বিলাসীপ্রিয় শিক্ষার্থীরা, আজ ‘বিলাসী’ গল্পের একটি ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।ব্যাখ্যা: টিকিয়া থাকা চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।আলোচ্য অংশটুকু বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিলাসী’ নামক ছোটগল্প থেকে সংকলিত হয়েছে।লেখক তৎকালীন ঘুণেধরা সনাতন হিন্দুসমাজের প্রতি তীব্র কটাক্ষ প্রকাশ করতে গিয়ে আলোচ্য উক্তির অবতারণা করেছেন।‘বিলাসী’ গল্পে গল্পকার সমকালীন রক্ষণশীল হিন্দুসমাজের জরাজীর্ণ সমাজব্যবস্থার অন্তঃসারশূন্যতা তুলে ধরেছেন তখনকার সমাজের নিষ্ঠুর, অশুভ চেহারা, কৌলীন্যপ্রথার বাস্তব চিত্র অঙ্কনের মধ্য দিয়ে। তৎকালীন হিন্দুসমাজ স্বার্থান্বেষী অশিক্ষিত সমাজপতিদের দ্বারা পরিচালিত হতো। তাদের বিধান অনুযায়ী সমাজের নিম্নজাতের মানুষের হাতে উঁচু জাতের মানুষ অন্ন ভোগ করলে তাকে ‘অন্নপাপ’ বলে প্রচার করা হতো। দুর্বলের ওপর অত্যাচার ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। তাই স্বার্থলোলুপ হিন্দুসমাজ ফুলের মতো নিষ্পাপ, কোমল হূদয়ের বিলাসীকে ভালোবাসার অপরাধে প্রহার করতে দ্বিধা করেনি। কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয়কে ভালোবেসে বিয়ে করেছিল সমাজ-অস্পৃশ্য সাপুড়ে মেয়ে বিলাসী। দিনের পর দিন, রাতের পর রাত সেবা-শুশ্রূষা দিয়ে মৃত্যুপথযাত্রী স্বামীকে বাঁচিয়ে তুলেছিল সে। কিন্তু তৎকালীন সমাজপতিরা একে মহাপাপ বলে তাদের ওপর নির্মম অত্যাচার করেছে। সমাজের মিথ্যা অহমিকা বজায় রাখার জন্য তাদের গ্রামছাড়া করেছে। ভালোবাসার দায়ে সমাজের নিষ্ঠুর জাঁতাকলে অকালে হারিয়ে যায় দুটি কোমল প্রাণ। নিষ্ঠুর সমাজে হূদয়ের কোনো মূল্য নেই। সমাজপতিদের এসব বিধিব্যবস্থা মানবিক মূল্যবোধের পরিপন্থী। তাই লেখকের তীব্র ক্ষোভ তাদের ওপর ঝরে পড়েছে কটাক্ষের সুরে। তিনি বলেছেন, সমাজপতিদের গায়ের জোরেই হিন্দুসমাজের এসব ঘুণেধরা রীতি কোনো রকমে টিকে আছে। কিন্তু এই টিকে থাকার মধ্যে কোনো সার্থকতা নেই। এভাবে বেঁচে থাকা তেলাপোকার মতোই, পরিবেশের প্রভাবে অতিকায় হস্তী বিলুপ্ত হয়ে গেছে। আর তেলাপোকা তুচ্ছভাবে বেঁচে আছে, যার মধ্যে বিন্দুমাত্র গৌরব নেই।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমকালীন ঘুণেধরা রক্ষণশীল সমাজব্যবস্থার নিষ্ঠুর, নির্মমতার চিত্র তুলে ধরতে গিয়ে ক্ষুদ্র নগণ্য তেলাপোকার সঙ্গে তার তুলনা করেছেন। এর মধ্য দিয়ে ফুটে উঠেছে তাঁর তীব্র ঘৃণা আর ক্ষোভ।