সারাংশপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে সারাংশ আলোচনা করবো। তোমরা ভালোভাবে অনুশীলন করবে। ১ হায় হায় জনমিয়া যদি না ফুটালেএকটি কুসুমকলি নয়ন কিরণেএকটি জীবনব্যথা যদি না জুড়ালে,বুক ভরা প্রেম ঢেলে, বিফল জীবনে,আপনা রাখিবে ব্যর্থ জীবন সাধনা,জনম বিশ্বের তরে, পরার্থে কামনা।সারাংশ: পৃথিবীতে জন্মগ্রহণ করে যদি কেউ একটি কল্যাণকর কাজ করতে না পারে, না পারে কোনো ব্যথিতের ব্যথা-বেদনা দূর করতে, তবে তার জীবন ব্যর্থ। সমগ্র বিশ্বের কল্যাণ সাধনের মধ্যেই মানবজীবনের সার্থকতা নিহিত। ২ হাস্য শুধু আমার সখা? অশ্রু আমার কেহই নয়?হাস্য করেই অর্ধজীবন করছি তো অপচয়!চলে যারে সুখের রাজ্য, দুঃখের রাজ্য নেমে আয়,গলা ধরে কাঁদতে শিখি গভীর সমবেদনায়।সুখের সঙ্গ ছেড়ে করি দুঃখের সঙ্গে বসবাস—ইহাই আমার ব্রত হউক, ইহাই আমার অভিলাষ।যেথায় ক্লান্তি, যেথায় ব্যাধি, যন্ত্রণা ও অশ্রুজল,ওরে তোরা হাতটি ধরে আমায় সেথা নিয়ে চল।পরের দুঃখে কাঁদতে শেখা তাহাই শুধু চরম নয়মহৎ দেখে কাঁদতে জানা—তবেই কাঁদা ধন্য হয়।সারাংশ: নিছক হাসি-তামাশার জন্য মানুষ সৃষ্ট হয়নি। হাস্য-তামাসা নয়; বরং গভীর সমবেদনা নিয়ে অন্যের দুঃখ-কষ্টের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করাতেই মানবজীবনের সার্থকতা। অন্যের বেদনায় ব্যথিত হয়ে মহৎ হওয়ার মধ্য দিয়েই মানবজীবন সার্থক হয়। ৩ এইসব মূঢ় ম্লান মূক মুখেদিতে হবে ভাষা, এইসব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকেধ্বনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে—মুহূর্ত তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে,যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমা চেয়ে,যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে।যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহা তখনি সেপথকুক্কুরের মতো সংকোচে সন্ত্রাসে যাবে মিশে।দেবতা বিমুখ তারে, কেহ নাহি সহায় তাহার,মুখে করে আস্ফাালন, জানে যে হীনতার আপনারমনে মনে।সারাংশ: মূর্খ ও ক্লান্ত-শ্রান্তদের সাহস জোগাতে হবে; তাদেরকে গড়ে তুলতে হবে অন্যায়ের প্রতিবাদ হিসেবে। এরা অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সংগঠিত হলে অন্যায়কারীরা পথকুকুরের মতো নিজেকে গুটিয়ে নেবে। ঐক্যবদ্ধ প্রতিরোধ ও তীব্র ঘৃণার সামনে অত্যাচারীর পরাজয় অবশ্যম্ভাবী। ৪ জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান,মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।কত মাতা দিল হূদয় উপাড়ি, কত বোন দিল সেবা,বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?কোন কালে একা হয়নি ক জয়ী পুরুষের তরবারি,প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়-লক্ষ্মী নারী।সারাংশ: যুগ-যুগান্তরে সমস্ত কল্যাণকর কাজে নারী-পুরুষ উভয়ের অবদান অনস্বীকার্য। নারী জাতি পুরুষের পাশে থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব সময় তাদের প্রেরণা জুগিয়েছে। উভয়ের সম্মিলিত প্রয়াসেই মহৎ কিছু করা সম্ভব হয়েছে।সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল