্বর বিলাসী চরিত্র।বিলাসী একটি সাহসী চরিত্র। তাই তো নারী হয়েও ন্যাড়াকে নির্ভীক বুকভরা সাহস নিয়ে রাতের ঘন অন্ধকারে বনের মধ্যে পথ দেখিয়েছে এবং বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেছে—‘একলা যেতে ভয় করবে নাতো?’শুধু তাই নয়, নিঝুম বাগানবাড়িতে সে একাকী রাতের পর রাত নিঃসঙ্গচিত্তে মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়ের সেবা করেছে।বিলাসী ছিল সত্যের আদর্শে বলীয়ান। তাই তো শঠ ও প্রবঞ্চনায় ভরা তাবিজ-কবজ ও ঝাড়ফুঁক দিয়ে অর্থ উপার্জন করা ছিল তার চরিত্রবিরোধী। সে মৃত্যুঞ্জয়কে এ মিথ্যা ধোঁকাবাজি দিয়ে সাপ ধরতে বিরত রাখার চেষ্টা করেছে। বলেছে—‘এমন করে মানুষ ঠকিওনা, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই।’ছোট জাতের বিলাসী ছিল মহত্ মনের অধিকারী। তাই তো সে ন্যাড়াকে ভুয়া সাপুড়েবিদ্যা শিখতে বাধা দিয়েছিল এবং এ পথ পরিত্যাগের উপদেশ দিয়েছিল। তাই ন্যাড়াকে বলেছিল,‘ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না।’বিলাসী অস্পৃশ্য সমাজের মেয়ে হলেও তার হূদয় ছিল মানবিক প্রেম ও করুণায় পরিপূর্ণ। তাই সমাজের কুসংস্কারাচ্ছন্ন মানুষের নিষ্ঠুর ও অমানবিক আচরণের মুখোমুখি হয়েও অনাবিল প্রেম ও নিখুঁত ভালোবাসার টানে বলেছে—‘বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে জানো?’বিলাসী নীচু বংশে জন্মেও পদ্মের মতো বিকশিত করে তুলেছিল তার হূদয়কে। যে হূদয়ে কোনো মলিনতা নেই, আছে কর্তব্যবোধ আর আত্মসচেতনতা। অস্পৃশ্য সমাজে জন্মগ্রহণ করেও নব সংস্কৃতি ও নব আভিজাত্যের বুনিয়াদ গড়ে তুলেছিল সে।পতিভক্ত বিলাসী মৃত্যুঞ্জয়কে স্বামীর আসনে বসানোর পর নিজেকে ভাগ্যবতী মনে করেছে। স্বামীর প্রতি ছিল তার হূদয় নিংড়ানো ভালোবাসা। তাই তো সে সমাজসেবীদের নির্মম অত্যাচারের মধ্যেও বলেছিল—‘বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শেয়াল কুকুরে খেয়ে যাবে—রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না।’যে পতিকে সে জীবনের প্রতিটি পরমাণু দিয়ে তিলে তিলে জয় করেছিল, সে পতির মৃত্যুতে পতিপরায়ণা বিলাসী আত্মবিসর্জনের মধ্য দিয়ে পতিপ্রেমের অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছিল। আত্মহত্যা করে বিলাসী কেবল প্রেমের পরাকাষ্ঠাই প্রদর্শন করেনি, সে এর মধ্য দিয়ে অমানবিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।