সাহিত্যে খেলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্রের সাহিত্যে খেলা কবিতার একটি প্রশ্নোত্তর আলোচনা করা হলো। উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:মানুষের একটি আশা-আকাঙ্ক্ষা হচ্ছে নিজের অনুভূতি, উপলব্ধি অন্যের কাছে প্রকাশ করা। জয়নাল আবেদীনের মতো ছবি এঁকে, রবীন্দ্রনাথের মতো কবিতা-গান লিখে নিজ হূদয়ানুভূতি ও রূপচেতনা সে অন্য মনে ছড়িয়ে দিতে চায়। এভাবে সে জগতের সব মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। চায় লাখো হূদয়ের মধ্যে বেঁচে থাকতে। এ কাজ তখনই সফল হয়, যখন রঙে-ঢঙে, আকারে-প্রকারে, ভাষায়-সুরে, ছন্দে-ইঙ্গিতে নিখুঁত রূপ বা অনুভূতি অন্যমনে প্রতিফলিত ও সঞ্চারিত করা যায়। এ কাজ যে পারে, শিল্পরাজ্যের সেই রাজা, সমাজ ধর্মের জাতপাত, বর্ণভেদ সেখানে একাকার।প্রশ্ন: ক. ‘রামায়ণ’ কে রচনা করেছেন?প্রশ্ন: খ. ‘অতি সস্তা খেলনা’ বলতে কী বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. প্রবন্ধে বর্ণিত ‘ব্রাহ্মণশূদ্রের’ সমানাধিকার ওরের অনুচ্ছেদের কোন বক্তব্যে প্রতীয়মান হয়, আলোচনা করো।প্রশ্ন: ঘ. ওপরের অনুচ্ছেদের ‘লক্ষ হূদয়ের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা’—প্রবন্ধে বর্ণিত ‘বিশ্ব মানবের সঙ্গে সম্বন্ধ পাতানোরই নামান্তর’—তোমার মতামত উপস্থাপন করো।উত্তর: ক. ‘রামায়ণ’ রচনা করেছেন বাল্মীকি।উত্তর: খ. পাঠকের মনস্তুষ্টির জন্য যে সাহিত্যকর্ম রচনা করা হয়, তাকেই ‘অতি সস্তা খেলনা’ বোঝানো হয়েছে। বাল্মীকি আদিতে মুনি-ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য নয়। এ যুগে পাঠক হচ্ছে জনসাধারণ, সুতরাং তাদের মনোরঞ্জনের জন্য খেলনা-গড়তে হবে, তা না হলে বাজারে কাটবে না। সস্তা করার অর্থ হলো খেলা করা। বৈশ্য লেখকদের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সংগত। কিন্তু খেলনা গড়ে পাঠকের মনস্তুষ্টি হলেও লেখকের মনস্তুষ্টি হতে পারে না। কারণ, পাঠকসমাজ আজ যে খেলনা আদর করে, কাল তা ভেঙে ফেলে। তাই একে লেখক ‘অতি সস্তা খেলনা’ বুঝিয়েছেন।উত্তর: গ. অনুচ্ছেদের শিল্পরাজ্যের বক্তব্যে প্রবন্ধে বর্ণিত ‘ব্রাহ্মণ শূদ্রের সমানাধিকার প্রতীয়মান হয়।শিল্পরাজ্যে খেলা করার প্রবৃত্তির মতো অধিকারও ছোট-বড় সবার সমান আছে। এমনকি এ কথা বললেও অত্যুক্তি হয় না যে এ পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ-শূদ্রের প্রভেদ নেই। রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলায় যোগ দেওয়ার অধিকার আছে।অনুচ্ছেদে শিল্পরাজ্যে সবার সমান অধিকারের কথা বলা হয়েছে। এখানে ছোট-বড় বলে কোনো প্রভেদ নেই। এখানে জাত-বর্ণ-ধর্ম কোনো পরিচয় নেই। রাজার ছেলেও সাহিত্য রচনা করে ছবি এঁকে তার মনের ভাব প্রকাশ করতে পারে। আবার প্রজা বা দরিদ্র ঘরের ছেলেও তা করতে পারে। এখানে ব্রাহ্মণ-শূদ্রের কোনো পার্থক্য নেই। সমাজ-ধর্মের জাতপাত, বর্ণভেদ সেখানে একাকার। প্রবন্ধে খেলার মাঠে এ সমানাধিকারের কথা বলা হয়েছে। পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ-শূদ্রের কোনো প্রভেদ নেই। রাজার ছেলের সঙ্গে দরিদ্র প্রজার ছেলের খেলায় যোগ দেওয়ার অধিকার আছে। এখানেই অনুচ্ছেদের বক্তব্যটি প্রতীয়মান হয়। খেলার ময়দানে যেমন ব্রাহ্মণ-শূদ্রের সমান অধিকার, শিল্পরাজ্যেও একই অধিকার প্রতিষ্ঠিত।উত্তর: ঘ. সাহিত্যের মধ্য দিয়ে বিশ্বমানবের সঙ্গে সম্বন্ধ সৃষ্টি এবং হূদয়ের মাঝে মানুষ বেঁচে থাকতে চায়। মানুষ নিজকে প্রকাশ করতে চায়। তার অন্যতম প্রধান আশা-আকাঙ্ক্ষা হচ্ছে নিজের অনুভূতি-উপলব্ধি অন্যের কাছে প্রকাশ ও প্রচার করা। জয়নুল আবেদিনের মতো ছবি এঁকে, রবীন্দ্রনাথের মতো কবিতা ও গান লিখে ও অন্য বড় শিল্পী-সাহিত্যিকদের মতো নিজের হূদয়ানুভূতি ও রূপচেতনা সে অন্য মনে ছড়িয়ে দিতে চায়। এভাবে সে বিশ্বমানবের সঙ্গে সম্বন্ধ গড়ে তুলতে চায় এবং বেঁচে থাকতে চায় লাখো হূদয়ের মাঝে। সাহিত্যের জগৎ মূলত নিছক আনন্দের জগৎ। মানব মন স্বেচ্ছায় এ আনন্দের জগতে বিচরণ করতে চায়। সাহিত্য নিয়ে খেলা করার অধিকার আমাদের সবারই আছে। কিন্তু তাই বলে তা ছেলের হাতের খেলনা নয়। মহৎ কবির সৃষ্টি সর্বজনীন আবেদনে পরিপূর্ণ। তাঁর মানসসত্তা প্রতিনিয়তই বিশ্বমানবসত্তা এবং সভ্যতার সঙ্গে নিত্যনতুন সংযোগ সাধনের সেতু নির্মাণ করে। মহৎ আদর্শ লেখকেরা সাধারণের মতো আত্মকেন্দ্রিক নন। তাঁরা সর্বজনীন এবং বিশ্বনাগরিক। তাঁদের মানসসত্তা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আবদ্ধ থাকে না। দেশ-কালের সীমারেখা পেরিয়ে, সব প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা আপন ভুবনে বিচরণ করে। একজন মহৎ লেখকের মনে প্রতিনিয়ত যে ভাবের উদয় হয়, সে ভাবকে তিনি কবিতার মাধ্যমে চিত্রিত করে ছড়িয়ে দেন বিশ্ববাসীর কাছে। ফলে কবি-মনের সঙ্গে বিশ্বমানবের নতুন সম্পর্কে সৃষ্টি হয়। রঙ্গমঞ্চে অভিনেতারা সংলাপের মাধ্যমে যেভাবে দর্শক-শ্রোতার সামনে তাঁদের মনের কথাটি তুলে ধরেন, কবি-সাহিত্যিকও সেভাবে তাঁদের সৃষ্টির মাধ্যমে পাঠকের কাছে মনের কথাটি তুলে ধরেন। কবি-মনের কথাগুলো অসংখ্য পাঠকের মনে প্রবেশ করে। এভাবে কবি মনের সঙ্গে বিশ্বমানবের সংযোগ সৃষ্টি হয়। এর একটাই লক্ষ্য, সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মধ্যে বেঁচে থাকা। যেমন জয়নুল আবেদিন বেঁচে আছেন তাঁর চিত্রকর্মে আর রবীন্দ্রনাথ বেঁচে আছেন তাঁর কবিতা ও গানে। সুতরাং, অনুচ্ছেদের ‘লক্ষ হূদয়ের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা’ প্রবন্ধে বর্ণিত ‘বিশ্বমানবের সঙ্গে সম্বন্ধ পাতানোরই নামান্তর কথাটি যথার্থ বলা যায়।